খেলারদেশ

ফিল ফোডেন

গার্দিওলার পরও ট্রফির খিদে ম্যান সিটির

ফোডেনের বার্তা: গার্দিওলার পরও শিরোপার খিদে অটুট রাখতে চায় ম্যানসিটি

গার্দিওলার পরও ট্রফির খিদে ম্যান সিটির
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

পেপ গার্দিওলার বিদায়ের পরও শিরোপা জয়ের মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন ফিল ফোডেন। নতুন কোচ এনজো মারেস্কার অধীনে নতুন মৌসুমে আবারও সব শিরোপার জন্য লড়াই করতে মুখিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি।

গার্দিওলার শেষ দুই মৌসুমে প্রিমিয়ার লিগ জিততে পারেনি সিটি। কোচিং ক্যারিয়ারে এই প্রথম টানা দুই মৌসুম লিগ শিরোপাবিহীন ছিলেন স্প্যানিশ এই কিংবদন্তি। তবে বিদায়ের আগে তিনি দলকে এফএ কাপ ও ইএফএল কাপ জিতিয়ে দুটি ট্রফি উপহার দেন।

বুধবার দীর্ঘমেয়াদি নতুন চুক্তিতে সই করা ফোডেন বলেন, "শিরোপা জয়ের খিদেটা আমাদের রক্তে মিশে আছে। ক্লাব হিসেবেও আমরা সব সময় পরের ট্রফি ও পরের চ্যালেঞ্জের জন্য লড়ি। আমরা এমন একটি বড় ক্লাব হতে চাই, যারা প্রতিটি শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।"

তিনি আরও যোগ করেন, "প্রথম কয়েকটি অনুশীলন সেশনেই খেলোয়াড়দের মনোভাব দেখে বোঝা যাচ্ছে সবাই আবারও ট্রফি জিততে প্রস্তুত।"

এদিকে গার্দিওলার সঙ্গে ক্লাব ছেড়েছেন দীর্ঘদিনের দুই নির্ভরযোগ্য ফুটবলার জন স্টোনস ও বার্নার্দো সিলভা। স্টোনসের চেলসিতে যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে, আর সিলভা ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন।

দল পুনর্গঠনের অংশ হিসেবে গত মৌসুমেই মার্ক গেহি, আন্তোয়ান সেমেনিও, রায়ান শেরকি ও তিজানি রেইন্ডার্সকে দলে ভিড়িয়েছিল সিটি। চলতি গ্রীষ্মে নটিংহাম ফরেস্ট থেকে এলিয়ট অ্যান্ডারসনকে দলে নেওয়ার পাশাপাশি লিলের তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দিকেও দলে টানার চেষ্টা চলছে।

নতুন স্কোয়াড নিয়ে ফোডেন বলেন, "দলে তরুণদের উদ্যম আর অভিজ্ঞদের উপস্থিতির দারুণ সমন্বয় রয়েছে। কেউ অনেক শিরোপা জিতেছে, কেউ এখনও জেতেনি। এই ভারসাম্য আমাদের আরও উন্নতি করতে এবং শিরোপার জন্য লড়াই করতে সাহায্য করবে।"

প্রাক-মৌসুমে ইন্টার মিলান, কে লিগ অল-স্টার্স ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। ১৬ আগস্ট কমিউনিটি শিল্ডে আর্সেনালের মুখোমুখি হবে তারা। এরপর এক সপ্তাহ পর বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের নতুন প্রিমিয়ার লিগ অভিযান।

তবে মৌসুমের শুরুতে বড় ধাক্কা খেতে পারে সিটি। বিশ্বকাপে পিঠের চোট নিয়েই খেলেছেন বলে জানা গেছে তারকা মিডফিল্ডার রদ্রি, যার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। ফলে মৌসুমের শুরুর অংশে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।