খেলারদেশ

আন্তর্জাতিক ফুটবল

বুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা

একতরফা ম্যাচে বুরকিনা ফাসোর জালে একে একে সাতবার বল পাঠিয়ে বড় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকার দলটিকে ৭-০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

বুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ম্যাচের আগে থেকেই বুরকিনা ফাসোর প্রস্তুতিতে ছিল বড় ঘাটতি। লজিস্টিক জটিলতার কারণে দলের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আর্জেন্টিনা সফরে যেতে অস্বীকৃতি জানান। ফলে ১৩ জন আনক্যাপড খেলোয়াড় নিয়ে দল সাজাতে হয় তাদের। এর ওপর ম্যাচ শুরুর ছয় ঘণ্টারও কম সময় আগে আর্জেন্টিনায় পৌঁছায় বুরকিনা ফাসো দল।

তবে ম্যাচে এসবের কথা ভাবেনি আর্জেন্টিনার খেলোয়াড়েরা। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো তারা। তৃতীয় মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বক্সের মধ্যে আগুস্তিন জিয়াইকে ফাউল করা হলে স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। চতুর্থ মিনিটে লাউতারো মার্তিনেজের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন বুরকিনা ফাসোর গোলরক্ষক রাযাক গুইরা। তবে পরের মুহূর্তেই কাছ থেকে বল জালে পাঠিয়ে নিজের দলকে এগিয়ে দেন লাউতারো।

৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মৌমৌনি দিয়ালোর আত্মঘাতী গোলে ২-০ এগিয়ে যায় আর্জেন্টিনা। চার মিনিট পরই তৃতীয় গোল। লাউতারো মার্তিনেজের সহায়তায় ১২ মিনিটে বুরকিনা ফাসোর জালে বল পাঠান জিয়ানলুকা প্রেস্টিয়ানি।

৩৫ মিনিটে নিকো পাজের গোলে আর্জেন্টিনার লিড হয় ৪-০। এক মিনিট পরই আবার গোল। প্রেস্টিয়ানির পাস থেকে হুলিয়ান আলভারেজ লক্ষ্যভেদ করলে প্রথমার্ধেই পাঁচ গোলের ব্যবধান গড়ে ফেলে আর্জেন্টিনা।

বিরতির পরও থামেনি আর্জেন্টিনার গোল উৎসব। ৫৭ মিনিটে লাউতারোর পাস থেকে ফ্রাঙ্কো মাস্তানতুওনো গোল করে ব্যবধান ৬-০ করেন। এরপর একাধিক পরিবর্তন এনে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে আর্জেন্টিনা।

শেষ দিকে সপ্তম গোলের সুযোগ নষ্ট করেন সান্তিয়াগো কাস্ত্রো। ৯২ মিনিটে তাঁর শট লাগে ক্রসবারে। তবে পরের মিনিটেই আসে সপ্তম গোল। ভ্যালেন্তিন বারকোর ক্রস থেকে খুব কাছ থেকে হেডে গোল করেন হুলিয়ানো সিমিওনে।

শেষ পর্যন্ত ৭-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের পাশাপাশি বুরকিনা ফাসোর দুর্বল প্রস্তুতির সুযোগও ভালোভাবেই কাজে লাগিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।