খেলারদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্বে হৃদয়

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিযে নেতৃত্ব দিবেন তৌহিদ হৃদয়

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের নেতৃত্বে হৃদয়

তৌহিদ হৃদয়

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

জিম্বাবুয়ে সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) পুরো আসরে খেলার অনাপত্তিপত্র পাওয়ায় এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ও অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। লিটনের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।

বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররা জিম্বাবুয়ে সফর শেষ করে এলপিএলে যোগ দিলেও, লিটন ও তাসকিনকে শুরু থেকেই খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। উল্লেখ্য, শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হবে আগামী ১৭ জুলাই।

দলে চমক: মোসাদ্দেক ও ইয়াসিরের প্রত্যাবর্তন ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে মোসাদ্দেক হোসেন ও ইয়াসির আলি চৌধুরির প্রত্যাবর্তন। বিপিএলে পারফরম্যান্স আশানুরূপ না হলেও মূলত জাতীয় লিগ টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করায় নির্বাচকদের নজর কেড়েছেন তাঁরা। জাতীয় লিগে মোসাদ্দেক ১৬০ স্ট্রাইক রেটে ১৭৬ রান ও ৬টি উইকেট নেন। অন্যদিকে, ইয়াসির ১৩৯.৭১ স্ট্রাইক রেটে করেন ১৯৭ রান।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার এই দুজনকে দলে নেওয়ার পেছনে এক ধরনের 'ঝুঁকি' বা 'সুযোগ' নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানান, শীর্ষ ছয় ব্যাটসম্যানের কেউ বল করে না, তাই মোসাদ্দেককে একজন কার্যকর অলরাউন্ডার এবং বাড়তি বোলিং অপশন হিসেবে দলে নেওয়া হয়েছে। আর পাঁচ-ছয়-সাত নম্বরে বড় শট খেলে বাউন্ডারি ক্লিয়ার করতে পারে, এমন পাওয়ার হিটারের খোঁজে ইয়াসির আলিকে সুযোগ দেওয়া হয়েছে।

বাদ পড়লেন শামীম ও সৌম্য টানা অফ-ফর্মের কারণে দল থেকে ছিটকে গেছেন শামীম হোসেন ও সৌম্য সরকার। বিশেষ করে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ও ফিনিশার হিসেবে পরিচিত শামীমের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক স্পষ্ট বার্তা দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজে ৩ ইনিংসে মাত্র ৮ রান করা শামীমের শেষ ১০ ইনিংসের ৮টিতেই রান ছিল দুই অঙ্কের নিচে। হাবিবুল বাশার বলেন, শামীম একদমই রান করছিল না। ও বাদ পড়েছে মানেই বাতিল নয়। আশা করি হতাশ না হয়ে ও রানে ফিরবে।

অন্যদিকে, অস্ট্রেলিয়া সিরিজে লিটনের পরিবর্তে সুযোগ পেয়েও দুই ম্যাচে ১৫ ও ১৭ রান করে ব্যর্থ হন সৌম্য সরকার। শামীম ও সৌম্যর জায়গায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ সাইফ উদ্দিন।

সিরিজের সূচি: জিম্বাবুয়ের বুলাওয়াওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ জুলাই।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।