খেলারদেশ

রোনালদো–মদ্রিচ: কার বিশ্বকাপ শেষ হবে আজ?

যদিও ম্যাচটিকে অনেকেই দেখছেন লুকা মদ্রিচ বনাম ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াই হিসেবে। তবে ক্রোয়েশিয়া কোচের মতে, ম্যাচের ফল এই দুই কিংবদন্তী নির্ধারণ করবেন না, নির্ধারণ করবে দুই দলের মিডফিল্ডাররা।

রোনালদো–মদ্রিচ: কার বিশ্বকাপ শেষ হবে আজ?

ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লুকা মদ্রিচ

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ-৩২ পর্বে, টরন্টোর বিএমও ফিল্ডে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই অভিজ্ঞ দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় ৩ জুলাই (শুক্রবার) ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।

একদিকে ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপ অভিযান, অন্যদিকে ৪০ বছর বয়সী লুকা মদ্রিচেরও তাই। ম্যাচটি ঘিরে সব মিলিয়ে ভক্তদের মাঝে আগ্রহ তুঙ্গে। প্রশ্ন হচ্ছে, দুই সাবেক রিয়াল মাদ্রিদ তারকার মধ্যে কার বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি হতে যাচ্ছে আজ?

দুই সাবেক রিয়াল মাদ্রিদ তারকা

দুই সাবেক রিয়াল মাদ্রিদ তারকা

○ ছন্দ খুঁজছে পর্তুগাল

বিশ্বকাপে রবার্তো মার্তিনেজের দল এখনো অপরাজিত হলেও তাদের পারফরম্যান্স পুরোপুরি আশ্বস্ত হবার মতো না। ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ ড্র দিয়ে শুরু করলেও এরপর উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দেয় তারা। তবে গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় গ্রুপসেরা হওয়ার সুযোগ হাতছাড়া হয়। ফলে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বদলে শেষ-৩২ পর্বে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা—ক্রোয়েশিয়া।

তবে পর্তুগালের বড় শক্তি তাদের তারকাবহুল স্কোয়াড। ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া, জোয়াও নেভেস, নুনো মেন্দেস, জোয়াও ফেলিক্স ও পেদ্রো নেতোদের সঙ্গে আক্রমণের নেতৃত্বে থাকবেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

○ রোনালদোর সামনে নতুন ইতিহাস

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে টানা ছয় আসরে গোল করা প্রথম ফুটবলার হয়েছেন রোনালদো। তবে তাঁর সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ক্যারিয়ারে বিশ্বকাপের আটটি নকআউট ম্যাচ খেললেও এখনও কোনো গোল করতে পারেননি তিনি। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই অপেক্ষার অবসানের সুযোগ পাচ্ছেন পর্তুগিজ মহাতারকা।

ম্যাচের আগে সমর্থকদের উদ্দেশে রোনালদো বার্তা দিয়েছেন, স্টেডিয়ামে যেন তাঁরা পর্তুগালের জন্য 'ঘরের পরিবেশ' তৈরি করেন।

Image

○ আত্মবিশ্বাসে ক্রোয়েশিয়া

ইংল্যান্ডের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরে পানামা ও ঘানাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে জ্লাৎকো দালিচের দল। অভিজ্ঞ মদ্রিচ-কোভাসিচ জুটির সঙ্গে ইয়স্কো গাভারদিওল, ইভান পেরিশিচ ও মার্টিন বাতুরিনারা বড় ম্যাচের জন্য প্রস্তুত।

দালিচ অবশ্য মনে করেন, ম্যাচটি রোনালদো বনাম মদ্রিচের ব্যক্তিগত দ্বৈরথ নয়; বরং ফল নির্ধারণ করবে দুই দলের মাঝমাঠের লড়াই।

যদিও ম্যাচটিকে অনেকেই দেখছেন লুকা মদ্রিচ বনাম ক্রিস্টিয়ানো রোনালদোর লড়াই হিসেবে। তবে ক্রোয়েশিয়া কোচের মতে, ম্যাচের ফল এই দুই কিংবদন্তী নির্ধারণ করবেন না, নির্ধারণ করবে দুই দলের মিডফিল্ডাররা।

Image

টরন্টোতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দালিচ বলেন, 'আমি মনে করি, এই ম্যাচটা হবে মিডফিল্ডের লড়াই। পর্তুগালের মাঝমাঠে অসাধারণ অনেক খেলোয়াড় আছেন। তাঁরা কৌশলগতভাবে খুবই শক্তিশালী। এই ম্যাচে একটি ভুলও বড় শাস্তির কারণ হতে পারে।'

ইংল্যান্ডের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর পানামা ও ঘানাকে হারিয়ে শেষ-৩২ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। অন্যদিকে পর্তুগাল একটি জয় ও দুটি ড্র নিয়ে নকআউটে উঠলেও এখন পর্যন্ত নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি রবার্তো মার্তিনেজের দলকে।

তবু প্রতিপক্ষকে হালকাভাবে নিতে রাজি নন দালিচ। পর্তুগাল সম্পর্কে তিনি বলেন, 'তাঁরা সবসময় বলের দখল নিজেদের কাছে রাখতে চায়। দলটির দুর্বলতা খুবই কম এবং যেকোনো মুহূর্তে তারা প্রতিপক্ষের জন্য বিপদ তৈরি করতে পারে।'

