খেলারদেশ

রিয়াল মাদ্রিদ ব্রেকিং নিউজ

ভিনি-রিয়ালের সম্পর্কে নতুন মোড়

ভিনি-রিয়ালের সম্পর্কে নতুন মোড়। দীর্ঘ কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে। ২০৩০ পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস। বছরে সর্বোচ্চ €৩০ মিলিয়নের চুক্তির দ্বারপ্রান্তে ব্রাজিলিয়ান তারকা।

ভিনি-রিয়ালের সম্পর্কে নতুন মোড়

ভিনি-রিয়ালের সম্পর্কে নতুন মোড়

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

অনেকদিন যাবতই গুঞ্জন চলছিল ভিনিসিয়ুস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদের মধ্যে সম্পর্ক নিয়ে। নতুন মৌসুম, নতুন কোচ, আর নতুন খেলোয়াড় কেনার গতি দেখে অনেকেই ধারণা করছিলেন, ভিনিকে শেষমেশ বিক্রিই করতে চায় রিয়াল মাদ্রিদ।

আজ দুপুর পর্যন্তও ধারণাটা নেতিবাচক ছিল। কেননা ইয়ান দিওমান্দেকে ১১৫-১২০ মিলিয়ন ইউরোতে কেনার অনানুষ্ঠানিক প্রস্তুতি শেষের দিকে। এছাড়া রদ্রি বা ওলিসেকেও দলে ভেড়াতে হলেও গুনতে হবে বিপুল অংকের টাকা। উয়েফার ট্রান্সফার ও স্কোয়াডের নিয়ম মেনে সেক্ষেত্রে রিয়ালকেও বিক্রি করতে হবে ও লোনে পাঠাতে হবে কয়েকজন খেলোয়াড়।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভিনি ও রিয়ালের সম্পর্ক এখনই শেষ হচ্ছে না। দীর্ঘ কয়েক মাসের জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে। ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তির খুব কাছাকাছি আছেন। ইএসপিএন-এর একাধিক সূত্রের দাবি, চলতি সপ্তাহে ভিনির এজেন্টের সঙ্গে ক্লাব কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ বৈঠকের পর দুই পক্ষ চুক্তির শর্তে প্রায় একমত হয়েছে।

Image

সবকিছু ঠিক থাকলে ভিনিসিয়ুসের নতুন চুক্তির মেয়াদ হবে ২০৩০ সালের জুন পর্যন্ত। এই চুক্তি কার্যকর হলে তিনি রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার হয়ে উঠবেন। নতুন চুক্তিতে ভিনিসিয়ুস প্রতি মৌসুমে €২০ মিলিয়ন বেতন পাবেন। আর ব্যক্তিগত পারফরম্যান্স, দলীয় সাফল্য এবং বিভিন্ন পুরস্কার অর্জনের ওপর ভিত্তি করে এই অঙ্ক পৌঁছাতে পারে €৩০ মিলিয়ন ইউরো পর্যন্ত। অর্থাৎ রিয়াল মাদ্রিদ বোনাস-ভিত্তিক বেতন কাঠামো তৈরি করেছে। যাতে ক্লাবের বেতন কাঠামোর ভারসাম্য বজায় রেখেও ভিনিসিয়ুসের আর্থিক চাহিদার বড় অংশ পূরণ করা যায়।

২০২৩/২৪ মৌসুমের ফিফা বেস্ট মেন'স প্লেয়ার পুরস্কার হাতে ভিনি

২০২৩/২৪ মৌসুমের ফিফা বেস্ট মেন'স প্লেয়ার পুরস্কার হাতে ভিনি

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত আছে। তবে ২০২২ সালের চুক্তির পর তার ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছেছে। এর মধ্যে তিনি ফিফা বেস্ট মেন'স প্লেয়ার পুরস্কার জিতেছেন, ব্যালন ডি'অর ভোটে রানার-আপ হয়েছেন, রিয়াল মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকাদের একজনে পরিণত হয়েছেন। ফলে তার বাজারমূল্য ও পারিশ্রমিকের দাবি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

২০২৩/২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্নের বিপক্ষে গোল উদযাপন

