খেলারদেশ

অলিম্পিকস আয়োজনে আগ্রহী মিউনিখ

দুই জার্মানির এক হওয়ার ৫০ বছর পূর্তি স্মরণীয় করতে ২০৪০ অলিম্পিকস আয়োজন করতে চায় দেশটি।

অলিম্পিকস আয়োজনে আগ্রহী মিউনিখ
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

জার্মান অলিম্পিক স্পোর্টস কনফেডারেশন (ডিওএসবি) আয়োজিত এক অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ের ঘোষণা করেছেন অলিম্পিকস আয়োজনে আগ্রহী মিউনিখ। সেই ঘোষণায় তিনি জানান, পুরো জার্মানির জন্য এটা দারুণ একটি সুযোগ।

জার্মানির অন্যান্য শহরের সঙ্গে লড়াইয়ে প্রথম হয়ে অলিম্পিকস আয়োজনের আগ্রহ প্রকাশ করবে শহরটি। অলিম্পিকস আয়োজনে আগ্রহ প্রকাশের লড়াইয়ে ছিল জার্মানি আরেক শহর- বার্লিন। তবে গত সপ্তাহের নির্বাচনে বামপন্থীরা জয় পাওয়ায় এই দৌড় থেকে সরে গিয়েছে শহরটি।

ধারণা করা হচ্ছে, আগামী ২০৪০ অলিম্পিকস আয়োজনে আগ্রহ প্রকাশ করবে মিউনিখ। এর আগে ২০১৮ ও ২০২২ শীতকালীন অলিম্পিকস আয়োজনে আগ্রহ প্রকাশ করে ব্যর্থ হয়েছিল।

দুই জার্মানি এক হওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০৪০ সালে মিউনিখে অলিম্পিক আয়োজন করতে আগ্রহ প্রকাশ করবে দেশটি। এমনটাই জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোনাল্ড রাউহে। পাশাপাশি, ২০৪৪ অলিম্পিকস আয়োজনের জন্যও আগ্রহ প্রকাশ করবে শহরটি।

আয়োজনের পরিকল্পনা অনুযায়ী পুরো আয়োজন মিউনিখে অনুষ্ঠিত হবে না। ফুটবল ইভেন্ট স্টুটগার্টে ও জার্মানির দক্ষিণের শহর কিয়েলে আয়োজন করা হবে বেশ কয়েকটি ইভেন্ট। তবে, সেগুলো এখনও চূড়ান্ত করা হয়নি।

২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনে আগ্রহ প্রকাশের সুযোগ থাকলেও তা করবে না দেশটি। ১৯৩৬ সালে নাৎসি শাসন আমলে বার্লিনে অলিম্পিক আয়োজন করা হয়েছিল। ওই আয়োজনের শতবর্ষ পূর্ণ হবে ২০৩৬ সালে, এটাকেই আগ্রহ প্রকাশ না করার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

১৯৭২ সালে অলিম্পিকস আয়োজন করেছিল মিউনিখ। তখন পশ্চিম জার্মানির অধীনে ছিল শহরটি। সেবার গেমস ভিলেজে ঢুকে ১১ জন ইসরায়েলি অ্যাথলেটকে হত্যা করেছিল ফিলিস্তিনের ব্ল্যাক সেপ্টেম্বর নামক এক সশস্ত্র গোষ্ঠী।

উল্লেখ্য, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে পরবর্তী অলিম্পিকস আয়োজিত হবে। পরের আসর ২০৩২ সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।