ক্যাসেমিরো ট্রান্সফার
কাসেমিরোকে নিয়ে বিপাকে ইন্টার মায়ামি
কাসেমিরোকে দলে ভিড়িয়েই বিপাকে ইন্টার মায়ামি, তদন্ত শুরু এমএলএসের

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে নেওয়ার ঘোষণা দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই তদন্তের মুখে পড়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকার (এমএলএস) জানিয়েছে, ক্লাবটির বিরুদ্ধে সম্ভাব্য "ট্যাম্পারিং" (নিয়মবহির্ভূত যোগাযোগ বা হস্তক্ষেপ)-এর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

৩৪ বছর বয়সী কাসেমিরো, যিনি গত মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করেছেন। চুক্তিতে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোরও একটি অপশন রয়েছে। তবে চুক্তির ঘোষণার পরই এমএলএস এক বিবৃতিতে জানায়, "লিগ বর্তমানে ইন্টার মায়ামির বিরুদ্ধে ট্যাম্পারিংয়ের অভিযোগ পর্যালোচনা করছে। সব প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।"
তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমএলএসের "ডিসকভারি রাইটস" নিয়ম। এই নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি খেলোয়াড়কে এমএলএসে আনার ক্ষেত্রে একটি ক্লাব প্রথম আলোচনার অধিকার সংরক্ষণ করতে পারে। প্রতিটি ক্লাব সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়কে তাদের ডিসকভারি তালিকায় রাখতে পারে। কাসেমিরোর ক্ষেত্রে এই অধিকার ছিল এলএ গ্যালাক্সির।
ইন্টার মায়ামি জানিয়েছে, তারা গ্যালাক্সির কাছ থেকে সেই অধিকার অর্জন করেছে। তবে এমএলএস এখন খতিয়ে দেখছে, অধিকার হস্তান্তরের আগেই কোনো অনিয়মিত যোগাযোগ বা আলোচনা হয়েছিল কি না। এলএ গ্যালাক্সিও এক বিবৃতিতে জানিয়েছে যে, দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে এবং তদন্ত শেষ হলে সেই চুক্তির শর্ত প্রকাশ করা হবে।

জানুয়ারিতেই কাসেমিরো ঘোষণা দিয়েছিলেন যে, চুক্তি নবায়ন না করার পারস্পরিক সিদ্ধান্তের পর তিনি মৌসুম শেষে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়বেন। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করা এই মিডফিল্ডার ২০২২ সালে ইউনাইটেডে যোগ দেন। ইংলিশ ক্লাবটির হয়ে তিনি ১৬০ ম্যাচে ২৬ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেন এবং জেতেন একটি এফএ কাপ ও একটি ইএফএল কাপ। ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিলের হয়ে প্রতিটি ম্যাচে শুরুর একাদশে খেলেছিলেন কাসেমিরো। যদিও ব্রাজিল শেষ ষোলো থেকেই বিদায় নেয়।

নিজের নতুন অধ্যায় নিয়ে কাসেমিরো বলেন, "আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে জয়ী হওয়া এবং নিজেকে আরও উন্নত করা। আমি মনে করি, প্রত্যেক খেলোয়াড়েরই এমনটাই হওয়া উচিত।"
ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহাম নতুন এই সাইনিং নিয়ে বলেন, "কাসেমিরো একজন জন্মগত চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে অসাধারণ ক্যারিয়ারের পর তিনি মায়ামিকে নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন—এতে আমি দারুণ আনন্দিত।" মায়ামিতে কাসেমিরো আবারও একসঙ্গে খেলবেন তাঁর সাবেক সতীর্থ সের্হিও রেগিলন, লিওনেল মেসি এবং রদ্রিগো দে পল-এর সঙ্গে।
তবে এবারই প্রথম না যে ইন্টার মায়ামি এমএলএসের তদন্তের মুখে পড়ল। ২০২১ সালে ব্লেইস মাতুইদিকে দলে ভেড়ানোর সময় বেতনসংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় ক্লাবটিকে ২০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। এমএলএসের অভিযোগ ছিল, মাতুইদিকে অনুমোদিত সীমার চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল, ফলে ক্লাবটি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ তিনজনের পরিবর্তে কার্যত চারজন ডিজাইনেটেড প্লেয়ার ব্যবহার করেছিল।
এবার কাসেমিরোর ট্রান্সফার নিয়েও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এমএলএস জানাবে, ইন্টার মায়ামি কোনো নিয়ম ভঙ্গ করেছে কি না এবং করলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।