বিশ্বকাপ ফুটবল ২০২৬
ঘুরে দাঁড়ানোর রূপকথা লিখলো বেলজিয়াম
৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-তে জায়গা করে নিলো বেলজিয়াম, বিশ্বকাপ ইতিহাসে যোগ করলো ঘুরে দাঁড়ানোর আরেকটি রূপকথা!

বেলজিয়ামের খেলোয়াড়রা কলকাতার ব্যান্ড চন্দ্রবিন্দুর গান 'এভাবেও ফিরে আসা যায়' কখনো শোনেননি, শোনার কথাও না। কিন্তু সিয়াটলে তারা যেভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতলো, তাতে কেবল বলা যায়, এভাবেও ফিরে আসা যায়!
প্রথমার্ধে বেলজিয়াম ছিলো একেবারেই অগোছালো, সেনেগাল খুবই আক্রমাণাত্মক। হাবীব দিয়ারার গোলে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় সেনেগাল।
দ্বিতীয়ার্ধেও মাঠে একইরকম ছন্নছাড়া লাগছিলো বেলজিয়ানদের, পানি পানের বিরতিতে যাওয়ার সময় দলের দুই তারকা খেলোয়াড় লিসান্দ্রো ট্রসার ও অধিনায়ক ইউরি তিয়েলেমানসকে তর্ক করতেও দেখা যায়। ডাগআউটে অসহায় কোচ রুডি গার্সিয়া।

ইউরি তিয়েলমানস: বেলজিয়ামের জয়ের নায়ক
এর আগেই, ৫১ মিনিটে ইসমাইলা সারের দুর্দান্ত এক গোলে ব্যবধান ২-০ করে ফেলেন ইসমাইলা সার। পেছন দিক থেকে নিয়াখাতের বাড়ানো লম্বা ক্রস থেকে বল বুকের উপর রিসিভ করার পর দর্শনীয় ভলিতে এবারের বিশ্বকাপে নিজের চার নম্বর গোলটি করেন সার।
সেনেগালের দাপুটে খেলার কাছে যখন মনে হচ্ছিল বিশ্বকাপ থেকে বেলজিয়ামের বিদায় সময়ের ব্যাপার মাত্র, ম্যাচের আশি মিনিট পেরিয়ে যেন ঘুম ভাঙে দলটির।
৮৬ মিনিটে থমাস মুনিয়েরের পাস থেকে বল জালিয়ে পাঠিয়ে বেলজিয়ামের ফেরার গল্পের প্রথম অধ্যায়টা লেখেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু। তখনও মনে হচ্ছিল, বেলজিয়াম শুধু ব্যবধানটাই কমালো!
কিন্তু শেষ বাঁশি বাজার আগে ফুটবল ম্যাচে কিছুই বলা যায় না। দুই মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে ম্যাচে সমতা আনে বেলজিয়াম। পানি পানের বিরতিতে যারা তর্কে জড়িয়েছিলেন, সেই দুজন মিলেই দলকে ম্যাচে ফেরান। ট্রসারের পাস থেকে ঠান্ডা মাথায় গোল করেন তিয়েলমানস।
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। দুই দলই শেষ ১৬-এর টিকিট কাটতে মরিয়া হয়ে আক্রমণ সাজাতে থাকে। আক্রমণ পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করতে থাকে।

ম্যাচ শেষে তিয়েলমানসকে ঘিরে সতীর্থদের উল্লাস
১১৮ মিনিটে ডিবক্সে ফাউলের শিকার হন তিয়েলমানস। ভিএআর এর সহায়তায় পেনাল্টি পেয়ে যায় বেলজিয়াম। বরফমানবের মতো ছিলেন তিয়েলমানস, মনেই হয়নি পাহাড়সম চাপ নিয়ে পেনাল্টি নিচ্ছেন তিনি। সেনেগাল গোলরক্ষকে বাম দিকে পাঠিয়ে ডানের প্রান্তের কোনা দিয়ে বল জালে পাঠান এই মিডফিল্ডার।
সমান সমান লড়াইয়ের ম্যাচ শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে, বিশ্বকাপ ফুটবলের রূপকথায় আরও একটি অধ্যায় যোগ করে বেলজিয়াম। সেনেগাল যেভাবে খেলেছে, আফ্রিকার সিংহরা মাথা উঁচু করেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলো।
শেষ ১৬-তে বেলজিয়ামের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।