খেলারদেশ

রোনালদিনিয়ো

রোনালদিনিয়ো কি রাভেন্নার হয়ে সত্যিই গোল করেছেন?

৪৬ বছর বয়সে রোনালদিনিয়োর গোল? ভাইরাল ভিডিওর আসল সত্য

রোনালদিনিয়ো কি রাভেন্নার হয়ে সত্যিই গোল করেছেন?

রোনালদিনিয়ো

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

৪৬ বছর বয়সে আবার পেশাদার ফুটবলে ফিরেই গোল করে ফেলেছেন রোনালদিনিয়ো, এমন একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটা দেখে অনেকেই ভেবেছেন, ইতালির ক্লাব রাভেন্নার হয়ে নিজের প্রত্যাবর্তনের প্রথম গোল করে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

Image

কিন্তু ভাইরাল হওয়া ভিডিওটার সত্যটা ভিন্ন। ভিডিওটা ২০২৬ সালের না। প্রায় ১১ বছর আগের পুরোনো একটা ম্যাচের দৃশ্য। ২০১৫ সালের ১৮ এপ্রিল মেক্সিকান ক্লাব কেরেতারোর হয়ে খেলছিলেন রোনালদিনিয়ো। তখন তার বয়স ছিল ৩৫ বছর।

মেক্সিকোর বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে সেই ম্যাচে ক্লাব আমেরিকাকে ৪-০ গোলে হারিয়েছিল কেরেতারো। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রোনালদিনিয়ো। তখন কেরেতারো ২-০ গোলে এগিয়ে ছিল।

প্রায় ৮৪ মিনিটে মাঠে নেমে কয়েক মিনিটের মধ্যেই ম্যাচের আলো নিজের দিকে টেনে নেন তিনি। একটা না, করেন দুইটা গোল। তার দুর্দান্ত সেই পারফরম্যান্স রোনালদিনিয়োর মেক্সিকোকালীন অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে আছে। এমনকি তার গোলের পর গ্যালারিতে থাকা আমেরিকার সমর্থকরাও তাকে করতালি দিয়েছিলেন।

Image

তবে ১১ বছর পর সত্যিই পেশাদার ফুটবলে ফিরেছেন রোনালদিনিয়ো। এই খবর ইতোমধ্যে প্রায় সবারই জানা। গত জুনে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্না তার সঙ্গে চুক্তির ঘোষণা দেয়। শুধু খেলোয়াড় হিসেবেই না, ক্লাবটির অংশীদার হিসেবেও যুক্ত হয়েছেন ব্রাজিলের সাবেক এই তারকা। আগস্টে সমর্থকদের সামনে রাভেন্নার ১০ নম্বর জার্সি পরে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় তাকে।

কিন্তু এখনো রাভেন্নার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকই হয়নি রোনালদিনিয়োর। ফলে ৪৬ বছর বয়সে ফিরে এসে তার প্রথম গোলের খবরটিও সত্য না। পেশাদার ফুটবলে রোনালদিনিয়োর সবশেষ ম্যাচ ছিল ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে। এরপর ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি।

তবে রোনালদিনিয়ো আগেই জানিয়েছেন, ক্যারিয়ারের শেষ গোলটি করতে চান তিনি রাভেন্নাকে উপহার হিসেবে। সেই গোল কবে আসবে, সেটা এখনো অনিশ্চিত। রাভেন্নার হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা রোনালদিনিয়োর শেষ গোলের গল্প তাই এখনো লেখা বাকি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।