খেলারদেশ

পিএসজিকে হারিয়েও বিনয়ী ফিলিপে লুইয

পিএসজিকে হারিয়ে চমক দেখিয়েছে মোনাকো

পিএসজিকে হারিয়েও বিনয়ী ফিলিপে লুইয
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

শুরুটা ছিল প্যারিস সেন্ট জার্মেইয়ের দাপটে, শেষটা মোনাকোর জয়োল্লাসে। ঘরের মাঠে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত মোনাকোর কাছে ২-১ গোলে হেরে গেছে পিএসজি। দ্বিতীয়ার্ধে দুই গোল করে দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নিয়ে লিগের শীর্ষস্থানও দখল করেছে মোনাকো। তবে এমন বড় জয়ের পরও প্রতিপক্ষ কোচ লুইস এনরিকের প্রশংসায় কার্পণ্য করেননি মোনাকোর কোচ ফিলিপে লুইয।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পিএসজি। অষ্টম মিনিটে দেজিরে দুএর শট দিয়ে শুরু হয় তাদের আক্রমণের ঝড়। এরপর ফ্যাবিয়ান রুইজ ও খিচা কাভারাতস্কেলিয়াও সুযোগ তৈরি করেন। তবে মোনাকোর গোলরক্ষক লুকাস হ্রাদেকি ছিলেন দুর্দান্ত। ১২ মিনিটে দুএর শট ঠেকানোর পর রুইজ ও কাভারাতস্কেলিয়ার প্রচেষ্টাও রুখে দেন তিনি।

৩১ মিনিটে অবশ্য আর বাধা হয়ে দাঁড়াতে পারেননি হ্রাদেকি। কর্নার থেকে কাভারাতস্কেলিয়ার সহায়তায় খুব কাছ থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন অধিনায়ক মারকিনিয়োস। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

কিন্তু বিরতির পর যেন অন্য এক মোনাকোকে দেখা গেল। ৫৮ মিনিটে জর্ডান তেজের সহায়তায় কাছ থেকে হেডে গোল করে সমতা ফেরান ফ্লাভিও নাজিনহো। ১-১ হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে দুই দলই।

৬৪ মিনিটে কাভারাতস্কেলিয়া ও আশরাফ হাকিমির পরপর দুটি শট ঠেকিয়ে পিএসজিকে হতাশ করেন হ্রাদেকি। ভিটিনহার প্রচেষ্টাও এর আগে রুখে দিয়েছিলেন মোনাকোর গোলরক্ষক। ৬৯ মিনিটে উসমান দেম্বেলেকে মাঠে নামিয়ে আক্রমণ আরও জোরদার করার চেষ্টা করেন পিএসজি কোচ লুইস এনরিকে। তাতেও অবশ্য ম্যাচের চিত্র বদলায়নি। বরং ৭২ মিনিটে মোনাকো পেয়ে যায় জয়সূচক গোল। আলেক্সান্দর গোলভিনের পাস থেকে কঠিন কোণ থেকে দুর্দান্ত শটে গোল করেন স্তানিস ইদুম্বো। ২-১ ব্যবধানে এগিয়ে যায় মোনাকো।

শেষদিকে সমতা ফেরাতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে পিএসজি। দেম্বেলে, হাকিমি, ভিটিনহা ও মিকা গোডসরা একের পর এক আক্রমণ চালালেও মোনাকোর রক্ষণ ও হ্রাদেকিকে আর পরাস্ত করতে পারেনি তারা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দেম্বেলের শক্তিশালী শটও ঠেকিয়ে দেন হ্রাদেকি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোনাকো।

হারের পরও অবশ্য নিজের দলের পারফরম্যান্স নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন লুইস এনরিকে। ম্যাচের মূল্যায়নে পিএসজি কোচ বলেন, ‘আমরা যদি এই ম্যাচটি একইভাবে আরও ১০ বার খেলি, তাহলে আমরা আটবার জিতব, মোনাকো একবার জিতবে, আর হয়তো একবার ড্র হবে।’ এরপরই যোগ করেন, ‘মোনাকোও সেটা জানে। তবে এ কারণেই ফুটবল এত সুন্দর।’ লিগে চলতি মৌসুমে তিন ম্যাচ খেলে একটিতেও জয় না পাওয়ার পরও শিরোপা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে রাজি নন এনরিকে। মোনাকোর বিপক্ষে হারের পর তাঁকে জিজ্ঞেস করা হয়, পিএসজি এবারও চ্যাম্পিয়ন হবে কি না। জবাবে স্প্যানিশ কোচ বলেন, ‘আপনি যদি বাজি ধরতে চান কে চ্যাম্পিয়ন হবে, তাহলে বাজি ধরতে পারেন… কিন্তু আমি কিছু বলছি না।’

অন্যদিকে জয় পাওয়ার পরও মোনাকোর কোচ ফিলিপে লুইযের কণ্ঠে ছিল বিনয়ের সুর। এনরিকের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমার কাছে লুইস এনরিকে শুধু বিশ্বের সেরা কোচ নন, তিনি সর্বকালের সেরাদের একজন।’ এনরিকের কাছ থেকে শেখার আগ্রহের কথাও জানিয়েছেন মোনাকো কোচ। তাঁর ভাষায়, ‘আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারি।’

পিএসজির বিপক্ষে জয় মোনাকোকে শুধু তিন পয়েন্টই এনে দেয়নি, লিগের শীর্ষস্থানেও তুলে দিয়েছে। তবে বড় জয়ের পরও প্রতিপক্ষের কোচকে এভাবে সম্মান জানিয়ে ফিলিপে লুইয বুঝিয়ে দিলেন—ফুটবলে জয় গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাটাও কম গুরুত্বপূর্ণ নয়।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।