ভারতকে হারিয়ে আইরিশদের রেকর্ড
ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের, টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে ৩৪ রানে হারাল। সব সংস্করণ মিলিয়ে ভারতের বিপক্ষে ১২ ম্যাচে এটিই আইরিশদের প্রথম জয়।

সব ধরনের ম্যাচ মিলে ভারতের বিপক্ষে আইরিশদের প্রথম জয়
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো ভারতকে হারানোর ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। বেলফাস্টে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ রানের জয়ে স্বাগতিকরা বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে চমকে দিয়েছে।
আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮২ রান তোলে আয়ারল্যান্ড। অধিনায়ক লরকান টাকার ৫০ ও গ্যারেথ ডেলানির ৩২ বলে ৪৯ রানের ইনিংস ভারতকে লড়াকু চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। ভারতের হয়ে চোট কাটিয়ে ফেরা হর্ষিত রানা দুর্দান্ত বোলিং করেন, ২৪ রানে তুলে নেন ৩ উইকেট।

লরকান টাকার ও গ্যারেথ ডেলানির গুরুত্বপূর্ণ ৬৪ রানের জুটি
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। মাত্র ২০ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন অভিষেক শর্মা। তবে তাঁকে ফিরিয়ে দেওয়ার পর দ্রুত নিয়ন্ত্রণ হারায় সফরকারী দল।
অভিষেকের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। অভিষেককে অফে একের পর এক বাউন্ডারি মারার সুযোগ পেলেও আইরিশ বোলাররা পরবর্তীতে লাইন পরিবর্তন করেন। অভিষেক এতে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দেন।
অভিষেক শর্মা বাদে আর কোনো ভারতীয় ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেন নি। সঞ্জু স্যামসন ৫, ইশান কিষানও মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন; অধিনায়ক শ্রেয়াস আইয়ার করেন মাত্র ৩ রান। তিলক ভার্মা ও ওয়াশিংটন সুন্দর ও শিবাম দুবে কিছুটা প্রতিরোধ গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও তাঁরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১৪৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।
আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেকে দারুণ পারফরম্যান্স করেন দুই পেসার ম্যাট হলার্ড ও জয় মুন্দ্রা। হলার্ড ২৮ রানে তুলে নেন ৩ উইকেট, আর বাঁহাতি পেসার মুন্দ্রা ২৬ রানে শিকার করেন ২ উইকেট।

ম্যাট হলার্ড ও জয় মুন্দ্রা
জয় মুন্দ্রার পরিবার ও বন্ধুরা গ্যালারিতে উপস্থিত ছিলেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড—"মুন্দ্রা হ্যায় তো মুমকিন হ্যায়"। গ্যালারির প্রতিফলন মাঠেও পাওয়া যায়। অভিষেক ম্যাচে মুন্দ্রা বোলিং স্পেল শুরু করেন স্বপ্নের মতো, প্রথম ওভারেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরের সেরা খেলোয়াড় সঞ্জু স্যামসনকে বোল্ড আউট করেন।
অন্য অভিষিক্ত বোলার ম্যাট হলার্ডের জন্য দিনটি আরও স্মরণীয় হয়ে থাকবে। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের দ্বিতীয় বলেই তিনি ইশান কিষানকে আউট করেন। শ্রেয়াস আইয়ারকে তিনিই সাজঘরে ফেরান।
যদিও ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের শুরুটা ছিল নড়বড়ে। পাওয়ার-প্লে শেষে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৬ রান। সেখান থেকে অধিনায়ক টাকার ক্রিজ কামড়ে থেকে ধৈর্যের সঙ্গে ইনিংস গড়েন। প্রথম ১১ বলে মাত্র ৫ রান করলেও উইকেট আগলে রেখে শেষ পর্যন্ত ৩৫ বলে নিজের অর্ধশতক পূর্ণ করে নেন। অধিনায়ক হিসেবে প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচেই অর্ধশতক করা প্রথম পুরুষ ক্রিকেটারও হন লরকান টাকার।
বেলফাস্টে পেসারদের জন্য দৃশ্যমান সুইং ও সিম মুভমেন্ট থাকলেও, হর্ষিত রানা নিজের পরিকল্পনামাফিক শর্ট লেংথে বল করে সাফল্য পান। পাওয়ারপ্লে-তে ইয়র্কার, ব্লকহোলে বল করার চেষ্টা করেন। শেষে—ধীরগতির এক ব্রহ্মাস্ত্রে পরাস্ত করেন টাকারকে। টাকার দারুণভাবে টাইম করলেও সেটি সরাসরি ফিল্ডারের হাতে গিয়ে জমা পড়ে। হাঁটুর চোটের কারণে চার মাস মাঠের বাইরে থাকার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে রানা ২৪ রানে ৩ উইকেট নেন।

হর্ষিত রানা
হর্ষিত রানা প্রথম স্পেলে দুর্দান্ত বোলিং করলেও ডেথ ওভারে এসে ভারতের বোলাররা ছন্দ হারায়। ১৬তম ওভারে ওয়াশিংটন সুন্দর ১৯ রান দেন। ১৭তম ওভারে খরচ করেন ২৭ রান প্রসিদ্ধ কৃষ্ণ, যিনি শেষ পর্যন্ত ৫৭ রান দিয়েও কোনো উইকেট পাননি। যদিও শেষ তিন ওভারে অক্ষর প্যাটেল ও আর্শদীপ সিং রান কিছুটা আটকে রাখেন। কিন্তু ততক্ষণে আয়ারল্যান্ড বড় সংগ্রহ করে শক্ত ভিত গড়ে ফেলেছিল।
ম্যাচের আগে কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেক নিয়ে জোর আলোচনা ছিল। তবে তাকে একাদশে রাখা হয়নি। ম্যাচের ফলাফলের কারণে সেই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ম্যাচ সেরা নির্বাচিত হন ম্যাথিউ হোলার্ড। এই ঐতিহাসিক জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক আয়ারল্যান্ড। এবং এই জয়ের মাধ্যমে শুধু একটি ম্যাচ নয়, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম জয়ও তুলে নিল আয়ারল্যান্ড।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।