মেসি
মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে দরকার ১০ লাখ ভোট
মেসিকে ২০৩০ বিশ্বকাপে দেখতে চান বিশ্বকাপ খেলা কিংবদন্তি, পিটিশন করে ১০ লাখ স্বাক্ষর সংগ্রহের প্রস্তাব

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলার দাবিতে পিটিশন
লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানাবেন, নাকি ২০৩০ বিশ্বকাপেও মাঠে দেখা যাবে তাঁকে? এই প্রশ্নই এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। এমন অনিশ্চয়তার মধ্যেই মেসিকে আন্তর্জাতিক ফুটবলে ধরে রাখার আহ্বান জানিয়েছেন বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মার্কো আন্তোনিও ‘এল দিয়াবলো’ এচেভেরি।
১৯৯৪ বিশ্বকাপে বলিভিয়ার প্রতিনিধিত্ব করা সাবেক এই মিডফিল্ডারের বিশ্বাস, মেসির এখনই জাতীয় দল থেকে অবসর নেয়া উচিত না। বরং আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনার জার্সিতে তাঁর খেলা উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে এচেভেরি বলেন, ‘আমি বিশ্বাস করি মেসি পরের বিশ্বকাপেও খেলতে পারে। আশা করি এর মধ্যেই অবসর নেবে না। বিশ্বকাপে তাকে আবারও দেখতে চাই।’

বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মার্কো আন্তোনিও ‘এল দিয়াবলো’ এচেভেরি
৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্সে মুগ্ধ এই বলিভিয়ান কিংবদন্তির দাবি, এবারের বিশ্বকাপে আর্জেন্টাইন অধিনায়ক নিজের আগের সব বিশ্বকাপের চেয়েও ভালো ফুটবল খেলেছেন। তাঁর ভাষায়, ‘আমার মতে, এটাই ছিল মেসির সেরা বিশ্বকাপ। পুরো টুর্নামেন্টে অন্য সবার চেয়ে তার পারফরম্যান্স ছিল অনেক বেশি উঁচু মানের।’
মেসিকে অবসর থেকে বিরত রাখতে অভিনব একটি উদ্যোগেরও প্রস্তাব দিয়েছেন এচেভেরি। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীদের নিয়ে একটি পিটিশন বা বৈশ্বিক স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করা উচিত। ‘মেসির উদ্দেশে চিঠি লেখা উচিত। এরপর সারা বিশ্ব থেকে ১০ লাখ স্বাক্ষর সংগ্রহ করে তাকে অনুরোধ জানানো উচিত, যেন সে অবসর না নেয়। মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল আর আগের মতো থাকবে না। আমার বিশ্বাস, সেও এখনই বিদায় নিতে চায় না,’ বলেন তিনি।
আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন এচেভেরি। তাঁর মতে, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে গিয়ে লিওনেল স্কালোনির দলের খেলোয়াড়দের ওপর শারীরিক চাপ পড়লেও তারা কখনো জয়ের মানসিকতা হারায়নি। ‘আর্জেন্টিনার ফুটবলাররা জন্মগতভাবেই বিজয়ী। আমি সব সময় তাদের বিশ্বাস করি। তারা প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে,’ বলেন বলিভিয়ার সাবেক এই তারকা।
এচেভেরির বক্তব্য ইতিমধ্যে দক্ষিণ আমেরিকার বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বলিভিয়ার অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত এই সাবেক প্লেমেকারের মতে, মেসির মতো একজন ফুটবলারের বিদায় শুধু আর্জেন্টিনার জন্য নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই বড় ক্ষতি হবে।
এখন নজর মেসির সিদ্ধান্তের দিকে। তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাবেন, নাকি ২০২৬ বিশ্বকাপই হবে আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ অধ্যায়—সেই উত্তর এখনও অজানা। তবে তাঁকে ২০৩০ বিশ্বকাপে দেখতে চাওয়ার দাবি দিন দিন আরও জোরালো হচ্ছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের আগস্ট সেরা ‘বেনজেমার প্রতিচ্ছায়া’
ফুটবলমেসির সম্মানে আর্জেন্টিনার সব ম্যাচ থামবে ১০ মিনিটে
ফুটবলফুটবলে হাই প্রেস কী, কীভাবে কাজ করে, ভাঙার উপায়
ফুটবলমেসির অবসরে আবেগঘন বিদায় সতীর্থদের
ফুটবলঅবসরের ঘোষণা দিলেন মেসি
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।