রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং, রদ্রি-ওলিসে নয়
লেভান্তের তরুণ স্ট্রাইকারকে দলে ভিড়িয়ে আক্রমণভাগে নতুন বিকল্প পেল লস ব্লাঙ্কোস। ২০৩১ পর্যন্ত চুক্তিতে রিয়াল মাদ্রিদে।

রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং
স্প্যানিশ স্ট্রাইকার কার্লোস এস্পিকে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। লেভান্তে থেকে যোগ দেওয়া ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত পাঁচ বছরের চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা।

কার্লোস এস্পি
রিয়ালে যোগ দেওয়ার আগে লেভান্তের হয়ে টানা তিন মৌসুম খেলেছেন এস্পি। এই সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৬ ম্যাচে ২০ গোল করে স্পেনের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ স্ট্রাইকার হিসেবে নিজের পরিচয় গড়ে তোলেন তিনি। বিশেষ করে ২০২৫/২৬ মৌসুম ছিল তাঁর ক্যারিয়ারের সেরা সময়। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি লা লিগার সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার জিতেছিলেন। একই মৌসুমে গোল করার ধারাবাহিকতা এবং বক্সের ভেতরে কার্যকর উপস্থিতি ইউরোপের একাধিক ক্লাবের নজর কেড়েছিল।

কার্লোস এস্পি
শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের আগ্রহকে পেছনে ফেলে রিয়াল মাদ্রিদেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এস্পি। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তাঁর ২ কোটি ৫০ লাখ ইউরোর রিলিজ ক্লজ পূরণ করেই এই ট্রান্সফার সম্পন্ন করেছে রিয়াল। স্পেনের অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলেছেন এস্পি। আন্তর্জাতিক পর্যায়েও নিজেকে ভবিষ্যতের সম্ভাবনাময় স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

রিয়ালের স্ট্রাইকার পজিশনে নতুন মাত্রা যোগ করার লক্ষ্যেই এই সাইনিং। ক্লাবটি সম্প্রতি গনসালো গার্সিয়াকে ফুলহামে বিক্রি করে দেওয়ার পর স্ট্রাইকার পজিশনে শূন্যতা তৈরি হয়। এস্পির আগমনে সেই ঘাটতি পূরণ হওয়ার পাশাপাশি দলের আক্রমণভাগে প্রতিযোগিতাও বাড়বে বলে মনে করা হচ্ছে।
উচ্চতা, শারীরিক শক্তি, বক্সের ভেতরে অবস্থান নেওয়ার দক্ষতা এবং এরিয়েলে বল দখলের ক্ষমতার জন্য পরিচিত এস্পিকে ঐতিহ্যবাহী ‘নাম্বার নাইন’ ধরনের স্ট্রাইকার হিসেবে বিবেচনা করা হয়। রিয়াল মাদ্রিদের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেই ক্লাবটির বিশ্বাস।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।