দুই দফায় খেলা বন্ধ, ঢাকা টেস্টে বাংলাদেশের দিন
দ্বিতীয় দিনের শুরুতে সেঞ্চুরির অপেক্ষায় থাকবেন সাদমান।

দুই দফায় খেলা বন্ধ হওয়ায় খানিকটা রাগান্বিত হতে পারেন সাদমান ইসলাম। খেলা বন্ধ হওয়ায় তিন অঙ্ক ছুঁয়ে মাঠ ছাড়তে পারেননি এই ওপেনার। ৯৯ রানে থেকে শেষ করেছেন প্রথম দিন। তার দারুণ ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২১৩ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। আগের দিন হাতের চোট পাওয়ায় তাকে পাওয়া যাচ্ছে না এই ম্যাচে।
তার অনুপস্থিতির ম্যাচে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ওপেনার তানজিদ হাসান তামিম ফেরেন দলীয় ৯ রানে। পরে তিনে নামা মমিনুল হকও বলার মতো কিছু করতে পারেননি। তার ইনিংস থামে ২৮ রানে।
৬৮ রানে দুই উইকেট হারানো বাংলাদেশকে পুরো দিন টেনেছেন ওপেনার সাদমান ইসলাম। ব্যাটিংয়ে অবিচল থাকা এই ব্যাটার দিন শেষ করেছেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির অপেক্ষায় থেকে।
একদিকে সাদমান যেমন দলকে টেনেছেন, ঠিক তেমনি অপরপ্রান্তে ব্যাটসম্যানরা ছিলেন যাওয়া-আসার মিছিলে। তানজিদ-মমিনুলের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ভালো ইনিংস উপহার দিতে পারেননি। তার ব্যাটে আসে মাত্র ১৯ রান।
১১০ রানে তিন উইকেট হারানো দলকে ভালো টানছিলেন সাদমান ও তাওহিদ হৃদয়। দুজনে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ৮৮ রান। তবে ভাগ্যের নির্মম পরিহাস, ক্র্যাম্পের কারণে ৪২ রান করা হৃদয় দিনের বাকি অংশে আর ব্যাটিংই করতে পারেননি।
প্রথম ফিফটির অপেক্ষায় থাকা এই ডানহাতি প্রথমবার অস্বস্তি অনুভব করলে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ব্যাটিং করছিলেন। পরে তীব্র ব্যাথা অনুভব হলে, তার পক্ষে আর ব্যাটিং চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হন।
তার মাঠ ছাড়ার পর দুই দফায় আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়েছিল। অক্টোবর-নভেম্বর, অর্থাৎ, যখন বাংলাদেশের হোম মৌসুম শুরু হয়, তখন টেস্ট ম্যাচে সবচেয়ে বড় বাধা থাকে এই আলোকস্বল্পতা। শেষ বিকেলের দিকে হুট করেই আলো কমে আসে। ফলে, খেলা পুরোদিন চালানো খানিকটা কঠিন হয়ে পড়ে। সেই সমস্যা সমাধানে এবার অবশ্য সকাল সাড়ে ৯ টা থেকে খেলা শুরু করা হচ্ছে। তবুও, আলোকস্বল্পতা হয়ে এসেছে বাধা।
প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো বাংলাদেশ স্বস্তি নিয়ে পার করতে পেরেছে প্রথম দিন। দ্বিতীয় দিনে এই রান আরও বাড়িয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে স্বাগতিকদের জন্য।
প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই উইকেট শিকার করেন স্পিনার জোমেল ওয়ারিকেন। আর একটি উইকেট নিয়েছেন জেইডন সিলস।
চ্যালেঞ্জ বলাটাই স্বাভাবিক, প্রথম দিন থেকেই মিরপুরের উইকেটে বেশ টার্ন দেখা যাচ্ছে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এই টার্ন যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। ফলে, বোলাররা বিশেষ করে স্পিনাররা যখন থেকে বাড়তি সুবিধা পাওয়া শুরু করবেন, এর আগেই বাংলাদেশকে বড় সংগ্রহ গড়তে হবে। না হলে পড়তে হতে পারে বড় বিপদের মুখে।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটমাইলফলকে মমিনুল-সাদমান
বাংলাদেশের ক্রিকেটলিটনকে নিয়ে অনিশ্চিত অধিনায়ক শান্ত
বাংলাদেশের ক্রিকেটমাঠে ফিরতে প্রস্তুত লিটন
বাংলাদেশের ক্রিকেটবিগব্যাশে দল পেলেন মুস্তাফিজ
বাংলাদেশের ক্রিকেটশাদাবের রেকর্ডগড়া সেঞ্চুরিতে পাকিস্তানের জয়
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।