ক্রোয়েশিয়ার মাঝমাঠে থাকবেন লুকা মদ্রিচ, মার্টিন বাতুরিনা ও পেতার সুসিচ। অন্যদিকে পর্তুগালের মিডফিল্ডে ভিটিনিয়া, জোয়াও নেভেস ও ব্রুনো ফার্নান্দেসের মতো খেলোয়াড়।

অন্যদিকে ক্রোয়েশিয়াকে নিয়েও যথেষ্ট সতর্ক পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। তিনি বলেন, 'আগামীকাল থেকেই শুরু হবে আসল/দ্বিতীয় বিশ্বকাপ।'

ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ-৩২ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ ছিল কঠিন প্রস্তুতির অংশ। এখন থেকে প্রতিটি ম্যাচই হবে বাঁচা-মরার লড়াই।

'ক্রোয়েশিয়াকে আমরা খুব ভালোভাবেই চিনি। তারাও আমাদের শক্তি ও সামর্থ্য সম্পর্কে জানে। ম্যাচটা নিঃসন্দেহে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে,' বলেন তিনি। ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ও ২০২২ সালের তৃতীয় স্থান অর্জনকারী ক্রোয়েশিয়াকে যথেষ্ট সমীহ করছেন মার্তিনেজ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ৯০ মিনিট খেলানো হয় ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোকে। এতে পর্তুগিজ গণমাধ্যমে সমালোচনা ওঠে, কারণ স্ট্রাইকার গনসালো রামোস পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না।

তবে এসব সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না মার্তিনেজ। তাঁর ভাষায়, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দলের প্রতিটি খেলোয়াড় যেন খেলার জন্য প্রস্তুত থাকে। শুরুর একাদশে হোক বা বেঞ্চে—যখনই প্রয়োজন হবে, তারা যেন দলের জন্য অবদান রাখতে পারে।'

ম্যাচটিকে ঘিরে আলোচনার বড় অংশ জুড়ে রয়েছেন দুই কিংবদন্তি—৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো ও ৪০ বছর বয়সী লুকা মদ্রিচ। তবে বয়স নিয়ে আলোচনাকে গুরুত্ব দিচ্ছেন না মার্তিনেজ, 'মানুষ বয়স নিয়ে কথা বলে, কিন্তু বয়স শুধু একটি সংখ্যা। গুরুত্বপূর্ণ হলো তারা মাঠে কী করছে এবং ড্রেসিংরুমে কী ধরনের উদাহরণ তৈরি করছে।'

এদিকে ম্যাচটি পর্তুগালের জন্য আবেগঘনও। কারণ, গাড়ি দুর্ঘটনায় নিহত ফরোয়ার্ড দিয়োগো জোতার মৃত্যুবার্ষিকীর ঠিক একদিন আগে মাঠে নামবে দলটি।

মিডফিল্ডার ভিতিনিয়া বলেন, 'আমাদের জয়ের প্রেরণা অনেক। আমাদের পরিবার, দিয়োগো জোতা, পুরো দেশ এবং পর্তুগালের মানুষের জন্য আমরা জিততে চাই। ক্রোয়েশিয়ার বিপক্ষে জয় পেতে আমরা সর্বোচ্চটা উজাড় করে দেব।'

ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ দুই কিংবদন্তিকে নিয়ে বলেন, 'তাঁরা দুজনই ফুটবলে অসামান্য অবদান রেখেছেন। আমি বিশ্বাস করি, লুকা তাঁর পথচলা আরও এগিয়ে নিয়ে যাবেন। আদতে দুজন সম্পর্কেই আমার কেবল ইতিবাচক কথাই বলার আছে।'

এদিকে ম্যাচটি হবে টরন্টোতে বিশ্বকাপ আসরের শেষ আয়োজন। একই সঙ্গে বিশ্বকাপ মঞ্চে মদ্রিচ কিংবা রোনালদোর শেষ নকআউট ম্যাচও হতে পারে।

○ সম্ভাব্য একাদশ

পর্তুগাল (৪-২-৩-১): দিওগো কোস্তা; ক্যানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস; জোয়াও নেভেস, ভিতিনিয়া; পেদ্রো নেতো, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও ফেলিক্স; ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্রোয়েশিয়া (৪-২-৩-১): লিভাকোভিচ; স্তানিসিচ, শুতালো, পংরাসিচ, গাভারদিওল; মদ্রিচ, কোভাসিচ; পেতার সুসিচ, বাতুরিনা, পেরিশিচ; বুদিমির।

○ পরিসংখ্যান

—গত ১৬ ম্যাচে মাত্র একবার হেরেছে পর্তুগাল।

—গত ১০ দেখায় ক্রোয়েশিয়ার বিপক্ষে সাতবার জিতেছে পর্তুগাল।

—সুপারকম্পিউটারের মতে, পর্তুগালকে জয়ের সম্ভাবনা ৫৪.৫ শতাংশ।

তবে ক্রোয়েশিয়া সহজে হার মানার দল নয়। যদিও স্কোয়াডের গভীরতা, ব্যক্তিগত নৈপুণ্য এবং আক্রমণভাগের বৈচিত্র্যের কারণে কিছুটা এগিয়ে পর্তুগাল।

ম্যাচ প্রেডিকশন: পর্তুগাল ২-১ ক্রোয়েশিয়া।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।