আর্সেনাল
যে কারণে আর্সেনাল ছাড়ছেন মার্তিনেল্লি!
আর্সেনালের সঙ্গে গাব্রিয়েল মার্তিনেল্লির সম্পর্কের ইতি টানার সম্ভাবনা ক্রমেই বাড়ছে, কী এর নেপথ্য?

ব্রাজিল তারক গাব্রিয়েল মার্তিনেল্লি
আর্সেনালের সঙ্গে গাব্রিয়েল মার্তিনেল্লির সম্পর্কের ইতি টানার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে ভেড়াতে সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে আর্সেনালের আলোচনা এখন অনেকটাই এগিয়ে গেছে। মার্তিনেল্লির জন্য আর্সেনালের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে আল হিলাল। প্রাথমিক প্রস্তাবের অঙ্ক ৪ কোটি ৭০ লাখ পাউন্ড। এর সঙ্গে বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ৪০ লাখ পাউন্ড পাওয়ার সুযোগ রয়েছে।

দুই ক্লাবের আলোচনাও এখন চূড়ান্ত পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই সমঝোতায় পৌঁছাতে পারে তারা। মার্তিনেল্লিও সৌদি আরবে যাওয়ার ব্যাপারে আগের তুলনায় অনেক বেশি আগ্রহী। গত বছরও তাকে দলে নেওয়ার চেষ্টা করেছিল সৌদি প্রো লিগের একটা ক্লাব। এবার আল-হিলালের প্রস্তাবে ব্রাজিলিয়ান উইঙ্গারের অবস্থান ইতিবাচক বলেই জানা গেছে। তবে তার সঙ্গে আল হিলালের ব্যক্তিগত চুক্তির শর্ত এখনো চূড়ান্ত হয়নি।
আর্সেনালের নতুন মৌসুমের শুরুতেই অবশ্য মার্তিনেল্লির ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত মিলেছিল। মৌসুমের প্রথম দুই ম্যাচের স্কোয়াডেই জায়গা হয়নি ২৫ বছর বয়সী মার্তিনেল্লির। দলবদলের গুঞ্জনের মধ্যেই কোচ মিকেল আর্তেতার পরিকল্পনা থেকে তিনি আপাতত বাইরে।

২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব ইতুয়ানো থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর সাত মৌসুমে ক্লাবটির হয়ে ২৭৮ ম্যাচ খেলেছেন মার্তিনেল্লি। গোল করেছেন ৬২টা। তবে সাম্প্রতিক সময়ে দলে তার অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আর্সেনালের কিংবদন্তি ইয়ান রাইটও ক্লাবের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, মার্তিনেল্লি দীর্ঘদিন দলের জন্য অবদান রাখার পরও যেভাবে পরিস্থিতির মধ্যে পড়েছেন, তাতে আরও সম্মানজনকভাবে বিষয়টা সামলানো উচিত ছিল।
এদিকে, গ্যালাতাসারায়ের প্রস্তাব এরই মধ্যে প্রত্যাখ্যান করেছেন মার্তিনেল্লি। তুরস্কের ক্লাবটি প্রায় ৩ কোটি ৮৪ লাখ পাউন্ড দিতে চাইলেও সেখানে যাওয়ার আগ্রহ দেখাননি তিনি। এখন আল হিলালের প্রস্তাবই হতে পারে মার্তিনেল্লির আর্সেনাল ছাড়ার পথ। দুই ক্লাবের সমঝোতা হলে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবের পথে পা বাড়াবেন ব্রাজিলিয়ান তারকা।

আর্সেনাল কিংবদন্তি ইয়ান রাইট

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল



মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।