খেলারদেশ

সেরাদের সেরা জন্টি রোডস

কিংবদন্তী ক্রিকেটার জন্টি রোডসকে স্মরণ....

সেরাদের সেরা জন্টি রোডস

ফিল্ডিং দিয়ে ক্রিকেটকে চিরতরে বদলে দিয়েছেন জন্টি রোডস

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বিভিন্ন খেলায় অনেক গ্রেট খেলোয়াড় আসেন। কিন্তু খেলাটাকেই চিরতরে বদলে দিতে পারেন আর কজন! সংখ্যাটা সবসময়ই থাকে হাতে গোনা। জন্টি রোডস সেরকমই একজন।

ক্রিকেটে জন্টি রোডসের আবির্ভাবের আগ পর্যন্ত খেলাটা শুধুই ছিলো ব্যাটার আর বোলারদের। ফিল্ডিংটাও যে গেমপ্ল্যানের অংশ হতে পারে, ফিল্ডিং দিয়েও যে ক্রিকেট ম্যাচ জেতানো যায়, এ সত্য প্রতিষ্ঠা করেছেন এই সাউথ আফ্রিকান।

উড়ন্ত জন্টি রোডস

উড়ন্ত জন্টি রোডস

১৯৯২ সালে জন্টির অভিষেকের পর, ফিল্ডিংয়ে তার শৈলী, ক্ষিপ্রতা আর ম্যাচে প্রভাব রাখা দেখেই অন্যান্য ক্রিকেট দলও নড়েচড়ে বসে। বিশেষ করে সিলি পয়েন্ট ফিল্ডিং পজিশনটা দলের সেরা, ক্ষ্যাপাটে ফিল্ডারদের জন্যই বরাদ্দ হয়। একজন সেরা ফিল্ডার অবশ্য ত্রিশ গজের যেকোনো জায়গায় ফিল্ডিং করতে পারেন, জন্টিও তা স্বাচ্ছন্দ্যেই করতেন।

জন্টি রোডস সত্যিকার অর্থে একজন খাঁটি অ্যাথলিট। স্কুলে থাকতে মোটামুটি সব খেলাতেই সিদ্ধহস্ত ছিলেন। সাউথ আফ্রিকার হয়ে বিশ্বকাপ ক্রিকেট খেলার কয়েক মাস পরেই ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে প্রোটিয়া ফিল্ড হকি দলের সদস্য ছিলেন!

ক্রিকেটে ব্যাটিং-বোলিং দিয়ে দিয়ে সুপারস্টার হয়েছেন অনেকেই। কিন্তু দুর্দান্ত ফিল্ডিং পারফরম্যান্স দিয়ে সুপারস্টার হয়েছেন একজনই। তিনি জন্টি রোডস। প্রতি ম্যাচেই গ্রাউন্ড ফিল্ডিংয়ে প্রতিপক্ষের ১৫-২০ রান আটকে দিতেন, অবিশ্বাস্য ক্যাচ অথবা রানআউটে ঘুরিয়ে দিতেন খেলার মোড়। জন্টির ফিল্ডিং কীর্তির সেরাটি ঘটেছিল ১৯৯২ বিশ্বকাপে। পাকিস্তানের ইনজামাম উল হককে উড়ন্ত বাজপাখির ক্ষিপ্রতায় রানআউট করেছিলেন জন্টি।

মিডল অর্ডার ব্যাটার হিসাবেও বেশ ছিলেন রোডস

মিডল অর্ডার ব্যাটার হিসাবেও বেশ ছিলেন রোডস

সাউথ আফ্রিকার হয়ে ওয়ানডেতে একশ ক্যাচ নেওয়া প্রথম ফিল্ডার জন্টি রোডস। ওয়ানডে ও টেস্ট মিলিয়ে জাতীয় দলের হয়ে ১৩৯টি ক্যাচ নেওয়ার পাশাপাশি ৫৬টি রানআউট করার কৃতিত্ব আছে এই কিংবদন্তী ক্রিকেটারের।

ফিল্ডিং দক্ষতা ব্যাটিংয়ে তাঁর অবদানকে আড়াল করে দিয়েছে। মিডল অর্ডারে ১১ বছর প্রোটিয়া ক্রিকেটের অন্যতম নির্ভরতা ছিলেন জন্টি রোডস। ফিনিশার হিসাবে বেশ সফল ব্যাটার ছিলেন তিনি। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই ৩৫ গড়ে রান করেছেন, বেশিরভাগ ম্যাচেই ৬ অথবা ৭ নম্বরে ব্যাট করা রোডস। টেস্টে সেঞ্চুরি তিনটি, ওয়ানডেতে দুটি। ২৪৫ ওয়ানডেতে প্রায় ৬ হাজার রান তাঁর ঝুলিতে।

কোনো পরিসংখ্যান দিয়ে অবশ্য ক্রিকেটে জন্টি রোডসের প্রভাব বোঝানো সম্ভব নয়। তিনি অদ্বিতীয়। খেলা ছাড়ার পর ফিল্ডিং কোচ হিসাবেও বেশ নাম করেছেন ১৯৬৯ সালের ২৭ জুলাই জন্ম নেওয়া এই অ্যাথলিট।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।