খেলারদেশ

মেসি ও লামিনের ভাইরাল ছবি

লামিনকে গোসল করানোর ছবি নিয়ে কী বললেন মেসি?

লিওনেল মেসির মুখে সেই ভাইরাল ছবি নিয়ে মন্তব্য, “এটা পাগলামিই ছিল।”

লামিনকে গোসল করানোর ছবি নিয়ে কী বললেন মেসি?

ইউনিসেফের এক ফটোশুটে লিওনেল মেসি শিশু লামিন ইয়ামালকে গোসল করাচ্ছেন

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

২০০৭ সালে একটি ইউনিসেফ ফটোশুটে ২০ বছর বয়সী লিওনেল মেসি কোলে তুলে স্নান করাচ্ছেন মাত্র ছয় মাসের এক শিশুকে। তখন কেউ কল্পনাও করতে পারেনি, সেই শিশুই একদিন হবে লামিন ইয়ামাল, আর বহু বছর পর বিশ্বকাপের ফাইনালে মেসিরই প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে।

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের আগে সেই আইকনিক ছবিটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অবশেষে এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মেসি, “ছবিটা অবিশ্বাস্য.”

শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মেসি বলেন,

লামিন অসাধারণ একজন খেলোয়াড়। আমি তাকে নিয়মিত অনুসরণ করি, কারণ সে এমন এক ক্লাবে খেলে যে ক্লাবকে আমি প্রচণ্ড ভালোবাসি। আমি সবসময় চাই সে ভালো করুক। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার।

এরপর সেই বিখ্যাত ছবির প্রসঙ্গে মেসি বলেন,

সত্যি বলতে, ছবিটা একেবারে পাগলামি। এটাই জীবন। তখন সে ছিল একটি শিশু, আর আমি তাকে কোলে নিয়ে সেই ছবি তুলেছিলাম। আজ আমরা দুজন বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছি। সত্যি বলতে, কথাটা বললেও অবিশ্বাস্য লাগে।

স্পেনের সংবাদপত্র ডাইরিও স্পোর্ট ও ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য এই ফটোশুটের আয়োজন করা হয়েছিল। বার্সেলোনার তরুণ তারকা মেসির সঙ্গে ছবি তোলার জন্য লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছিল ইয়ামালের পরিবার। তখন ইয়ামালের বয়স ছিল মাত্র ছয় মাস। ফটোগ্রাফার জোয়ান মনফোর্ত-এর তোলা ছবিতে দেখা যায়, একটি ছোট্ট বাথটাবে শিশুটিকে স্নান করাচ্ছেন মেসি। সেই ছবিই আজ ফুটবল ইতিহাসের অন্যতম প্রতীকী ছবিতে পরিণত হয়েছে।

আর এবারের বিশ্বকাপ ফাইনাল শুধু আর্জেন্টিনা বনাম স্পেন নয়, এটি দুই প্রজন্মেরও লড়াই। ৩৯ বছর বয়সী মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন। অন্যদিকে ১৯ বছর বয়সী ইয়ামালকে অনেকেই ভবিষ্যতের সুপারস্টার এবং বার্সেলোনায় মেসির উত্তরসূরি হিসেবে দেখছেন।

বিশ্বকাপ ফাইনালে যদি আর্জেন্টিনা জেতে, তবে মেসি নিজের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিতবেন। আর স্পেন জিতলে ইয়ামালও মাত্র ১৯ বছর বয়সেই নিজের প্রথম বিশ্বকাপ জিতে মেসির কীর্তির পাশে নাম লেখাবেন।

যে ছবিতে একসময় একজন কিংবদন্তি একটি শিশুকে কোলে নিয়েছিলেন, বহু বছর পর সেই দুই মানুষই এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বী। ফুটবলের ইতিহাসে এর চেয়ে বিস্ময়কর কাকতালীয় ঘটনা খুব কমই আছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।