খেলারদেশ

স্পেনের লক্ষ্য ১৬ বছরের খরা কাটানো

দীর্ঘ ১৬ বছর ধরে নকআউট পর্বের ম্যাচ জেতার খরা কাটাতে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে স্পেন।

স্পেনের লক্ষ্য ১৬ বছরের খরা কাটানো

আজ রাতে মুখোমুখি হচ্ছে স্পেন-অস্ট্রিয়া

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

দীর্ঘ ১৬ বছর ধরে নকআউট পর্বের ম্যাচ জেতার খরা কাটাতে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে স্পেন। গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে থেকে শেষ ষোলো নিশ্চিত করা স্প্যানিশরা গত শনিবারে আলেক্স বায়েনার একমাত্র গোলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে।

লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা গ্রুপ পর্বে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিলেও, দুই বছর আগের ইউরো চ্যাম্পিয়নশিপের সেই চেনা ছন্দ এখনো পুরোপুরি ফিরে পায়নি। বিশেষ করে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র করাটা লা রোহাদের পারফরম্যান্স নিয়ে কিছুটা প্রশ্ন তুলেছে। তবে গ্রুপ পর্বে ভুলের সুযোগ থাকলেও নকআউট পর্বে যে আর কোনো ছাড় নেই, তা ভালো করেই জানেন কোচ দে লা ফুয়েন্তে।

২০১০ সালের ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক অতিরিক্ত সময়ের গোলের পর থেকে বিশ্বকাপে আর কোনো নকআউট ম্যাচ জিততে পারেনি স্পেন। ২০১৮ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে স্বাগতিক রাশিয়ার কাছে পেনাল্টি শুটআউটে হেরেছে। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও রাউন্ড অব সিক্সটিনে মরক্কোর কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নিয়েছিলো স্পেন।

স্পেনের ভক্তরাই শুধু নয়, সমগ্র বিশ্বই তাকিয়ে থাকবে লামিন ইয়ামালের দিকে

স্পেনের ভক্তরাই শুধু নয়, সমগ্র বিশ্বই তাকিয়ে থাকবে লামিন ইয়ামালের দিকে

ইতিহাসে স্পেন কখনো টানা তিনবার নকআউট পর্ব থেকে বিদায় নেয়নি। তবে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে শেষ সাতটি নকআউট ম্যাচে তাদের গোল খরা চিন্তার কারণ, যেখানে তারা মাত্র ১টি গোল করতে পেরেছে। ডিফেন্স লাইন দুর্দান্ত খেললেও দে লা ফুয়েন্তের দলের মূল পরীক্ষা আজ আক্রমণভাগে।

○ ৭২ বছর পর অস্ট্রিয়ার রূপকথা

চলতি বিশ্বকাপে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো পরাশক্তিদের বিদায়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে আছে অস্ট্রিয়া। প্রায় ৭২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখল তারা। এর আগে ১৯৫৪ সালে শেষবার তারা নকআউট খেলেছিল, যেখানে সুইজারল্যান্ডকে ৭-৫ গোলে হারিয়েছিল অস্ট্রিয়ানরা—যা আজ পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ স্কোরিং ম্যাচ।

ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে নকআউট ম্যাচে অস্ট্রিয়ার রেকর্ড বেশ ভালো; ফ্রান্স, হাঙ্গেরি এবং সুইজারল্যান্ডের বিপক্ষে জিতেছে আগেও।

দুই দলের কোচা ভিসেন্তে দে লা ফুয়েন্তে ও রালফ রাগনিক

দুই দলের কোচা ভিসেন্তে দে লা ফুয়েন্তে ও রালফ রাগনিক

○ রক্ষণ বনাম ক্লিন শিটের লড়াই

পরিসংখ্যানের দিক থেকে দুই দলের রক্ষণভাগে আকাশ-পাতাল তফাত। টানা চার ম্যাচে কোনো গোল খায়নি স্পেনিশরা, যা তাদের ২০১০ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। অন্যম্যাচে বিশ্বকাপে টানা ১২ ম্যাচে ক্লিন শিট রাখতে ব্যর্থ অস্ট্রিয়া। শেষবার ১৯৮২ সালে আলজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে পোস্ট অক্ষত রাখতে পেরেছিল তারা।

○ মুখোমুখি ইতিহাস ও পূর্বাভাস

দুই দলের হেড-টু-হেড রেকর্ডে বেশ এগিয়ে স্পেন। শেষ পাঁচবারের দেখায় ৪টি জয় ও ১টি ড্র নিয়ে অপরাজিত আছে তারা। ২০০৯ সালের সর্বশেষ দেখায় অস্ট্রিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল স্পেন। তবে বিশ্বকাপে তাদের একমাত্র দেখায় (১৯৭৮ সাল) অস্ট্রিয়া ২-১ ব্যবধানে জিতেছিল।

সুপার কমপিউটারের বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৭০.৬%। অন্যদিকে অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১২.২% এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ১৭.৩%। সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার রেসে স্পেন ৭৯.৫% এবং অস্ট্রিয়া ২০.৫% ব্যবধানে এগিয়ে রয়েছে।

○ সম্ভাব্য একাদশ

স্পেন: উনাই সিমন, মার্কোস লরেন্তে, পাও কুবারসি, অ্যামেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি (অধিনায়ক), পেদ্রী, ফ্যাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, অ্যালেক্স বায়েনা ও মিকেল ওয়রাজাবাল

অস্ট্রিয়া: আলেকজান্ডার শ্লাগার, কেভিন ডানসো, ফিলিপ লিনহার্ট, ফিলিপ এমওয়েনে, স্টেফান পোশ, জাভের শ্লাগার, নিকোলাস সাইভাল্ড, রোমানো শ্মিড, মার্সেল সাবিৎসার, কনরাড লেমার, মিখায়েল গ্রেগরিটশ।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।