খেলারদেশ

ক্রিকেটার মিরাজকে দলের বেশি প্রয়োজনঃ তামিম ইকবাল

ক্রিকেটার মিরাজকে দলের বেশি প্রয়োজনঃ তামিম ইকবাল
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ওয়ানডেতে সাম্প্রতিক সাফল্যের পরও মেহেদি হাসান মিরাজকে সরিয়ে দিয়েছে বিসিবি। তাকে সরিয়ে দেওয়ার পর বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, মিরাজকে ক্রিকেটার হিসেবে দলের বেশি প্রয়োজন।

বুধবার মিরপুরে বিসিবি সভা শেষে এই মন্তব্য করেন তিনি।

টি-টোয়েন্টির পর ওয়ানডে সংস্করণের দায়িত্ব পাওয়ায় সাদা বলে বাংলাদেশের নেতৃত্বভার উঠল লিটন দাসের কাঁধে। লাল ও সাদা বলে দুই অধিনায়কের কাছে নেতৃত্বভার থাকা উচিত বলে মনে করেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, “তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক ছিল। আমি বিশ্বাস করি, দুইজন অধিনায়ক থাকা উচিত— সাদা এবং লাল বলের জন্য।”

সবশেষ পাঁচ ওয়ানডে সিরিজের চারটিতে মিরাজের অধিনায়কত্বে জয়ের পরও তাকে সরিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করেন তামিম। অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্সে থাকা ঘাটতির কথাও মনে করিয়ে দেন।

“মিরাজ একজন অত্যন্ত সফল অধিনায়ক ছিলেন। গত পাঁচ সিরিজের মধ্যে চারটিতে জিতেছেন। কিন্তু, আমি মনে করি, মিরাজকে একজন ক্রিকেটার হিসেবে আমাদের বেশি প্রয়োজন। পারফর্মার হিসেবে তাকে যে লেভেলে দেখতে অভ্যস্ত, সেখানে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছিল। বিশেষ করে, ব্যাটিংয়ে ভালো করলেও বোলিংয়ে আরও উন্নতির জায়গা আছে।”

তামিম মনে করেন, অধিনায়কত্বের দায়িত্বভার মিরাজের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। সেই দিকটাও বিবেচনায় নিয়েছে বিসিবি।

এ নিয়ে বলেন, “আমরা তাকে ক্রিকেটার হিসেবে বেশি মূল্যায়ন করছি। বাইরের নানান ঝামেলা হয়তো তার ওপর প্রভাব ফেলছিল। সে ভালো করেছে, কিন্তু আমরা চাই তার পারফরম্যান্স সেরা পর্যায়ে থাকুক।”

“মিরাজ যখন পুরোপুরি ছন্দে ফিরবে, বাংলাদেশ অনেক ম্যাচ জিতবে। আমি তার সঙ্গে কথা বলেছি এবং সে বিষয়টি বুঝতে পেরেছে।”

মিরাজকে সরিয়ে দেওয়ায় এখন ফের দুই অধিনায়কের যুগে ফিরল বাংলাদেশ। ভবিষ্যতে তিন সংস্করণে এক অধিনায়ক রাখার মতো সিদ্ধান্ত আসতে পারে, এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন।

“তিন ফরম্যাটে তিন অধিনায়ক রাখার চেয়ে, দুই অধিনায়ক রাখা বেশি লজিক্যাল মনে হয়েছে। ভবিষ্যতে হয়তো একজন অধিনায়কও হতে পারে।”

“আমরা দুই অধিনায়ক তত্ত্বে বিশ্বাস করছি, যাতে তারা সঠিকভাবে পরিকল্পনা করতে পারে।”

এছাড়া দিন কয়েক আগে টি-টোয়েন্টির সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া তাওহিদ হৃদয়, এখন থেকে ওয়ানডে দলেও একই দায়িত্বে থাকবেন। আর লাল বলের সহ-অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজ তার দায়িত্ব চালিয়ে যাবেন।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।