খেলারদেশ

ফ্রান্সকে সেমিতে নিলেন এমবাপ্পে ও দেম্বেলে

এবারের বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের জন্য কোনো বাধা হতে পারেনি মরক্কো, লেস ব্লুস দল ২-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে।

ফ্রান্সকে সেমিতে নিলেন এমবাপ্পে ও দেম্বেলে

এমবাপ্পের গোল ও অ্যাসিস্টে সহজ জয় ফ্রান্সের

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে সহজ জয় দিয়ে বিশ্বকাপে টানা তৃতীয় সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাসাচুসেটসের জিলিট স্টেডিয়ামে গত বিশ্বকাপের সেমিফাইনালের মতোই ২-০ গোলে মরক্কোকে হারিয়েছে লেস ব্লুস দল। গোলরক্ষক ইয়াসিন বোনোর বীরত্বে মারাত্মক সম্মানহানির হাত থেকে বেঁচেছে এটলাস লায়ন্স দল। ছয়-ছয়টি সেইভ করেছেন বোনো, নাহলে হয়ত গোলের মালা পর‍তে হতো তাঁর দলকে।

বল পজেশনে মরক্কো সামান্য এগিয়ে থাকলেও ফ্রান্স দলের রক্ষণ দৃঢ়তায় তেমন কোনো আক্রমণ সাজাতে পারেনি। পুরো ম্যাচে মরক্কোর অন টার্গেট শট মাত্র একটি। আর ফ্রান্স গোলের জন্য মোট ১৭টি শট নিয়েছে, এর মধ্যে ৮টি অনটার্গেট শট। ম্যাচে ফ্রান্সের আধিপত্য বোঝাতে এই একটি তথ্যই যথেষ্ট। অন্যান্য ম্যাচে মরোক্কানরা রক্ষণভাগে যথেষ্ট কুশলী হলেও কোয়ার্টার ফাইনালে শট ব্লক করতে পেরেছে মাত্র একটি। আর ফ্রান্সের রক্ষণভাগ এই ম্যাচে ৫টি শট ব্লক করেছে।

২০২৬ বিশ্বকাপ নিজের করে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে

২০২৬ বিশ্বকাপ নিজের করে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে

ম্যাচের শুরু থেকেই মরক্কোর রক্ষণদূর্গে আক্রমণের ঢেউ বইয়ে দেয় লেস ব্লুস দল। প্রথম হাইড্রেশন ব্রেকের আগে আগে মাজরাউয়ি এমবাপ্পেকে ডিবক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টিও পেয়ে যায়। কিন্তু স্পটকিক থেকে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের নেওয়া শট ফিরিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। গোল না হওয়ার পেছনে অবশ্য বোনোর সেইভের কৃতিত্বের চেয়েও এমবাপ্পের দুর্বল শটের দায়ই বেশি। পুরো প্রথমার্ধ সেই হতাশা কাটাতে পারেনি ফ্রান্স। গোলশূন্য রেখে মরক্কোও ম্যাচে লড়াইয়ে থাকে।

একের পর এক আক্রমণ সাজাতে থাকায়, এই ম্যাচে ফ্রান্সের গোল পাওয়া ছিলো সময়ের ব্যাপার মাত্র। ডেডলাইন ভাঙেন সে-ই কিলিয়ান এমবাপ্পে। ৬০ মিনিটে দেজিরে দুয়ের পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় বোনোকে পরাস্ত করে বল জালে পাঠান এমবাপ্পে। প্রাপ্য লিড পেয়ে যায় ফ্রান্স। এ নিয়ে ২০ বিশ্বকাপ ম্যাচে সমান গোল হয়ে গেলো এই ফরোয়ার্ডের; এর মধ্যে ১২টি গোলই নকআউট পর্বে করা!

  • এবারের বিশ্বকাপে এটি এমবাপ্পের ৮ম গোল
  • বিশ্বকাপে ২০ ম্যাচে ২০ গোল
  • ১২টি গোল নকআউট পর্বে
এবারের বিশ্বকাপে নিজের ৫ম গোল করেন দেম্বেলে

এবারের বিশ্বকাপে নিজের ৫ম গোল করেন দেম্বেলে

এমবাপ্পে নিজে গোল করার পর মিনিট ছয়েকের মধ্যে গোল করিয়েছেন ওসমান দেম্বেলেকে দিয়ে। প্রায় মাঝমাঠ থেকে অধিনায়কের পাস থেকে বল পেয়ে নিপুণ দক্ষতায় চলতি বিশ্বকাপে নিজের ৫ম গোলটি করেন দেম্বেলে। ৮ গোলের সাথে ৩টি অ্যাসিস্ট মিলিয়ে গোল্ডেন বুট ও বল দুটিই জয়ের লড়াইয়ে এগিয়ে আছেন ফ্রান্স অধিনায়ক এমবাপ্পে।

  • বিশ্বকাপে দ্বিতীয়বার কোনো দলের দুই খেলোয়াড় ৫ বা তার বেশি গোল করলেন
  • ২০০২ বিশ্বকাপে প্রথম এই কৃতিত্ব দেখিয়েছিলেন ব্রাজিলের রোনালদো (৮ গোল) ও রিভালদো (৫ গোল)
  • ২০২৬ বিশ্বকাপে এখনও পর্যন্ত এমবাপ্পে ও দেম্বেলের গোল ৮ ও ৫টি করে

৮৩ মিনিটে সেট পিস থেকে ম্যাচে মরক্কোর একমাত্র অনটার্গেট শটটি নেন ওনাহি। কর্নারের বিনিময়ে শটটি ঠেকিয়ে দেন ফরাসি গোলকিপার মাইক মাইনান। বাকি সময়ে ফ্রান্সও আর গোল না পাওয়ায় এবারের বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ২-০ ব্যবধানে শেষ হয়। যাতে জয়ী দলের নাম ফ্রান্স। ১৬ জুলাই সেমফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার জয়ী দল।

এই ম্যাচ জয়ের মাধ্যমে কোচ হিসাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ২৪ ম্যাচে দেশমের ফ্রান্সের এটি ছিলো ১৯তম জয়।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।