খেলারদেশ

বিশ্বকাপ ফুটবল ২০২৬

ইংল্যান্ডকে বিশ্বকাপে টিকিয়ে রাখলেন কেইন

এই প্রথম পিছিয়ে পড়েও বিশ্বকাপে নকআউট ম্যাচ জিতলো ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে ইংরেজরা।

ইংল্যান্ডকে বিশ্বকাপে টিকিয়ে রাখলেন কেইন

ইংল্যান্ডের জয়ের নায়ক অধিনায়ক হ্যারি কেইন

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

স্বাধীনতা দিবসের পরের দিন ইংল্যান্ডের সাথে খেলা, বিশ্বকাপে নিজেদের প্রথম নকআউট ম্যাচ, কঙ্গো ফুটবল দল আর সেদেশের মানুষের কাছে উদযাপনের দারুণ এক উপলক্ষ। তা মাথায় রেখেই হয়ত আন্ডারডগ কঙ্গো ইংরেজদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

আটলান্টা স্টেডিয়ামে ফল পেয়ে যায় সাত মিনিটে, ব্রায়ান সিপেঙ্গার গোল উল্লাসে মাতায় কঙ্গোলিজদের।

ডান প্রান্ত থেকে লম্বা ক্রস সেন্টার ফরোয়ার্ড ইয়োয়ান উইসাকে, কিন্তু উইসা ও ইংলিশ ডিফেন্ডারের মাথা ফাঁকি দিয়ে বল চলে যায় বাম দিকে ফাঁকা থাকা নাম্বার নাইন সিপেঙ্গার কাছে, বল জালে পাঠাতে একদমই ভুল করেননি ২৮ বছর বয়সী সিপাঙ্গা।

সিপাঙ্গার গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কঙ্গো

সিপাঙ্গার গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কঙ্গো

২৯ মিনিটে গোলের সবচেয়ে কাছে যায় ইংল্যান্ড। ডেক্লান রাইসের ক্রস থেকে দারুণ এক হেডার জুড বেলিংহামের, অসাধারণ দক্ষতায় সেভ করেন কঙ্গো গোলরক্ষক লিওনেল এমপাসি।

৩৫ মিনিটে হ্যারি কেইন ও মার্কাস রাশফোর্ডের দুটি শট ব্লক করে ইংল্যান্ডকে আবারও হতাশ করেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দুই ডিফেন্ডার অ্যাক্সেল তুয়ানজেবে ও অ্যারন ওয়ান-বিসাকা।

বিরতির আগেই ব্যবধান ২-০ করতে পারতো কঙ্গো, যদি না ৪২ মিনিটে শট পোস্টে না লাগতো। পরের মিনিটেই জোরালো পেনাল্টির আবেদন করেন হ্যারি কেইন। ডিবক্সের ভেতর আগুয়ান কেইনকে ডাইভ দিয়ে চ্যালেঞ্জ করেন এমপাসি। কেইনের পায়ে এমপাসির হাত লাগলেও কেইন ডাইভ দেওয়ায় পেনাল্টি দেননি রেফারি। সিদ্ধান্তটি বিতর্কিত হয়ে থাকবে।

যোগ করা সময়ের শেষ সেকেন্ডে হ্যারি কেইনের জোরালো আরেকটি শট ঠেকিয়ে দেন এমপাসি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কঙ্গো।

এর আগে প্রথমার্ধে পিছিয়ে থাকা কোনো বিশ্বকাপ ম্যাচ জিততে পারেনি ইংল্যান্ড। সেই ইতিহাস এবার বদলের লক্ষ্যে দ্বিতীয়ার্ধে ঝাঁপিয়ে পড়ে ইংরেজরা।

৫৩ মিনিটে লেফট উইং থেকে রাশফোর্ডের শট রুখে দেন এমপাসি, ফিরতি বল রক্ষণসীমানা থেকে ক্লিয়ার করেন সতীর্থ ডিফেন্ডার। ৬৩ মিনিটে নাথানিয়েল এমবুকুর বাম পায়ের তীব্র শট এলিয়ট এন্ডারসনের মাথা ছুঁয়ে বলের গতিপথ বদলে যাওয়ায় ব্যবধান বড়ো করতে পারেনি কঙ্গো।

বদলি খেলোয়াড় অ্যান্থনি গর্ডন (ডানে) কেইনের দুটি গোলেরই যোগানদাতা

বদলি খেলোয়াড় অ্যান্থনি গর্ডন (ডানে) কেইনের দুটি গোলেরই যোগানদাতা

অবশেষে ৭৫ মিনিটে গিয়ে কঙ্গোর রক্ষণদূর্গ ভাঙতে পারে ইংল্যান্ড। রাশফোর্ডের বদলি নামা অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে হেডারে সমতা আনেন কেইন।

৮৬ মিনিটে গর্ডন-কেইনের বোঝাপড়াতেই ২-১ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ড অধিনায়কের এই বিশ্বকাপে ৫ম গোলে শেষ পর্যন্ত কষ্টার্জিত জয়ে শেষ ১৬ নিশ্চিত করে কোচ থমাস টুখেলের দল।

৬ জুলাই রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে স্তাদিও আসতেকায় ইংল্যান্ডের প্রতিপক্ষ অন্যতম স্বাগতিক মেক্সিকো।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।