ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে চান না সাকিব
সাবেক সতীর্থ তামিম ইকবালকে নতুন ভূমিকায় দারুণ সফল দেখতে চান তিনি। একসময় দুজন ছিলেন দলের সবচেয়ে প্রভাবশালী দুই স্তম্ভ।

সাকিব আল হাসান
ভবিষ্যৎ বা অবসরোত্তর পরিকল্পনা নিয়ে খুব একটা ভাবতে রাজি নন সাকিব আল হাসান। আপাতত মাঠের খেলা উপভোগ করা এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নজর রাখাই তার প্রধান লক্ষ্য। তবে সাবেক সতীর্থ তামিম ইকবালকে নতুন ভূমিকায় দারুণ সফল দেখতে চান তিনি। একসময় দুজন ছিলেন দলের সবচেয়ে প্রভাবশালী দুই স্তম্ভ।

সাকিব আল হাসান ও তামীম ইকবাল
সাকিব এখনও খেলা চালিয়ে গেলেও তামিম এখন বিসিবি সভাপতি। বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের কাজ দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তামিম। সাবেক সতীর্থের এই ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন, ‘কেমন করবে সেটা বলা মুশকিল, একটা সময় পর এনালাইসিস করতে পারবেন। তবে আমি আশা করি ভালো করবে।’
ভবিষ্যতে নিজের বিসিবিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নে টাইগার অলরাউন্ডার জানান, ‘আসলে জীবন কোথায় নিয়ে যায়, এটা বলা বড় মুশকিল। কী আসবে না আসবে জানি না। বলাও মুশকিল- পরবর্তী ২-৫ বছরে কী হবে। এ কারণে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করতে চাই না। ক্রিকেট উপভোগ করছি, এটাতেই মনোযোগ রাখার চেষ্টা করছি।' এমনকি খেলোয়াড়ি জীবন শেষে কী করবেন, তা নিয়েও আগাম কিছু ভাবছেন না তিনি, ‘এটা বলা মুশকিল। এখনও ওগুলো নিয়ে চিন্তা করিনি—কী হতে চাই বা কী হতে পারি। এখনও ক্রিকেটেই মনোযোগ। ক্যারিয়ার শেষ হলে চিন্তা করা যাবে।'
আপাতত বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো চুটিয়ে উপভোগ করাই সাকিবের একমাত্র মনোযোগ। তিনি বলেন, ‘ওরকম কোনো ভাবনা নেই। যখন যে লিগ বা সুযোগ আসছে, সেটাতেই ফোকাস করছি। যেমন এখন এলপিএলেই সব মনোযোগ। সামনে যখন কোনো লিগ আসবে সেটা নিয়ে চিন্তা করব। উপভোগ করছি, এ কারণেই খেলে যাচ্ছি।'

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।