খেলারদেশ

পরাজয় দিয়ে টি২০ সিরিজ শুরু বাংলাদেশের

বুলাওয়োতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০-তে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ।

পরাজয় দিয়ে টি২০ সিরিজ শুরু বাংলাদেশের

প্রথম টি২০-তে জিম্বাবুয়ের বিপক্ষে ৩২ রানে হেরেছে বাংলাদেশ

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

জিম্বাবুয়েতে দুঃস্বপ্নের মতো এক সিরিজ কাটাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর তিন ম্যাচ টি২০ সিরিজও শুরু হলো হার দিয়ে। স্বাগতিকদের কাছে প্রথম টি০ ম্যাচে ৩২ রানে হেরেছে বাংলাদেশ।

বুলাওয়োর কুইন্স পার্ক মাঠে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সিরিজে টাইগার টি২০ অধিনায়ক তাওহিদ হৃদয়। সিদ্ধান্ত বুমেরাং বানিয়ে ফেলেন দুই স্বাগতিক ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়নাশে মারুমানি। ৩.৩ ওভারে ৩৭ রান তুলে ফেলেন তারা। ওপেনারদের ভালো শুরুটা অন্য ব্যাটাররাও ধরে রাখেন। জিম্বাবুয়ে ইনিংসে খুব বড়ো কোনো জুটি হয়নি। কিন্তু যারাই ব্যাট করতে নেমেছেন, প্রায় সবাই অবদান রেখেছেন এবং রানের চাকা সচল রেখেছেন। তাতেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে জিম্বাবুয়ে। দলের সর্বোচ্চ রান আসে ওপেনার বেনেটের ব্যাট থেকে। ৩০ বলে ৪৪ রান করেন তিনি। ২৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করে বাংলাদেশ দলের সবচেয়ে সফল বোলার স্পিডস্টার নাহিদ রানা। ৩৫ রান খরচায় মোহাম্মদ সাইফুদ্দিন দুই উইকেট নিয়েছেন।

১৭১ রানের জয়ের লক্ষে খেলতে নেমে কখনোই জয়ের রাস্তায় ছিলো না বাংলাদেশ। টাইগার দলের উদ্বোধনী জুটিও টিকেছে ৩.৩ ওভার, তুলেছে মাত্র ২৫ রান। এরপর দলীয় ৩৪ রানেই তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। তিন বছর পর দলে ফেরা মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী যা একটু লড়াই করেছেন, তাতে হারের ব্যবধান কমেছে শুধু। দুই চার ও তিন ছক্কায় ৩৮ বলে ৫৪ রান করে সপ্তম ব্যাটার হিসাবে ইয়াসির আউট হওয়ার সময় দলের রান ১৩০; এরপর আর মাত্র ৮ রান যোগ করে অলআউট হয় বাংলাদেশ। টাইগার দলকে মূলত ধসিয়ে দিয়েছেন দুই জিম্বাবুয়ে পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। এনগারাভা তুলে নিয়েছেন টপ-মিডল অর্ডারের ৪ উইকেট, খরচ করেছেন ২৬ রান। ম্যাচসেরাও হয়েছেন। মুজারাবানির শিকারও ৪ টাইগার ব্যাটার।

সিরিজের দ্বিতীয় টি২০ ১৭ জুলাই।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।