খেলারদেশ

বিশ্বকাপ ফুটবল ২০২৬

ইতিহাস লিখলো কেপ ভার্দে

প্রথমবার বিশ্বকাপ ফুটবল খেলতে এসেই নকআউট পর্বে উঠে ইতিহাস রচনা করলো আফ্রিকার ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে। রাউন্ড অব থার্টি টুতে ৪ জুলাই তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ইতিহাস লিখলো কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করার পর কেপ ভার্দের ফুটবলারদের উল্লাস

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাসের পাতায় নাম লেখালো আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে বা কাবো ভার্দে। লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে পেছনে ফেলে গ্রুপ এইচ-এ রানার আপ হয়ে নকআউট পর্বে নাম লিখিয়েছে দলটি। গ্রুপে কোনো ম্যাচ না জিতলেও তিনটি ম্যাচেই ড্র করেছে কেপ ভার্দে। প্রথম দুই ম্যাচে রুখে দিয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে, শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে সৌদি আরবের সাথে।

উরুগুয়ে স্পেনের সাথে হেরে যাওয়ায় তাদের ও সৌদির পয়েন্ট হয় সমান দুই। গোল ব্যবধানে উরুগুয়ে তৃতীয় হলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত করেছে। সৌদি আরব বিশ্বকাপ শেষ করলো গ্রুপের চার নম্বর দল হয়ে। সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে বিশ্বকাপের হট ফেভারিট স্পেন। গ্রুপ রানার আপ হতে তিন পয়েন্টই যথেষ্ট হয়েছে কেপ ভার্দের জন্য। প্রথম বিশ্বকাপ খেলতে এসে নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে মোকাবেলা করবে কেপ ভার্দে। আর পরের রাউন্ডে স্পেনের সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রিয়া।

Image

গত রাতে মাঠে নামে গ্রুপ আই-এর দলগুলো। আগেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে অধিনায়ক মার্টিন ওদেগার্ড ও তারকা স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্ডসহ প্রথম একাদশের বেশিরভাগ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামে নরওয়ে। এমনকি বদলি খেলোয়াড় হিসাবেও হালান্ডকে নামাননি নরওয়ে কোচ। তাই দর্শকদের বহু প্রত্যাশিত এমবাপ্পে বনাম হালান্ড দ্বৈরথ দেখার সুযোগ হয়নি। মায়ের মৃত্যুর জন্য দেশে যাওয়া ফ্রান্স দলের হেড কোচ দিদিয়ের দেশমের জায়গায় এ ম্যাচের দায়িত্বে ছিলেন সহকারী কোচ গাইন স্টেফান।

ম্যাচের আলো পুরোটাই কেঁড়ে নেন ওসমান দেম্বেলে। মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। এটি বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক। এমনকি ১৯৯৪ আসরে ক্যামেরুনের বিপক্ষে করা রাশিয়ার ওলেগ সালেঙ্কোর পরে প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন কোনো খেলোয়াড়। বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের মালিক অস্ট্রিয়ার এরিক প্রবস্ট, তিনি ১৯৫৪ বিশ্বকাপে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। এমবাপ্পে সহায়তা করেছেন দুটি গোলে। ফ্রান্স জেতে ৪-১ গোলে। অন্য গোলটি দেজারে দুয়ের।

অন্য ম্যাচে দশজনের ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে সেনেগাল। বদলি খেলোয়াড় পেপ গেয়ে তেরাঙ্গার সিংহদের হয়ে করেন দুই গোল।

গ্রুপ আই-এ তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে টুর্নামেন্টের ফেভারিট ফ্রান্স। ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ নরওয়ে। নকআউটে নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট, ফ্রান্স কার সাথে খেলবে তা এখনও ঠিক হয়নি। সেনেগালের পয়েট তিন, গোল পার্থক্য +২, এতে শীর্ষ আট তৃতীয় দলের র‍্যাংকিং-এ এই মুহূর্তে তারা পাঁচ নম্বরে অবস্থান করছে। তাই মানে-সারদের পরের রাউন্ডে খেলতে দেখার সম্ভাবনা বেশ প্রবল। আর ইরাক বাড়ি ফিরছে শূন্য হাতে।

Image

অন্যদিকে, গ্রুপ জি থেকে চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ড নিশ্চিত করেছে বেলজিয়াম। তারা পরের রাউন্ডে খেলবে তৃতীয় হওয়া কোনো দলের বিপক্ষে।

গ্রুপের তৃতীয় রাউন্ডের খেলা শুরুর আগে চার দলেরই নকআউটে যাওয়ার সুযোগ ছিলো। বেলজিয়ামের ছিলো দুটি ড্র, মিসরের এক জয় ও এক ড্র, ইরানের দুটি ড্র আর নিউজিল্যান্ডের এক হার ও এক ড্র।

শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম, তারা জিতেছে ৫-১ গোলে। বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের সবচেয়ে বড় জয়। দুটি গোল করেছেন লিয়ান্দ্রো ত্রোসার্ড। গোল পেয়েছেন কেভিন ডি ব্রুইনা ও রোমেলু লুকাকু-ও। নিউজিল্যান্ডের একমাত্র গোলটি করেছেন এলিজাহ জাস্ট, এই বিশ্বকাপে এ নিয়ে জাস্টের গোল তিনটি।

ইরানকে পোড়াচ্ছে মেহেদি তারেমির পেনাল্টি থেকে গোল করতে না পারার আক্ষেপ! মাত্র ৫ মিনিটে সাবেরের গোলে মিসরের কাছে পিছিয়ে পড়লেও, কয়েক মিনিট পরই পেনাল্টি পায় ইরান। আর স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন তারেমি। ৩৪ মিনিটে রেজাইনের গোলে সমতায় ফেরে ইরান। শেষ পর্যন্ত খেলা ড্র হয় ১-১ গোলে।

Image

এই ম্যাচ ড্র হওয়ায় বেলজিয়ামের সমান ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হয়েছে মিসর। নকআউটে মিসরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গোল ব্যবধানে গ্রুপের শীর্ষস্থান অর্জন করেছে বেলজিয়াম। তারেমি পেনাল্টি মিস না করলে বা শেষ মুহূর্তে করা তাদের গোল বাতিল না হলে মিসরের সাথে ২-১ গোলে জিতে গ্রুপ রানার আপ হতে পারতো ইরান। কিন্তু এখন তিন পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। আর পরের রাউন্ডে যেতে তাকিয়ে থাকতে হচ্ছে বাকি ম্যাচগুলির দিকে। সেরা আট তৃতীয় দলের একটি হতে পারলে তাদের সামনে ভাগ্য খুলবে, নাহয় অপরাজিত থেকেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে ইরান।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।