খেলারদেশ

ভোজিনিয়া

৩ ম্যাচ বেঞ্চের পর ভোজিনিয়ার অভিষেক

বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের তারকা গোলরক্ষক ভোজিনিয়ার কলো-কলোতে অভিষেক

৩ ম্যাচ বেঞ্চের পর ভোজিনিয়ার অভিষেক

ভোজিনিয়া

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

কেপ ভার্দের বিশ্বকাপ অভিষেকে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় আসা গোলরক্ষক ভোজিনিয়া অবশেষে চিলির অন্যতম বড় ক্লাব কলো-কোলোর হয়ে মাঠে নামলেন। বুধবার কোপা চিলির ম্যাচে ইউনিয়ন এস্পানিওলার বিপক্ষে প্রথমবার কলো-কোলোর জার্সি পরেন ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক।

ভোজিনিয়ার আসল নাম জোসিমার এভোরা দিয়াস। কলো-কোলো ২৪ জুলাই তার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছিল। কিন্তু কাগজপত্রের জটিলতা ও ব্যক্তিগত কিছু কারণে চিলিতে তার যোগ দিতে দেরি হয়। শেষ পর্যন্ত ২ আগস্ট দক্ষিণ আমেরিকার দেশটিতে পৌঁছান তিনি।

চিলিতে পা রাখার পরই দলের অনুশীলনে যোগ দেন ভোজিনিয়া। তখন কলো-কোলো ঘরোয়া লিগের শীর্ষে ছিল। দ্বিতীয় স্থানে থাকা ইউনিভার্সিদাদ দে চিলির চেয়ে তাদের ব্যবধান ছিল ১৩ পয়েন্ট।

চিলিতে আসার পর তিন ম্যাচ দলে ছিলেন ভোজিনিয়া। কিন্তু বেঞ্চে। এর মধ্যে গত রবিবার জাতীয় স্টেডিয়ামে ইউনিভার্সিদাদ দে চিলির বিপক্ষে ‘সুপারক্লাসিকো’ ম্যাচও ছিল। তবে সেই ম্যাচে বেঞ্চেই বসে থাকতে হয় তাকে।

Image

কলো-কোলোর মূল একাদশে জায়গা পাওয়া অবশ্য সহজ হবে না। নিয়মিত গোলরক্ষক ফার্নান্দো দে পল চোটে থাকায় ১৯ বছর বয়সী গ্যাব্রিয়েল মাউরেইরা এখন দলের প্রথম পছন্দ। সুপারক্লাসিকোতে দুর্দান্ত পারফরম্যান্স করে কোচের আস্থাও অর্জন করেছেন একাডেমি থেকে উঠে আসা এই তরুণ।

কোচ ফার্নান্দো অর্তিসও পরিষ্কার করে দিয়েছেন, বড় নাম বলে ভোজিনিয়াকে সরাসরি একাদশে জায়গা দেওয়া হবে না। যোগ্যতার ভিত্তিতেই ঠিক হবে কে গোলপোস্টের নিচে দাঁড়াবেন।

পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের হয়ে খেলা শেষ করে কলো-কোলোতে যোগ দিয়েছেন ভোজিনিয়া। এর আগে বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে নজর কেড়েছিলেন তিনি। উরুগুয়ে, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেন এবং লিওনেল মেসির আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে বিশ্বজুড়ে পরিচিতি পান।

Image

শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কেপ ভার্দে। তবে টুর্নামেন্টে ভোজিনিয়ার পারফরম্যান্স তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।

বিশ্বকাপ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনিয়ার অনুসারী ছিল ৫০ হাজারেরও কম। টুর্নামেন্ট শেষ হওয়ার পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯০ লাখের বেশি।

এবার নতুন ক্লাব কলো-কোলোতে নিজের জায়গা পাকাপোক্ত করার চ্যালেঞ্জ ৪০ বছর বয়সী ভোজিনিয়ার সামনে। বিশ্বকাপে আলো ছড়ানোর পর ক্লাব ফুটবলেও একইভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন কি না, সেটাই এখন দেখার।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।