ব্রাজিলের শিরোপা জয়ে প্রথম বাধা জাপান
ফিফা বিশ্বকাপ-২০২৬ এর শেষ-৩২ পর্বের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে সোমবার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার শক্তিশালী দল জাপান। গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ব্রাজিল এবং গ্রুপ ‘এফ’ রানার্স-আপ জাপানের এই ম্যাচের বিজয়ী শেষ ষোলোতে খেলবে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে।

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর শেষ-৩২ পর্বের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে সোমবার হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার শক্তিশালী দল জাপান। গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ব্রাজিল এবং গ্রুপ ‘এফ’ রানার্স-আপ জাপানের এই ম্যাচের বিজয়ী শেষ ষোলোতে খেলবে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১৯ জুন (সোমবার), রাত ১১টায়।
সেলেকাওদের জন্য সুখবর হচ্ছে, দল ছন্দে ফিরেছে; মাঠে ফিরেছেন নেইমার। যদিও এবারের বিশ্বকাপ অভিযান খুব একটা ভালোভাবে শুরু হয়নি কার্লো আনচেলত্তির ব্রাজিলের। উদ্বোধনী ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে সেলেকাওরা। তবে এরপরই বদলে যায় দৃশ্যপট।
হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে, টানা ৩-০ ব্যবধানের জয় তুলে নেয়। বিপরীতে দুটি ক্লিনশিট ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নক-আউটে জায়গা করে নেয় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে বড় অংকের গোল ব্যবধানে মরক্কোকে পিছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করে তারা।
১৯৮২ সালের পর এই প্রথম নয়, বরং টানা ১২টি বিশ্বকাপের প্রতিবারই নক-আউটে উঠেছে ব্রাজিল, সেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। এখন তাদের লক্ষ্য ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা। যদিও ফেভারিটের তকমা নিয়ে আসা হয়নি এবার। তবে সম্ভাব্য সেমিফাইনালে আর্জেন্টিনার সঙ্গে মহারণের আগে জাপানের বাধা টপকানোই এখন আনচেলত্তির প্রথম লক্ষ্য।
সাম্প্রতিক ছয় ম্যাচে পাঁচ জয় পেয়েছে ব্রাজিল। একই সঙ্গে টানা দুই ম্যাচে কোনো গোলও হজম করেনি তারা। এই ক্লিনশিট দলটির সবচেয়ে দুর্বল জায়গা—রক্ষণভাগের উন্নতিরও ইঙ্গিত দিচ্ছে। ডন কার্লোকেও অনেকটা নির্ভার ও আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে।
অন্যদিকে, আত্মবিশ্বাসে টগবগ করছে জাপান। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গত অক্টোবরে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল সামুরাইরা। সেটিই ছিল সেলেসাওদের বিপক্ষে তাদের ১৪ দেখায় প্রথম জয়। ম্যাচের আগে আত্মবিশ্বাসী জাপান কোচ হাজিমে মোরিয়াসু। মনে করিয়ে দেন গত বছরের কথা, জাপান দলটি ফুটবলে এখন কতটা এগিয়েছে এবং বড় স্বপ্ন নিয়ে আসরে যোগ দেবার কথা বলেন তিনি।

গত অক্টোবরে প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল সামুরাইরা
শুধু ব্রাজিলই নয়, ২০২৬ সালে ইংল্যান্ডকে হারানো এবং নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করা জাপান প্রমাণ করেছে, তারা এবার বিশ্বকাপের অন্যতম 'ডার্ক হর্স'।
হাজিমে মোরিয়াসুর ৩-৪-২-১ ফর্মেশনভিত্তিক দলটি শক্ত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণের ওপর নির্ভর করে খেলছে। গত ৫৪০ মিনিটে মাত্র তিনটি গোল হজম করেছে সামুরাই ব্লুরা।
তবে রেকর্ড বলছে, বিশ্বকাপের নকআউট পর্বে এখনও কোনো ম্যাচ জিততে পারেনি জাপান। ২০০২, ২০১০, ২০১৮ ও ২০২২—প্রতিবারই শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে তাদের। তবে ২০১৮ সালে বেলজিয়ামের সঙ্গে প্রায় জিতে যাওয়া ম্যাচটি জানান দেয়, তাদের কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।
এদিকে, ব্রাজিল উইঙ্গার রাফিনিয়া হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে ভুগছেন। সোমবারের ম্যাচে তাঁর খেলা এখনও অনিশ্চিত। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে জেতা একাদশই অপরিবর্তিত রাখার সম্ভাবনা বেশি।

রাফিনিয়ার হ্যামস্ট্রিং চোটে সোমবারের ম্যাচ অনিশ্চিত
অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ছন্দে আছেন। তিনি টানা তিনটি গ্রুপ ম্যাচেই গোল করেছেন। বিশ্বকাপে এর আগে ব্রাজিলের হয়ে এমন কীর্তি গড়া জাইরজিনিয়ো (১৯৭০), রোমারিও (১৯৯৪), রোনালদো (২০০২) ও রিভালদো (২০০২);—এবং উল্লেখ্য যে, প্রতিবারই ব্রাজিল শিরোপা জিতেছিল।
জাপানের ডিফেন্ডার কো ইতাকুরার চোট গুরুতর নয় বলে ধারণা করা হলেও আক্রমণভাগের তারকা তাকেফুসা কুবোর খেলার সম্ভাবনা খুবই কম। হাঁটুর চোটের কারণে তিনি এখনও পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি।

সামুরাই তারকা তাকে কুবো
সম্ভাব্য একাদশ
ব্রাজিল : অ্যালিসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল, সান্তোস; গিমারায়েস, কাসেমিরো; রায়ান, পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র; ম্যাথিউস কুনিয়া।
জাপান : জিয়ন সুজুকি; ইতো, তোমিয়াসু, ইতাকুরা; দোয়ান, সানো, তানাকা, নাকামুরা; কামাদা, মায়েদা; উয়েদা।
জাপান এখন আর কোনো 'আন্ডারডগ' দল নয়। শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং বড় দলগুলোর বিপক্ষে সাম্প্রতিক সাফল্য তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে।
তবুও অভিজ্ঞতা, ব্যক্তিগত নৈপুণ্য এবং বর্তমান ফর্মের বিচারে ব্রাজিলই কিছুটা এগিয়ে। তবে জয় সহজ হবে না। নির্ধারিত ৯০ মিনিটে নিষ্পত্তি না হয়ে ম্যাচটি অতিরিক্ত সময়েও গড়াতে পারে।
সম্ভাব্য ফলাফল হতে পারে, ব্রাজিল ২-১ জাপান (অতিরিক্ত সময়ে)।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।