প্যাট্রিক ভিয়েরা
ব্যক্তিগত টানেই সেনেগালের কোচ প্যাট্রিক ভিয়েরা
সেনেগালের কোচ হওয়ার পেছনে প্যাট্রিক ভিয়েরার গভীর ব্যক্তিগত টান

ব্যক্তিগত টানেই সেনেগালের কোচ প্যাট্রিক ভিয়েরা
আর্সেনালের কিংবদন্তি অধিনায়ক প্যাট্রিক ভিয়েরা এবার ফিরছেন আন্তর্জাতিক ফুটবলে। তবে তার নতুন দায়িত্বটা স্রেফ আরেকটা কোচিং এর গল্প না। এর সঙ্গে জড়িয়ে আছে তার জন্মভূমি, শেকড় ও পরিচয়ের গভীর সম্পর্ক।
সেনেগাল জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ভিয়েরার নিয়োগ মঙ্গলবার নিশ্চিত হয়েছে। ২০২৬ বিশ্বকাপে সেনেগালের হতাশাজনক বিদায়ের পর পাপে থিয়াওকে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ৫০ বছর বয়সী ভিয়েরাকে। এটাই আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম কোচিংয়ের দায়িত্ব। তবে ভিয়েরার সঙ্গে সেনেগালের সম্পর্ক অনেক পুরোনো।

প্যাট্রিক ভিয়েরা জন্মগ্রহণ করেন সেনেগালের রাজধানী ডাকারে। শৈশবেই তিনি পরিবারের সঙ্গে ফ্রান্সে চলে যান। সেখানেই শুরু হয় তার ফুটবলজীবনের উত্থান। পরবর্তীতে আর্সেনালের হয়ে নয় বছর কাটিয়ে তিনি ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডারে পরিণত হন। আর্সেন ওয়েঙ্গারের অধীনে আর্সেনালের সফল যুগের অন্যতম প্রধান চরিত্র ছিলেন তিনি। বিশেষ করে ২০০৩/০৪ মৌসুমের অপরাজিত শিরোপাজয়ী দলের অধিনায়ক হিসেবে ভিয়েরার নাম চিরস্মরণীয় হয়ে আছে।

ফ্রান্সের হয়ে খেললেও নিজের জন্মভূমি সেনেগালের সঙ্গে সম্পর্ক কখনোই হারিয়ে ফেলেননি তিনি। খেলোয়াড়ি জীবনে ভিয়েরা নিজের জন্মভূমি নিয়ে একাধিকবার কথা বলেছেন। এমনকি ফ্রান্সের হয়ে সেনেগালের বিপক্ষে খেলাকে তিনি বিশেষ আবেগের মুহূর্ত হিসেবে বর্ণনা করেছিলেন। কারণ প্রতিপক্ষ হিসেবে তিনি মাঠে নামছিলেন সেই দেশের বিপক্ষে, যে দেশে তার জন্ম। অর্থাৎ ফ্রান্সের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পেলেও সেনেগাল তার কাছে কখনোই কেবল একটা দেশ ছিল না, ছিল তার শেকড়ের অংশ।

১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের প্যাট্রিক ভিয়েরা
সেনেগালের সঙ্গে ভিয়েরার সম্পর্ক শুধু জন্মসূত্রেই সীমাবদ্ধ না। খেলোয়াড়ি জীবনের পরও তিনি দেশটিতে ফিরে গেছেন শিক্ষা ও দাতব্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে। ফলে নতুন দায়িত্বটি তার জন্য অন্য যে কোনো কোচিং চাকরির চেয়ে আলাদা। এবার তিনি শুধু একটা জাতীয় দলের কোচ নন, নিজের জন্মভূমির জাতীয় দলের কোচ।

সেনেগালের দায়িত্ব নেওয়ার আগে ভিয়েরা বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন। নিউইয়র্ক সিটি এফসি, নিস, ক্রিস্টাল প্যালেস, স্ত্রাসবুর্গ ও জেনোয়ার মতো ক্লাবে কাজ করেছেন তিনি। এবার সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে হবে সেনেগালের জন্য। তার প্রথম বড় চ্যালেঞ্জ হবে দলকে নতুন করে গড়ে তোলা এবং সামনে আফ্রিকান কাপ অব নেশন্সের বাছাইপর্বের জন্য প্রস্তুত করা। বাছাইপর্ব শুরু হওয়ার কথা আগামী সেপ্টেম্বর থেকে।
একসময় আর্সেনালের মাঝমাঠে দাঁড়িয়ে যিনি দলকে নেতৃত্ব দিয়েছেন, এবার তার হাতে থাকবে পুরো সেনেগাল জাতীয় দলের দায়িত্ব।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলইসরায়েল-ফিলিস্তিন ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু?
আন্তর্জাতিক ফুটবলকেন জরিমানা গুনতে হচ্ছে আর্জেন্টিনার?
আন্তর্জাতিক ফুটবলদশ ম্যাচ নিষিদ্ধ পারদেস, গাভির নিষেধাজ্ঞা এক ম্যাচে
আন্তর্জাতিক ফুটবলচারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে হালান্ড
আন্তর্জাতিক ফুটবলডাচদের নতুন কোচ জাভি হার্নান্দেজ
আন্তর্জাতিক ফুটবল



মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।