খেলারদেশ

এবার ছিটকে গেলেন ডি জর্জি

অস্ট্রেলিয়া সিরিজ চলাকালে ও আগে দক্ষিণ আফ্রিকার পাঁচ ক্রিকেটার চোটে পড়েছেন, সবাই ভুগছেন হ্যামস্ট্রিংয়ের চোটে।

এবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে একের পর এক দুঃসংবাদ সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকার। এবার হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন ব্যাটার টনি ডি জর্জি। এর আগে আরও চার ক্রিকেটার একই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। ডারবানে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার কথা ছিল। তবে, প্রাথমিক দল ঘোষণার পরই চোটের কারণে ছিটকে যান ডি জর্জি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোটে পড়েন এই ব্যাটার। ফলে, তাকে পাওয়া যাবে না ডারবানে অনুষ্ঠেয় প্রথম টেস্টে। তার বদলি হিসেবে আর কাউকে ডাকেনি দলটি।

ডি জর্জির চোটে ভাগ্য খুলতে পারে মার্কেস অ্যাকারম্যানের। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৫৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ডি জর্জিকে নিয়ে দুঃসংবাদ পাওয়ার দিনে একটা সুখবরও পেয়েছে দক্ষিণ আফ্রিকা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরতে পারেন পেসার কাগিসো রাবাদা। শীতকালীন অনুশীলনের সময় চোটে পড়েছিলেন তিনি।

একই চোটে থাকা বাকি তিন ক্রিকেটার ওটনিল বার্টমান, কেনা মাফাকা ও লুঙ্গ এনগিদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য বিবেচনা করা হচ্ছে না। তাদেরকে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী দক্ষিণ আফ্রিকা।

আগামী রবিবার থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট। ডারবানে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।