খেলারদেশ

লা লিগা

২১ মিনিটে হ্যাটট্রিক, লা লিগায় মরক্কোর জাবিরি ঝড়

মাত্র তৃতীয় ম্যাচেই বাজিমাত! রেসিং সান্তান্দারের হয়ে এলচের বিপক্ষে ২১ মিনিটের মধ্যে তিন গোল করে লা লিগায় নিজের আগমনী বার্তা দিলেন মরক্কোর তরুণ ফরোয়ার্ড ইয়াসির জাবিরি।

২১ মিনিটে হ্যাটট্রিক, লা লিগায় মরক্কোর জাবিরি ঝড়

ইয়াসির জাবিরি ২১ বছর বয়স, ২১ নাম্বার জার্সি, ২১ মিনিটে হ্যাট্রিক

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

শুক্রবার এলচের বিপক্ষে সদ্য লা লিগায় প্রমোশন পাওয়া রেসিং সান্তান্দারের ৩-২ গোলের জয়ে তিনটি গোলই করেছেন মরক্কোর এই ফরোয়ার্ড। ২১ বছর বয়স, ২১ নাম্বার জার্সি, ২১ মিনিটে হ্যাট্রিক। আর তিন গোলই করেছেন প্রথমার্ধে।

১৫ মিনিটে গোল করে রেসিংকে এগিয়ে দেন জাবিরি। মাত্র ছয় মিনিট পর আবারও জালের দেখা পান তিনি। এরপর ৩৬ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। অর্থাৎ মাত্র ২১ মিনিটের ব্যবধানে তিন গোল!

ইয়াসির জাবিরি

ইয়াসির জাবিরি

আরও চমকপ্রদ তথ্য হলো, এটা ছিল লা লিগায় জাবিরির মাত্র তৃতীয় ম্যাচ। চলতি মৌসুমে এর আগে রেসিংয়ের প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এলচের বিপক্ষে কোচ হোসে আলবের্তো লোপেস প্রথমবারের মতো তাকে শুরুর একাদশে রাখেন। সুযোগ পেয়েই করে ফেললেন হ্যাটট্রিক। জাবিরির তিন গোলের ওপর ভর করে প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রেসিং। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। ৭৮ মিনিটে বুবা সাঙ্গারে এক গোল শোধ করেন। এক মিনিট পরই ফের নিনিওর গোলে ব্যবধান নেমে আসে ৩-২-এ।

শেষ মুহূর্তে তাই জয় নিয়ে শঙ্কায় পড়ে যায় রেসিং। শেষ পর্যন্ত জাবিরির প্রথমার্ধের হ্যাটট্রিকই পার্থক্য গড়ে দেয়। লা লিগায় ফিরে প্রথম জয় পায় সদ্য উন্নীত দলটি।

Image

জাবিরির উত্থানের গল্পটাও বেশ আকর্ষণীয়। মরক্কোর মারাকেশে জন্ম নেওয়া এই ফরোয়ার্ড উঠে এসেছেন দেশটির বিখ্যাত মোহাম্মদ ষষ্ঠ ফুটবল একাডেমি থেকে। এরপর উনিয়ন তুয়ার্গায়া দিয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তীতে পর্তুগালের ফামালিকাওয়ে যোগ দেন জাবিরি। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রায় ১ কোটি ইউরোতে তাকে দলে নেয় ফরাসি ক্লাব রেঁন। তবে রেঁনে যোগ দেওয়ার পরই স্পেনে পাঠানো হয় তাকে। ২০২৬-২৭ মৌসুমে নিয়মিত খেলার অভিজ্ঞতা অর্জনের জন্য রেসিং সান্তান্দারে ধারে পাঠানো হয় জাবিরিকে।

২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মরক্কোর ২-০ গোলের জয়ে জোড়া গোলও করেছিলেন

২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মরক্কোর ২-০ গোলের জয়ে জোড়া গোলও করেছিলেন

আন্তর্জাতিক ফুটবলেও এরই মধ্যে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। ২০২৫ সালের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপজয়ী মরক্কো দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাবিরি। পাঁচ গোল করে টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ গোলদাতা হন তিনি। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মরক্কোর ২-০ গোলের জয়ে জোড়া গোলও করেছিলেন এই তরুণ ফরোয়ার্ড।

এবার সিনিয়র ফুটবলের বড় মঞ্চেও শুরু করলেন ঝড়ের গতিতে। লা লিগায় মাত্র তৃতীয় ম্যাচ। প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ। আর ২১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক!

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।