বিশ্বকাপ ফুটবল ২০২৬
৪০ বছর পর নকআউট ম্যাচ জিতলো মেক্সিকো
৪০ বছর পর বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতলো মেক্সিকো। আসতেকা স্টেডিয়ামে রাউন্ড অব থার্টি টুর ম্যাচে একুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে মেহিকানরা।

গোলের পর হিমেনেজ ও কিনোনেসের উল্লাস
বিশ্বখ্যাত স্তাদিও আসতেকায় বিশ্বকাপ জেতার স্বপ্ন তুমুলভাবে বাঁচিয়ে রাখলো এবারের আসরের অন্যতম স্বাগতিক মেক্সিকো। আসতেকা পৃথিবীর একমাত্র স্টেডিয়াম, যেখানে আলাদা তিনটি ফুটবল বিশ্বকাপের খেলা হওয়ার রেকর্ড হয়েছে এবার। জাতীয় গর্ব এই স্টেডিয়ামেই একুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতলো মেক্সিকো।
এবারের বিশ্বকাপে আক্রমাণাত্মক খেলাকেই নিজেদের ব্র্যান্ড বানিয়েছে মেক্সিকো। গ্রুপ পর্বের ভয়ডরহীন গতিময় ওয়ান টাচ ফুটবল রাউন্ড অব থার্টি টুতেও ধরে রাখে মেহিকানরা। এতে শুরু থেকেই হিমশিম খায় একুয়েডর।
মোইজেস কাইসেদো-পেদ্রো ভিতের মাঝমাঠ তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। বাম প্রান্ত দিয়ে বারবারই একুয়েডর ডিফেন্সে আতঙ্ক ছড়িয়েছেন এবারের বিশ্বকাপের অন্যতম তারকা হুলিয়ান কিনোনেস।
টানা আক্রমণের ফল ২২ মিনিটেই পেয়ে যায় মেক্সিকো। রবার্তো আলভারাদোর পাস থেকে বল পেয়ে তীব্র গতি আর ড্রিবলিংয়ে ইনকাপিয়ে-পাচোদের রক্ষণ ভেঙে গোল করেন কিনোনেস। চলতি বিশ্বকাপে এটি কিনোনেসের তৃতীয় গোল।
তবু খেলার গতি কমায়নি মেক্সিকো। ম্যাচের পুরোটা সময় আসতেকায় খেলা দেখতে আসা ৮০ হাজার দর্শককে একের পর এক উত্তেজনাময় মুহূর্ত উপহার দিয়েছে। সারা দুনিয়ায় টিভি পর্দায় যারা খেলা দেখেছেন, তাদের চোখ সরাতে দেয়নি।

জয়ের নায়ক কিনোনেসকে ঘিরে মেক্সিকো দলের উদযাপন
৩১ মিনিটে ব্যবধান ২-০ করেন বর্ষীয়ান স্ট্রাইকার রাউল হিমেনেজ। কিনোনেসের সাথে জায়গা অদল-বদল ও পাস খেলতে খেলতে একুয়েডর রক্ষণকে ছত্রভঙ্গ করে বুলেট গতির শটে গোলটি করেন তিনি।
এই ম্যাচে গোল পেয়ে যেতে পারতেন মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপের নকআউট ম্যাচ খেলতে নামা মিডফিল্ডার হিলবার্তো মোরা। তার আগে বয়স ১৮ হওয়ার আগেই নকআউট পর্বে ম্যাচে শুরু থেকেই খেলেছিলেন কেবল পেলে। গোল না পেলেও, এই টিনেজার যা নৈপুণ্য দেখিয়েছেন তা মেহিকানদের বহু দিন মনে থাকবে।

হিলবার্তো মোরা, বিশ্বকাপ নকআউট ম্যাচের শুরু থেকে খেলা দ্বিতীয় ফুটবলার
দ্বিতীয়ার্ধে অনেকটাই গুছিয়ে উঠে আক্রমাণাত্মক ফুটবল খেলে গেছে একুয়েডরও, কিন্তু গোলপোস্টের কাছাকাছি গিয়ে খেই হারিয়েছে। একবার জন ইয়েবোয়াহর শট বাম পাশের পোস্টে লেগেছে, আরেকবার দুর্দান্ত সেইভ করেছেন মেহিকান কিপার রাউল রানহেল।
শেষ ১৬-তে মেক্সিকোর প্রতিপক্ষ হবে আজ রাতে হতে যাওয়া ইংল্যান্ড ও কঙ্গোর মধ্যকার খেলায় জয়ী হওয়া দল।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।