খেলারদেশ

উরুগুয়ে জাতীয় ফুটলব

উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান

বিয়েলসার উত্তরসূরি হিসেবে উরুগুয়ের কোচ হলেন দিয়েগো ফোরলান

উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান

দিয়েগো ফোরলান

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

উরুগুয়ে জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির কিংবদন্তি সাবেক ফরোয়ার্ড দিয়েগো ফোরলান। ২০২৬ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর দায়িত্ব ছেড়ে দেন মার্সেলো বিয়েলসা। তার উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন ৪৭ বছর বয়সী এই সাবেক তারকা।

উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) এক বিবৃতিতে ফোরলানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে তাকে উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের দায়িত্বও দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়েই সিনিয়র দলের কোচ হিসেবে তার যাত্রা শুরু হবে।

দিয়েগো ফোরলান, ২০২৬

দিয়েগো ফোরলান, ২০২৬

ফোরলান ফিরে এসেছেন এখানে, যেখানে তিনি তার অমর ছাপ রেখে গিয়েছিলেন। তিনি আমাদের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আইকন এবং অবিস্মরণীয় প্রজন্মের প্রতীক। ২০১০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় এবার কোচ হিসেবে নিজের অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তর্জাতিক ফুটবলের গভীর জ্ঞান দিয়ে জাতীয় দলকে এগিয়ে নেবেন।

ফোরলানকে স্বাগত জানিয়ে এইউএফ

সংস্থাটি আরও জানিয়েছে, ফোরলান সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২০ দল নিয়েও কাজ করবেন। তরুণ ফুটবলারদের উন্নয়নে অবদান রেখে তাদেরকে জাতীয় দলের জন্য প্রস্তুত করাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য। তার সহকারী কোচ হিসেবে থাকবেন সান্তিয়াগো এসপাসান্দিন ও দিয়েগো পেরেজ। এছাড়া ফিজিক্যাল ট্রেইনার হিসেবে মার্কো মানসুলিনো, গোলকিপিং কোচ হিসেবে ইগনাসিও বোরদাদ এবং ভিডিও বিশ্লেষক হিসেবে গ্যাব্রিয়েল স্ক্রিলেক দায়িত্ব পালন করবেন।

২০১০ বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী ফোরলান

২০১০ বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী ফোরলান

খেলোয়াড়ি জীবনে উরুগুয়ের ইতিহাসের অন্যতম সফল ফুটবলার ফোরলান জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে ৩৬টি গোল করেন। ২০১১ সালে কোপা আমেরিকা জয়ের পাশাপাশি ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে উরুগুয়েকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আসরের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জেতেন। ক্লাব ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদের হয়ে তার পারফরম্যান্স আজও স্মরণীয়। ২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ফোরলান এবং ২০১৮ সালে খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানেন। কোচিং ক্যারিয়ারে এর আগে উরুগুয়ের ক্লাব পেনিয়ারোল ও আতেনাসের দায়িত্ব পালন করেছেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডে ফোরলান

ম্যানচেস্টার ইউনাইটেডে ফোরলান

অন্যদিকে, ২০২৩ সালের মে মাসে উরুগুয়ের দায়িত্ব নেওয়া মার্সেলো বিয়েলসার সময়টা শুরু হয়েছিল দারুণভাবে। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে তাদের মাঠে হারানোর পাশাপাশি ব্রাজিলকেও পরাজিত করেছিল উরুগুয়ে। তবে ২০২৪ কোপা আমেরিকার পর দলটির পারফরম্যান্সে ধারাবাহিক অবনতি দেখা যায়। ২০২৬ বিশ্বকাপে সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে ড্র এবং পরবর্তীতে চ্যাম্পিয়ন স্পেনের কাছে হারের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় উরুগুয়েকে। টুর্নামেন্ট শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে বিয়েলসা বলেন, ‘এই ব্যর্থতার পুরো দায় আমার। তিন বছর কাজ করেও আমি উরুগুয়ের ফুটবলে স্থায়ী কোনো অবদান রাখতে পারিনি। ফল না এলে কোনো কাজই টিকে থাকে না।’

এখন সেই ব্যর্থতা পেছনে ফেলে নতুন যুগের সূচনা করতে চায় উরুগুয়ে। দেশের অন্যতম সেরা ফুটবল আইকন দিয়েগো ফোরলানের কাঁধেই তুলে দেওয়া হয়েছে সেই দায়িত্ব।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।