ব্রেকিং নিউজ : বাড়ছে বিশ্বকাপ বয়কটের আশঙ্কা
ইনফান্তিনোর উপদেষ্টার পদত্যাগ
ইনফান্তিনোর ভবিষ্যৎ অনিশ্চিত। পদত্যাগ করলেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা। ফিফার বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা প্রত্যাখ্যানে উয়েফা, কনকাকাফের পর এশিয়ান ফুটবল কনফেডারেশনও বিরোধিতায়। বাড়ছে বিশ্বকাপ বয়কটের আশঙ্কা।

বাড়ছে বিশ্বকাপ বয়কটের আশঙ্কা। বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানার একটা অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে ক্রমেই চাপে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইউরোপ, উত্তর ও মধ্য আমেরিকার পর এবার এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে পদত্যাগ করেছেন ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো।
ফিফা ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (FFE) নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছে। এই প্রতিষ্ঠানের ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে সংস্থাটি। তবে শুরু থেকেই পরিকল্পনাটির বিরোধিতা করে আসছে বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থা। পদত্যাগের ঘোষণা দিয়ে কর্দেইরো বলেন, ফুটবল শুধু একটি ব্যবসায়িক সম্পদ নয়। ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি জানেন, এমন সম্পদের মালিকানার অংশ ছেড়ে দেওয়ার পরিণতি কতটা গুরুতর হতে পারে। তাই তিনি এই পরিকল্পনার বিরোধিতা করেছেন।
এদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, তারা উয়েফা ও কনকাকাফের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। সংস্থাটির মতে, পুরো প্রক্রিয়ায় যথাযথ আলোচনা ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। পাশাপাশি ফিফার সিদ্ধান্ত গ্রহণের কাঠামো নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। এএফসি বলেছে, বিশ্বকাপ বয়কটের মতো বিষয় এখন প্রকাশ্যে আলোচনায় চলে আসা বিশ্ব ফুটবলের জন্য উদ্বেগজনক। তাদের মতে, ফুটবলকে এমন পরিস্থিতিতে পড়তে দেওয়া উচিত ছিল না।
ফিফার ২১১ সদস্যের মধ্যে এএফসির ৪৭, উয়েফার ৫৫ এবং কনকাকাফের ৪১ সদস্য মিলিয়ে ১৪৩টি সদস্য সংস্থা এখন এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফলে প্রস্তাবটি বাস্তবায়নের পথ আরও কঠিন হয়ে পড়েছে। এর আগে উয়েফা জানিয়েছিল, বিতর্কিত পরিকল্পনা প্রত্যাহার না করা পর্যন্ত তাদের সদস্য দেশগুলো ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। উয়েফার আশঙ্কা, বিশ্বকাপে বেসরকারি মালিকানা যুক্ত হলে ভবিষ্যতে ফুটবলের স্বার্থের বদলে বিনিয়োগকারীদের আর্থিক লাভই সিদ্ধান্তের প্রধান ভিত্তি হয়ে উঠবে।
যদিও বাড়তে থাকা বিরোধিতার মধ্যেও ফিফা দাবি করেছে, তারা ‘ফুটবল বিক্রি’ করছে না। সংস্থাটি বলছে, সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং সব মতামত বিবেচনায় নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একের পর এক মহাদেশীয় ফুটবল সংস্থার বিরোধিতা এবং ঘনিষ্ঠ উপদেষ্টার পদত্যাগের পর জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকেরা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।