২০২৩/২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্নের বিপক্ষে গোল উদযাপন

রিয়াল মাদ্রিদ অবশ্য এককালীন বিশাল বেতন দিতে রাজি ছিল না। কারণ ক্লাবটি দীর্ঘদিন ধরেই কঠোর বেতন কাঠামো অনুসরণ করে আসছে। তাই সমাধান হিসেবে বেছে নেওয়া হয়েছে পারফরম্যান্স-নির্ভর বোনাস মডেল। ইএসপিএন-এর তথ্য অনুযায়ী, এই চুক্তির কাঠামো অনেকটাই গত মৌসুমে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে করা চুক্তির আদলে তৈরি। মূল বেতন তুলনামূলক নিয়ন্ত্রিত রাখা হলেও বিভিন্ন পারফরম্যান্স বোনাস যোগ করে মোট আয়ের পরিমাণ অনেক বেশি করার সুযোগ রেখেছে লস ব্লাংকোস। এর ফলে দুই পক্ষই নিজেদের অবস্থানে সন্তুষ্ট থাকতে পারছে।

২০২১/২২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের সঙ্গে জয়সূচক গোল করেন ভিনি

২০২১/২২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের সঙ্গে জয়সূচক গোল করেন ভিনি

যদিও ২০২৪ সালে সৌদি প্রো লিগের একটি বিশাল অঙ্কের প্রস্তাব নিয়ে ভিনিসিয়ুসের নাম ব্যাপক আলোচনায় আসে। জানা যায়, সে সময় ব্রাজিলিয়ান তারকা প্রস্তাবটি গুরুত্বের সঙ্গেই বিবেচনা করেছিলেন। তবে গত ডিসেম্বরের পর থেকে সৌদি আরবের পক্ষ থেকে আর নতুন করে যোগাযোগ করা হয়নি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা নিয়মিত ও ইতিবাচকভাবেই এগিয়েছে। ফলে এখন সৌদি আরবে যাওয়ার সম্ভাবনা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক কম।

এছাড়াও আর্সেনাল নীরবে ভিনিসিয়ুসের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। ইংলিশ ক্লাবটি তার প্রতি আগ্রহী বলেও জানায়। তবে খেলোয়াড়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, এখন পর্যন্ত আর্সেনালের পক্ষ থেকে ভিনি বা তার এজেন্টের সঙ্গে কোনো আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক যোগাযোগ হয়নি। লিভারপুলও অপেক্ষা করছিল ২০২৭ সালে তাকে ফ্রিতে দলে ভেড়ানোর জন্য।

২০২৩/২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ডর্টমুন্ডের বিপক্ষে গোলের পর

২০২৩/২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ডর্টমুন্ডের বিপক্ষে গোলের পর

উল্লেখ্য, গত মৌসুমে লা লিগায় ভিনিসিয়ুস ২৮ ম্যাচে ১১টি গোল করেন। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য তিনি ছিলেন দুর্দান্ত। ১২ ম্যাচে করেন ৮টি গোল। তবে মৌসুমজুড়ে তার ধারাবাহিকতা নিয়ে কিছু সমালোচনাও ছিল। সেই কারণেই নতুন চুক্তিতে বড় অংশের অর্থ পারফরম্যান্স-ভিত্তিক রাখা হয়েছে, যাতে মাঠের সাফল্যের সঙ্গে তার আয়ও বাড়ে।

২০১৮ সালে ফ্লামেঙ্গো থেকে কিশোর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। এরপর তিনি ৩টি লা লিগা, ২টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। সবচেয়ে বড় বিষয়, দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেই গোল করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

নতুন চুক্তি সম্পন্ন হলে ২৯ বছর বয়স পর্যন্ত সান্তিয়াগো বার্নাবেউতেই থাকার পথ তৈরি হবে তার। নিজের ক্যারিয়ারের সেরা সময়টুকু রিয়াল মাদ্রিদের জার্সিতেই কাটানোর সম্ভাবনা এখন সবচেয়ে বেশি। যদিও চুক্তির কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তির খবর ঘোষণা করবে রিয়াল মাদ্রিদ। এতে ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনাও অটুট থাকবে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।