মেয়েদের টি২০ বিশ্বকাপের সপ্তম স্বর্গে অস্ট্রেলিয়া
মেয়েদের টি২০ বিশ্বকাপের সপ্তম স্বর্গে অস্ট্রেলিয়া। ১০ চারে ৪৯ বলে ৬৪ রান করে ফাইনালের সেরা হন বেথ মুনি।

মেয়েদের টি২০ বিশ্বকাপের সপ্তম স্বর্গে অস্ট্রেলিয়া
মেয়েদের টি২০ বিশ্বকাপ মানেই অস্ট্রেলিয়ার দাপট। সেই দাপট ধরে রেখে অযি মেয়েরা সপ্তমবারের মতো শিরোপা জিতে নিয়েছে; এটি ছিলো দশম আসর।
আর ইংল্যান্ডের মেয়েরা ২০০৯ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হবার পরে কয়েকবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি। বিশ্বকাপের ট্রফি খড়া কাটানোর সুযোগ ছিলো দেশের মাটিতে, এবারের আসরে। কিন্তু অযি মেয়েদের কাছে ফাইনালে অসহায় আত্মসমর্পণ করেছে ইংল্যান্ড।
ক্রিকেট তীর্থ লর্ডসে, রৌদ্রোজ্জ্বল দিনে, ফাইনালে টস জিতে স্বাগতিক দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার এমি জোনস ও ড্যানি ওয়্যাট-হজকে দলীয় ৩২ রানে প্যাভিলিয়নে ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেন বোলাররা। পাওয়ার প্লেতে মাত্র ৩৯ রান তুলতে পারে ইংরেজরা।
অ্যালিস ক্যাপসিকে নিয়ে অধিনায়ক ন্যাট শিভার-ব্রান্ট প্রতিরোধ গড়লেও, অযি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত রান তুলতে পারেননি। ক্যাপসি ২০ বলে ২৩ রান করে সোফি মলিনাক্সকে উইকেট দেন। শিভার-ব্রান্ট ৫৮ রানে অপরাজিত থাকলেও বল খেলেছেন ৫৩টি!
শেষ দিকে ফ্রেয়া কেম্প খানিকটা ঝড় তুলেছিলেন বলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান তুলতে পারে ইংল্যান্ড। চারটি চার ও এক ছক্কায় ২৮ বলে ৪৪ রানের ইনিংস খেলেন কেম্প।
মাত্র ১৫১ রানের লক্ষ্য পেরোতে অযি মেয়েদের সামান্যতম বেগও পেতে হয়নি। দ্বিতীয় ওভারের শেষ বলে জর্জিয়া ভলকে হারালেও বেথ মুনি ও ফিবি লিচফিল্ড সেই ধাক্কা একটুও বুঝতে দেননি।
দ্বিতীয় উইকেটে ঠিক ১০০ রানের জুটি গড়ে মুনি ও লিচফিল্ড ইংরেজ মেয়েদের কাছ থেকে জয়ের সব স্বপ্ন ছিনিয়ে নেন। ব্যক্তিগত অর্ধশত থেকে মাত্র ২ রান দূরে থাকতে চার্লি ডিনের বলে বোল্ড হন লিচফিল্ড; ৩৫ বলের ইনিংসে ৬টি চারের সঙ্গে দুটি ছক্কা হাঁকান তিনি। আর ১০ চারে ৪৯ বলে ৬৪ রান করে ফাইনালের সেরা হন বেথ মুনি।

১০ চারে ৪৯ বলে ৬৪ রান করে ফাইনালের সেরা হন বেথ মুনি
৭ উইকেট হাতে রেখে, ১৭ বল বাকি থাকতেই টি২০ বিশ্বকাপের ইতিহাসে সপ্তম স্বর্গে পৌঁছায় অস্ট্রেলিয়া। তারকা অলরাউন্ডার অ্যালিস পেরি অপরাজিত থাকেন ১৩ রান করে।
ফাইনালের মতো টুর্নামেন্টেরও সেরা হয়েছেন বেথ মুনি। ৫ ম্যাচে ১৪ উইকেট নিয়ে এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি ইন্ডিয়ার স্পিনার শ্রী চরনি। আর ৩০২ রান করে সর্বাধিক রানের মালিক ইংল্যান্ডের ড্যানি ওয়্যাট।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।