খেলারদেশ

ফিফার কেলেঙ্কারি ও ফুটবলের ক্ষতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি ক্রমশ ফুটবলের স্বাভাবিক বাস্তবতা থেকে দূরে সরে গেছে। ২০২৬ বিশ্বকাপে ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা সেই ধারাবাহিকতার সর্বশেষ এবং সবচেয়ে আলোচিত উদাহরণ। কীভাবে বিশ্বকাপে রাজনৈতিক প্রভাব, বাণিজ্যিক স্বার্থ এবং তারকা-নির্ভর সিদ্ধান্তগুলো ফুটবল-সংশ্লিষ্ট সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলছে তার কিছু উদাহরণ দেখে নেয়া যাক—

ফিফার কেলেঙ্কারি ও ফুটবলের ক্ষতি

জিয়ান্নি ইনফান্তিনোর আমলে ফিফা অসংখ্য বিতর্কের জন্ম দিয়েছে এবং দিচ্ছে

রনক জামান
By রনক জামান

দ্য টেলিগ্রাফের ক্রীড়া-বিশ্লেষক ও সাংবাদিক বেন রামসবির মতে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি ক্রমশ ফুটবলের স্বাভাবিক বাস্তবতা থেকে দূরে সরে গেছে। দ্য টেলিগ্রাফের প্রধান ক্রীড়া-লেখক অলিভার ব্রাউন তো সরাসরিই বলেছেন, 'চমৎকার এক বিশ্বকাপকে ট্রাম্প ও ইনফান্তিনো বিষিয়ে তুলেছেন।'

২০২৬ বিশ্বকাপে ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা সেই ধারাবাহিকতার সর্বশেষ এবং সবচেয়ে আলোচিত উদাহরণ। কীভাবে বিশ্বকাপে রাজনৈতিক প্রভাব, বাণিজ্যিক স্বার্থ এবং তারকা-নির্ভর সিদ্ধান্তগুলো ফুটবল-সংশ্লিষ্ট সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলছে তার কিছু উদাহরণ দেখে নেয়া যাক—

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপের জন্য প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়ামটি একটি খাড়া পাহাড়ের গায়ে নির্মাণ করা হবে

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপের জন্য প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়ামটি একটি খাড়া পাহাড়ের গায়ে নির্মাণ করা হবে

সৌদি আরবকে ২০৩৪ বিশ্বকাপ দেওয়ার প্রক্রিয়া

২০২২ বিশ্বকাপ কাতারকে দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগের পর ফিফা বিশ্বকাপ আয়োজক নির্বাচন আরও স্বচ্ছ করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই নীতির ব্যতিক্রম ঘটে ২০৩৪ বিশ্বকাপের ক্ষেত্রে। ২০২৩ সালে ২০৩০ বিশ্বকাপ তিন মহাদেশে ভাগ করে দেওয়ার পর এমন শর্ত নির্ধারণ করা হয়, যাতে কার্যত শুধু সৌদি আরবই ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের দৌড়ে থাকতে পারে। পরে ফিফা সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর সঙ্গে বড় অঙ্কের বাণিজ্যিক চুক্তিও করে। এর মাধ্যমে সৌদি আরবের সঙ্গে ফিফার ঘনিষ্ঠ সম্পর্ক আরও স্পষ্ট হয়ে ওঠে।

গত বছর ফিফা জোর করে ইন্টার মায়ামি এবং লিওনেল মেসিকে ক্লাব বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছিল

গত বছর ফিফা জোর করে ইন্টার মায়ামি এবং লিওনেল মেসিকে ক্লাব বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছিল

ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির অন্তর্ভুক্তি

লিওনেল মেসির ইন্টার মায়ামিকে নতুন ৩২ দলের ক্লাব বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ছিল বিশেষ সুবিধাপ্রাপ্তির উদাহরণ। ইন্টার মায়ামি নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পেলেও তখনও এমএলএসের মূল চ্যাম্পিয়ন নির্ধারণ হয়নি। পরে তারা প্লে-অফ থেকে বিদায় নেয় এবং এলএ গ্যালাক্সি শিরোপা জেতে। তবুও ক্লাব বিশ্বকাপে জায়গা পায় ইন্টার মায়ামি। এটা স্পষ্টতই ছিল ইনফান্তিনোর নতুন টুর্নামেন্টে মেসিকে রাখার একটি সচেতন সিদ্ধান্ত।

জিয়ানি ইনফান্তিনো ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার প্রদান করছেন

জিয়ানি ইনফান্তিনো ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার প্রদান করছেন

ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’

ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর ফিফা নিজেদের উদ্যোগে একটি ‘ফিফা পিস প্রাইজ’ চালু করে এবং সেটি ট্রাম্পকে প্রদান করে। ইনফান্তিনো ট্রাম্পকে ‘বিশ্বে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় অবদানের’ জন্য সম্মানিত করেছেন বলে ঘোষণা দেন। অথচ এর কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক উত্তেজনার ঘটনাগুলো সেই সিদ্ধান্তকে আরও বিতর্কিত করে তোলে।

রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে ডারা ও'শে-র পিঠে কনুই দিয়ে আঘাত করার জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো (বাম থেকে দ্বিতীয়) সরাসরি লাল কার্ড দেখেন

রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে ডারা ও'শে-র পিঠে কনুই দিয়ে আঘাত করার জন্য ক্রিশ্চিয়ানো রোনালদো (বাম থেকে দ্বিতীয়) সরাসরি লাল কার্ড দেখেন

