খেলারদেশ

বাংলাদেশ টেস্ট দলে চমক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইঞ্জুরির কারণে নেই নাহিদ রানা।

বাংলাদেশ টেস্ট দলে চমক
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে দ্বিপাক্ষিক এই সিরিজকে ঘিরে ক্রিকেট অস্টেলিয়ার আগ্রহও আগেরবারের বহুগুণ বেশি। কদিন আগেই তারা পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে। এক বছর পরে অযি দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, বর্ষীয়ান অফস্পিনার নাথান লায়ন ও অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড। এবার দল ঘোষণা করলো সফরকারী বাংলাদেশও। ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন এক্সপ্রেস বোলার নাহিদ রানা। যেকোনো ক্রিকেটারের অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার স্বপ্ন থাকে, ফাস্ট বোলারদের সেই স্বপ্নটা থাকে আরও বেশি। ক্যারিয়ারের শুরুর দিকেই সেই স্বপ্ন পূরণের খুব কাছে চলে এসেছিলেন নাহিদ। কিন্তু বাংলাদেশ দলের দুর্বল ম্যানেজমেন্টের জন্য তিনি অস্ট্রেলিয়ায় যেতে পারছেন না। সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে প্রথম টি২০-তে চোট পান বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম সেনসেশন নাহিদ রানা। সোনার ডিম পাড়া হাঁসের মতো অতিব্যবহারের ফলে এই চোট। সামনে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ, তার আগে জিম্বাবুয়ের সাথেও রানাকে টানা খেলানো ছিলো অপরিনামদর্শী সিদ্ধান্ত। যার ফলে দেশের সেরা বোলারকে ছাড়াই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে হবে। এই সিরিজে দেখা যাবে না তারকা উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকেও। তিনিও চোট থেকে সেরে ওঠেননি। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষিক্ত তাওহিদ হৃদয় দল থেকে বাদ পড়েছেন। লিটনের চোটে এক বছর পর ফিরেছেন জাকের আলী অনিক। এ দল ও বিসিএলে ব্যাট হাতে পারফর্ম করেছেন তিনি। ওপেনার মাহমুদুল হাসান জয় ধারাবাহিক ব্যর্থতায় বাদ পড়েছেন, তাতে সৌম্য সরকারের ভাগ্যের দরজা খুলেছে। বাদ পড়াদের মধ্যে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান ও রবিউল হক।নাহিদ রানার ইঞ্জুরিতে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন মুশফিক হাসান।অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসার ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ডাক পেলেও খেলা হয়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দলঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহঅধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও মুশফিক হাসান।

দলটি ১৩ আগস্ট থেকে ডারউইনে অনুষ্ঠেয় প্রথম টেস্টের জন্য ঘোষিত হয়েছে। নির্বাচকরা আশা করছেন দ্বিতীয় টেস্টের আগে লিটন দাস ও নাহিদ রানা সুস্থ হয়ে যাবেন। ২২ আগস্ট থেকে ম্যাকায়ে শুরু দ্বিতীয় টেস্টে লিটনকে ফিরে পাবার সম্ভাবনা আছে, কিন্তু নাহিদ রানাকে ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।