খেলারদেশ

আর্জেন্টিনাকে নিষিদ্ধ দাবির পিটিশনে দুই কোটির বেশি স্বাক্ষর

‘আর্জেন্টিনা আউট' নামের পিটিশনে বিশ্বজুড়ে প্রায় ২ কোটি ৩৩ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

আর্জেন্টিনাকে নিষিদ্ধ দাবির পিটিশনে দুই কোটির বেশি স্বাক্ষর

বিশ্বকাপ ফাইনালের আর্জেন্টিনার শুরুরএকাদশ

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দল এবং তাদের অধিনায়ক লিওনেল মেসির প্রতি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ম্যাচ রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে দলটিকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধ করার দাবি জানিয়ে একটি অনলাইন পিটিশন চালু করা হয়েছিল। ‘আর্জেন্টিনা আউট' নামের পিটিশনে বিশ্বজুড়ে প্রায় ২ কোটি ৩৩ লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

Image

ইউরো নিউজ ও ক্রীড়া মাধ্যম গোল ডটকমের খবর অনুযায়ী, পিটিশনটিতে মোট ২৩,৩১৬,১০৮ (২ কোটি ৩৩ লাখের বেশি) মানুষ স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে এটি বিশ্ব ইতিহাসের অন্যতম সর্বাধিক স্বাক্ষরিত অনলাইন ক্যাম্পেইন হিসেবে জায়গা করে নিয়েছে। বিশ্বের প্রায় ১৭০টি দেশ থেকে ফুটবল সমর্থকরা এতে অংশ নিয়েছেন।

বিশ্বকাপের ম্যাচ চলাকালীন তৈরি হওয়া বিতর্ক থেকে এই পিটিশনের সূচনা হয়। আয়োজকরা প্রাথমিকভাবে ৫০ লাখ স্বাক্ষরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই লক্ষ্য চার গুণেরও বেশি অতিক্রম করে।

পিটিশনের মূল আবেদনে বলা হয়েছিল- ‘জয়ী কে হবে তা যদি আগেই ঠিক করা থাকে, তবে বাকি বিশ্ব কেন প্রতিযোগিতায় নামবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হোক এবং বাকি সব দলকে একটি ন্যায্য সুযোগ দেওয়া হোক।’

বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে মিসরের বিরুদ্ধে লড়াই এবং টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে রেফারিদের সিদ্ধান্ত আর্জেন্টিনার অনুকূলে যাওয়ার অভিযোগ এনেছিলেন ক্ষুব্ধ সমর্থকরা। অনলাইন এই ক্যাম্পেইনটি ইতিহাস গড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় পিটিশনের রেকর্ডটি ১৯৯৭ সালের ‘জুবিলি ২০০০’ ক্যাম্পেইনের (দরিদ্র দেশের ঋণ মওকুফের দাবিতে ২৪.৩ মিলিয়ন বা ২ কোটি ৪৩ লাখ স্বাক্ষর)। প্রায় ২ কোটি ৩৩ লাখ স্বাক্ষর সংগ্রহ করে ‘আর্জেন্টিনা আউট’ ক্যাম্পেইনটি সেই বিশ্ব রেকর্ড ভাঙার খুব কাছাকাছি অবস্থান নিয়ে বন্ধ হয়।

Image

বিশাল সংখ্যক ফুটবলপ্রেমীর স্বাক্ষর জমা পড়লেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি। শেষ পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে হাতছাড়া হয় আর্জেন্টিনার শিরোপা স্বপ্ন।

পিটিশনটির অফিশিয়াল ওয়েবসাইটে ক্যাম্পেইন বন্ধের ঘোষণা দিয়ে শেষ বার্তায় লেখা হয়- ‘ফিফা আমাদের কথা শোনেনি বা পাত্তা দেয়নি, কিন্তু স্পেন তার কথা রেখেছে। ধন্যবাদ স্পেন।’

বিশ্বসেরা হওয়ার লড়াই শেষ হলেও আর্জেন্টিনা দলকে ঘিরে তৈরি হওয়া এই নজিরবিহীন অনলাইন পিটিশন এখন বিশ্ব ফুটবলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।