রোনালদোর নিষেধাজ্ঞা স্থগিত

বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখার পর ক্রিস্টিয়ানো রোনালদো তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান। কিন্তু পরবর্তীতে ফিফা জানায়, শেষ দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত থাকবে। ফলে রোনালদো বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারেন। পরবর্তীতে ফোলারিন বালোগুনের ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ আরও জোরালো হয়।

হাইড্রেশন ব্রেক সমর্থকদের হতাশ করেছে, এবং বিশেষজ্ঞরা মনে করছেন, রাজস্ব আয়ের উদ্দেশ্যেই এটা চালু করা হয়েছে

হাইড্রেশন ব্রেক সমর্থকদের হতাশ করেছে, এবং বিশেষজ্ঞরা মনে করছেন, রাজস্ব আয়ের উদ্দেশ্যেই এটা চালু করা হয়েছে

বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি

২০২৬ বিশ্বকাপে প্রতিটি ম্যাচে নির্দিষ্ট সময়ে তিন মিনিটের পানিবিরতি বাধ্যতামূলক করা হয়। ফিফার যুক্তি ছিল উত্তর আমেরিকার গরম আবহাওয়া। কিন্তু যে আবহাওয়ায় হাইড্রেশন ব্রেক দরকার নেই, সেখানেও দেয়া হয়। আর এই বিরতির সুযোগে বিজ্ঞাপন ও সম্প্রচার থেকে অতিরিক্ত আয় করার সুযোগ তৈরি করে নেয়া গত। অনেক দর্শক স্টেডিয়ামে এই বিরতির সময় অসন্তোষ প্রকাশ করেছেন এবং টেলিভিশন দর্শকদের একাংশও বিষয়টি অপছন্দ করেছেন তুমুলভাবে।

টিকিটের মূল্য নিয়ে বিতর্ক

বিশ্বকাপ টিকিটের মূল্যকে সমর্থন করে চলেছেন ইনফান্তিনো

বিশ্বকাপ টিকিটের মূল্যকে সমর্থন করে চলেছেন ইনফান্তিনো

বিশ্বকাপের টিকিটের দাম সর্বোচ্চ প্রায় ১১ হাজার মার্কিন ডলারে পৌঁছায়। এ ছাড়া ডায়নামিক প্রাইসিং ব্যবস্থার কারণে একই টিকিটের দাম চাহিদা অনুযায়ী বাড়তে থাকে। এ নিয়ে ইউরোপীয় কমিশনে অভিযোগ দায়ের হয় এবং যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ তদন্তও শুরু করে। ফিফা অবশ্য জানায়, উত্তর আমেরিকার বড় ক্রীড়া আসরগুলোতে এ ধরনের মূল্য নির্ধারণ স্বাভাবিক এবং এই আয় বিশ্ব ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে অস্বীকৃত হওয়ার পর সোমালিয়ায় ফিরলে ওমর আব্দুলকাদির আরতানকে বীরোচিত অভ্যর্থনা জানানো হয়

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে অস্বীকৃত হওয়ার পর সোমালিয়ায় ফিরলে ওমর আব্দুলকাদির আরতানকে বীরোচিত অভ্যর্থনা জানানো হয়

সোমালিয়ার রেফারি ওমর আরতানের ঘটনা

বিশ্বকাপ শুরুর আগে সোমালিয়ার রেফারি ওমর আরতান যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। যুক্তরাষ্ট্রের প্রশাসন নিরাপত্তাজনিত কারণ দেখালেও আরতান সেই অভিযোগ অস্বীকার করেন। ইনফান্তিনো বলেন, আয়োজক দেশের সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা ফিফার নেই। আরতানের ঘটনাটি ফিফার কার্যত অসহায় ও অসাড় অবস্থার প্রতিফলন ছিল।

ফিফা ও মার্কিন কর্তৃপক্ষের হাতে নিজ দেশের সঙ্গে হওয়া আচরণের সমালোচনা করেছেন ইরানের অধিনায়ক মেহদি তারেমি

ফিফা ও মার্কিন কর্তৃপক্ষের হাতে নিজ দেশের সঙ্গে হওয়া আচরণের সমালোচনা করেছেন ইরানের অধিনায়ক মেহদি তারেমি

ইরানের প্রতি আচরণ

যুক্তরাষ্ট্র ও ইরানের রাজনৈতিক উত্তেজনার প্রভাব বিশ্বকাপেও পড়ে। ইরানকে যুক্তরাষ্ট্রে স্থায়ী ক্যাম্প করার অনুমতি না দিয়ে মেক্সিকোতে অবস্থান করতে হয় এবং প্রতিটি ম্যাচের জন্য যাতায়াত করতে হয়। যার মধ্য দিয়ে অসংখ্যবার ভোগান্তির শিকার হতে হয় দলটিকে। অধিনায়ক মেহদি তারেমি অভিযোগ করেন, ফিফা তাদের সমস্যার সমাধানে কার্যকর কোনো ভূমিকা পালন করেনি। যদিও ইনফান্তিনো ইরানের ড্রেসিংরুমে গিয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতির কোনো বাস্তব ফল পাওয়া যায়নি।

Image

বালোগুন বিতর্ক

ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং এটা ফিফার আচরণের ধারাবাহিকতার অংশ, যেখানে ফিফার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বারবার রাজনৈতিক প্রভাব, বাণিজ্যিক স্বার্থ এবং তারকা খেলোয়াড়দের ঘিরে বিতর্ক সৃষ্টি করে আসছে।

যেন ইনফান্তিনোর নেতৃত্বে ফিফা ক্রমেই এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যেখানে ফুটবল-সংক্রান্ত সিদ্ধান্তের চেয়ে রাজনৈতিক ও বাণিজ্যিক বিবেচনা বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।

রনক জামান

রনক জামান

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।