বিশ্বকাপ ফুটবল ২০২৬
জার্মানদের বাড়ি পাঠালো প্যারাগুয়ে
এবারের বিশ্বকাপের প্রথম অতিরিক্ত সময় ও টাইব্রেকারে গড়ানো ম্যাচে জার্মানিকে হারিয়েছে প্যারাগুয়ে। এই প্রথম টাইব্রেকারে বিশ্বকাপ ম্যাচ হারলো জার্মানি।

প্যারাগুয়ের জয়ের নায়ক গোলরক্ষক অরলান্ডো হিল
মাসাচুসেটসের জিলিট স্টেডিয়ামে মুখোমুখি হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও সেরা আট তৃতীয় দলের একটি হয়ে কোনমতে নকআউটে জায়গা করে নেওয়া প্যারাগুয়ে। সেই দলটিই জার্মান মেশিনদের বাড়ি পাঠিয়ে উঠে গেলো সেরা ১৬-তে!
বলের পজেশন ধরে রেখে অনেক গোলের সুযোগ তৈরি করেও কখনো কখনো ম্যাচ জেতা যায় না, সুযোগগুলি কাজে লাগাতে জানতে হয়। জার্মানি এই জায়গাতেই ম্যাচ হেরেছে।
জার্মানির একের পর এক সুযোগ নষ্টের মহড়ায় ৪২ মিনিটে হালারজার ক্রসে বুলেট গতির হেডারে প্যারাগুয়েকে এগিয়ে দেন হুলিও এনসিসো। প্রথমার্ধেই দুই গোলের লিড নিতে পারতো লাতিন আমেরিকানরা, কিন্তু ম্যানুয়্যাল নয়্যারের দৃঢ়তায় তা সম্ভব হয়নি।

প্রথমার্ধে প্যারাগুয়েকে এগিয়ে রাখে হুলিও এনসিসোর গোল
দ্বিতীয়ার্ধে চিরচেনা জার্মানিকে দেখা যায় মাঠে, প্যারাগুয়ে রক্ষণে জার্মানদের আক্রমণের ঢেউ বয়ে যায়। তাতে ৫৪ মিনিটে সফলতাও আসে। ফ্লোরিয়ান ভিয়ার্টজের ক্রস থেকে আলতো করে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান কাই হ্যাভার্টজ।
জয়ের জন্য মরিয়া জার্মানি প্যারাগুয়ে রক্ষণে হানা দিতে থাকে। কিন্তু দলটির রক্ষণভাগ আর গোলরক্ষক অরলান্ডো হিলের অসাধারণ পারফরম্যান্সে নির্ধারিত নব্বই মিনিট ১-১ গোলে শেষ হয়।
এবার বিশ্বকাপের প্রথম ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০২ মিনিটে কর্নার থেকে ডিফেন্ডার জোনাথন তাহ হেডারে বল জালে পাঠালে উল্লাসে ফেটে পড়ে জার্মানরা। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির বদান্যতায় গোলটি বাতিল হয়ে যায়। ভিএআর মাঠের রেফারিকে মাঠের পাশে থাকা মনিটরে দেখে সিদ্ধান্ত নেওয়ার আহবান জানান। মনিটরে দেখে জার্মান ডিফেন্ডার ভাল্ডেমার আন্তন প্যারাগুয়ে গোলরক্ষক হিলকে ফাউল করার সিদ্ধান্ত দেন রেফারি। বিতর্কিত এই সিদ্ধান্তে গোলটি বাতিল হয়ে যায়।
বাকি সময়েও প্যারাগুয়ের রক্ষণভাগ দৃঢ়তা দেখায়। তাতে এবারের বিশ্বকাপে প্রথম কোনো ম্যাচ টাইব্রেকারে গড়ায়। ১২০ মিনিটের খেলায় জার্মানি ৭৫ শতাংশ বল দখলে রেখে, দশটি ক্রস আর ছয়টি অন টার্গেট শট নিয়েও জিততে পারেনি।
টাইব্রেকারেও দেখা যায় চরম নাটক। জার্মানি প্রথম শট নেওয়ার সিদ্ধান্ত নেয়। কাই হ্যাভার্টজের নেওয়া শট বাঁদিকে ঝাঁপিয়ে সেভ করেন অরলান্ডো হিল। আর প্রথম তিন শটেই সফল হয় প্যারাগুয়ে। দ্বিতীয় ও তৃতীয় শটে জশুয়া কিমিক ও জামাল মুসিয়ালা বলে জালে পাঠালেও নিক ভোল্টামাডার শট ফিরিয়ে দেন হিল। নয়্যারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠালেই প্যারাগুয়ে রাউন্ড অব সিক্সটিনে, চতুর্থ শটটি নিতে আসেন আন্তন সানাব্রিয়া। ৪০ বছর বয়সী গোলরক্ষক ম্যানুয়াল নয়্যার সানাব্রিয়ার শট ঠেকিয়ে দিয়ে জার্মানিকে ম্যাচে রাখেন।

টাইব্রেকারে দুটি সেইভ করেন প্যারাগুয়ের গোলরক্ষক অরলান্ডো হিল
পেনাল্টি চলে যায় সাডেন ডেথে। সাডেন ডেথের প্রথম পেনাল্টি শট থেকে গোল করে জার্মানিকে শুটআউটে সমতায় ফেরান আমিরি। আর প্যারাগুয়ের ফাবিয়ান ভালবুয়েনার শট অফটার্গেট হয়। এবার জয়ের সুযোগ আসে জার্মানির সামনে। কিন্তু জোনাথন তাহ বল মারেন গোলবারের ওপর দিয়ে। সুযোগটা লুফে নেন প্যারাগুয়ের ডিফেন্ডার হোসে কানালে। নয়্যারকে পরাস্ত করে প্যারাগুয়েকে পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে জয় এনে দেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে প্যারগুয়ের সবচেয়ে বিখ্যাত জয়টি এলো জার্মানির প্রথম পেনাল্টি শুটআউট ব্যর্থতায়, এর আগে কখনো শুটআউটে ম্যাচ হারেনি জার্মানি!
পরের রাউন্ডে প্যারাগুয়ের প্রতিপক্ষ ফ্রান্স অথবা সুইডেন।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।