আর্জেন্টিনাকে কাঁপিয়ে কেপ ভার্দের বিদায়
অতিরিক্ত সময়ে কেপ ভার্দের বাধা পেরিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা, জয়ে মেসির গোল-অ্যাসিস্ট

অতিরিক্ত সময়ে কেপ ভার্দের বাধা পেরিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা, জয়ে মেসির গোল-অ্যাসিস্ট
বিশ্বকাপ ২০২৬। নকআউট, শেষ-৩২ পর্ব।
যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে, প্রত্যাশার চেয়ে অনেক কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছে মেসিদের। তবে শেষ পর্যন্ত কেপ ভার্দের বিশ্বকাপে অপরাজিত থাকার ইতিহাস থামিয়ে জয় তুলে নিলো আর্জেন্টিনা। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

কষ্টার্জিত জয়ের পর এভাবেই স্বস্তি প্রকাশ করেন লিওনেল মেসি
মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের দীর্ঘ পাস ধরে বক্সে ঢুকে দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি।

২৯' মেসির প্রথম গোলে ১-০ তে লিড নেয় আর্জেন্টিনা
তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরে আসে কেপ ভার্দে। ৫৯তম মিনিটে ডান দিক থেকে ডেরয় দুয়ার্তে নিজ নৈপুণ্যে লিসান্দ্রোকে কাটিয়ে দুর্দান্ত গোল করে ১-১ সমতা ফেরান। এটা ছিল বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের ইতিহাসের প্রথম গোল।

৫৯' ডেরয় দুয়ার্তে ১-১ গোলে সমতায় ফেরান

ডেরয় দুয়ার্তের গোলে পরাস্ত আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ

ডেরয় দুয়ার্তে নিজের দুর্দান্ত গোল করে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না
নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে তৈরি হওয়া রিবাউন্ডে লিসান্দ্রো মার্তিনেজ জোরালো শটে বল জালে পাঠিয়ে ২-১ গোলে আবার লিড এনে দেন আর্জেন্টিনাকে।

৯২' অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেজ ২-১ গোলে আবার এগিয়ে দেন আর্জেন্টিনাকে
কিন্তু কেপ ভার্দে হার মানেনি। কিছুক্ষণ পরই অতিরিক্ত সময়ে, ১০৩ মিনিটে, বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে সিডনি লোপেস কাবরাল আবারও ২-২ গোলে সমতায় ফেরান দলকে।

১০৩' অতিরিক্ত সময়ে লোপেস কাবরাল আবারও ২-২ গোলে ম্যাচে ফেরান কেপ ভার্দেকে
ম্যাচ যখন টাইব্রেকারের দিকেই এগোচ্ছিল, তখন আসে সিদ্ধান্তসূচক মুহূর্ত। অতিরিক্ত সময়ের শেষ দিকে মেসির নেওয়া কর্নার থেকে রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার বোর্গেসের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

১১১' রোমেরোর হেডে আসা বল থেকে কেপ ভার্দে ডিফেন্ডার বোর্গেসের আত্মঘাতী গোল (৩-২)
ম্যাচে গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন মেসি। আর দুই দফা পিছিয়ে পড়েও সমতায় ফেরা কেপ ভার্দে বিদায় নিলেও তাদের লড়াকু পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। অতিরিক্ত সময়ে কেপ ভার্দে দুটো গোলের বড় সুযোগ পায়। কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দারুণভাবে প্রতিহত করে দেন। ফলে, ১২০ মিনিট শেষে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
কেপ ভার্দের অপরাজিত থাকার রেকর্ড থামল এই পরাজয়ে। বিশ্বকাপ মিশন শেষ হলো এবারের আসরের চমক ছড়ানো কেপ ভার্দে। তবে ম্যাচটিতে কেপ ভার্দের রক্ষণভাগ এবং গোলরক্ষক আনাস্তাসিও ভজিনিয়া একক নৈপূণ্যে আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। পুরো ম্যাচে ৮টি সেইভ করেন তিনি।

পুরো ম্যাচে ৮টি সেইভ করেন কেপ ভার্দে গোলরক্ষক ভজিনিয়া

রেটিং-এ কেপ ভার্দে দলের সেরা খেলোয়াড় ছিলেন আনাস্তাসিও ভজিনিয়া
এই জয়ের ফলে শেষ ষোলোতে উঠেছে আর্জেন্টিনা। সেখানে তাদের প্রতিপক্ষ হবে মিশর।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।