এএফএ সভাপতির ভাষ্যে
মেসির আর্জেন্টিনা ভবিষ্যৎ অনিশ্চিত

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আবারও আর্জেন্টিনার নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। তবে জাতীয় দলের হয়ে তার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। ২০২৮ কোপা আমেরিকায় তিনি খেলবেন কি না, সে সিদ্ধান্ত পুরোপুরি মেসির ওপরই ছেড়ে দিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া।
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেন, ‘এটা পুরোপুরি ও একান্তভাবেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাকে শান্তিতে থাকতে দিতে হবে। লিও বিশ্বকাপে অসাধারণ খেলেছেন। আমরা তার জন্য গর্বিত। এই বিশ্বকাপে তিনি ছিলেন দলের পতাকাবাহক। ঠিক যেমন এই দলের নেতৃত্ব দেওয়া প্রতিটি টুর্নামেন্টেই ছিল।’
তিনি আরও বলেন, ‘তার সিদ্ধান্ত তাকে নিজেকেই নিতে হবে। ২০২২ সালের পরও তো কেউ জানত না তিনি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। তখনও তিনি বলেছিলেন, ‘এক ম্যাচ করে এগোব।’ এবারও আমরা তার সেরা, কিংবা সেরার কাছাকাছি এক সংস্করণ দেখেছি। তাকে ফুটবল উপভোগ করতে দিন, আমরাও তাকে উপভোগ করি। এরপর তিনি যা সঠিক মনে করবেন, সেরকমই সিদ্ধান্তই নেবেন।’
তাপিয়া পরিসংখ্যান তুলে ধরে জানান, লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা পাঁচটি ফাইনাল খেলেছে, যার মধ্যে চারটিতেই শিরোপা জিতেছে। ১০৩ ম্যাচে দলের রেকর্ড ৭৬টি জয়, ১৯টি ড্র এবং মাত্র ৮টি হার। ২০২২ থেকে ২০২৬ বিশ্বকাপের মধ্যবর্তী সময়ে আর্জেন্টিনা হেরেছে মাত্র দুটি ম্যাচ। একটি কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে, অন্যটি ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে। তাপিয়ার ভাষায়, “বিশ্বকাপ ফাইনালে আমার মতে সেরা খেলোয়াড় ছিল মেসি। পুরো টুর্নামেন্টজুড়ে সে একের পর এক রেকর্ড ভেঙেছে।”
২০১৮ সালে স্কালোনি দায়িত্ব নেওয়ার পর থেকে আর্জেন্টিনা করেছে ১৯০টি গোল। এর মধ্যে মেসি সরাসরি অবদান রেখেছেন ৭৯টিতে ৬০টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করে। এই সময়ে লাউতারো মার্তিনেজ করেছেন ৪০ গোল এবং হুলিয়ান আলভারেস ১৫ গোল।
২০২৮ কোপা আমেরিকা কি হবে মেসির শেষ মঞ্চ? ২০২৮ কোপা আমেরিকা আর্জেন্টিনার পরবর্তী বড় আন্তর্জাতিক লক্ষ্য। সেই সময় পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তি থাকলেও টুর্নামেন্ট চলাকালে তার বয়স হবে ৪১ বছর। তাই ওই আসরে তার অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না, তাও এখন বড় প্রশ্ন।
সাক্ষাৎকারে সাবেক তারকা অ্যাঞ্জেল দি মারিয়ার আন্তর্জাতিক অবসরের বিষয়টিও তুলে ধরেন তাপিয়া। তিনি বলেন, ‘ফিদেও (দি মারিয়া) গুরুত্বপূর্ণ সব ফাইনালে গোল করেছে। এখনও তার ফিটনেস ছিল, কিন্তু সে আগেই জানিয়ে দিয়েছিল জাতীয় দল থেকে অবসর নিয়েছে। তার সেই সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। সে মনে করেছিল, জাতীয় দলে তার কাজ শেষ হয়েছে।’
মেসির মানসিকতা প্রসঙ্গে তাপিয়া জানান, সম্প্রতি তাদের মধ্যে ‘কখনও হাল ছেড়ে দিও না’ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। মেসি স্প্যানিশ টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের একটি প্রামাণ্যচিত্র থেকে অনুপ্রাণিত হওয়ার কথাও বলেছেন। তাপিয়ার শেষ কথা ছিল, ‘সবকিছুই নির্ভর করছে মেসির ওপর। আর্জেন্টিনা জাতীয় দলের দরজা তার জন্য সবসময়ই খোলা থাকবে।’

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।