খেলারদেশ

বিশ্বকাপ ফুটবল ২০২৬

নাটকীয় ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

স্নায়ুচাপ ধরে রেখে নাটকীয় ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দশজনের দল নিয়ে খেলে ইংরেজদের জয় ৩-২ গোলে।

নাটকীয় ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ইংল্যান্ডের দুই জয়ের নায়ক জুড বেলিংহাম ও হ্যারি কেইন

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

স্তাদিও আসতেকায় মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার রাউন্ড অব সিক্সটিনের ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ম্যাচজুড়ে গোল, পেনাল্টি, লাল কার্ড, ভিএআর সিদ্ধান্ত—সব মিলিয়ে দর্শকরা যেমন নকআউট ম্যাচ উপভোগ করতে চান, তার সকল নাটকীয় রসদই যোগান দিয়েছে এই ম্যাচ।

প্রথমার্ধে ইংল্যান্ড দ্রুত এগিয়ে যায়। ৩৬ মিনিটে বুকায়ো সাকার নিখুঁত ক্রস থেকে জুড বেলিংহ্যাম হেডে গোল করে দলকে এগিয়ে দেন। মাত্র দুই মিনিট পর আবারও বেলিংহ্যাম কাছাকাছি থেকে শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৪২ মিনিটে মেক্সিকোর হুলিয়ান কিনোনেস গোল করে ব্যবধান কমান। বিরতিতে স্কোর দাঁড়ায় ২-১।

ইংল্যান্ডের তিন গোলের দুটি করেন বেলিংহাম, অপরটি হ্যারি কেইন

ইংল্যান্ডের তিন গোলের দুটি করেন বেলিংহাম, অপরটি হ্যারি কেইন

দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ৫৪ মিনিটে ইংল্যান্ডের তরুণ ডিফেন্ডার জারেল কোয়ানসাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। একজন কম থাকা সত্ত্বেও আক্রমণাত্মক ফুটবল চালিয়ে যায় ইংল্যান্ড। ৫৮ মিনিটে অ্যান্থনি গর্ডন ফাউল আদায় করে ইংল্যান্ডকে পেনাল্টি এনে দেন। হ্যারি কেইন ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করলে ব্যবধান ৩-১ এ দাঁড়ায়।

কিন্তু মেক্সিকো হাল ছাড়েনি। ৬৬ মিনিটে ব্রায়ান গুতিয়েরেজ ফাউল আদায় করলে ভিএআর দেখে পেনাল্টি দেওয়া হয়। রাউল হিমেনেস গোল করে ব্যবধান কমান—৩-২। এরপর মেক্সিকো একের পর এক আক্রমণ চালায়। অতিরিক্ত সময়ে তারা একাধিক কর্নার পেলেও গোল করতে পারেনি। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।

শেষ মুহূর্তে সান্তিয়াগো হিমেনেস ইনজুরিতে মাঠ ছাড়লেও মেক্সিকো বদলি শেষ করে ফেলায় দশজন নিয়ে খেলতে হয়। এতে তাদের আক্রমণভাগ দুর্বল হয়ে পড়ে। ইংল্যান্ড রক্ষণভাগে দৃঢ় থেকে জয় ধরে রাখে।

দারুণ ফুটবল খেললেও আবারও বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায় নিলো মেক্সিকো

দারুণ ফুটবল খেললেও আবারও বিশ্বকাপের শেষ ১৬ থেকে বিদায় নিলো মেক্সিকো

ম্যাচে বেলিংহ্যামের দুটি গোল ছিল ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। হ্যারি কেইনও পেনাল্টি থেকে গোল করে নিজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণ দিয়েছেন। অন্যদিকে মেক্সিকোর হয়ে হিমেনেস লড়াই চালিয়ে গেছেন, তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেননি। দল কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না ইংল্যান্ডের নাম্বার টেন জুড বেলিংহাম।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।