বিশ্বকাপ
ফ্রান্সকে এমবাপ্পের চিঠি
বিশ্বকাপ শেষে ফ্রান্স জাতীয় দলের সমর্থকদের উদ্দেশে কিলিয়ান এমবাপ্পের খোলা চিঠি

বিশ্বকাপ শেষে ফ্রান্স জাতীয় দলের সমর্থকদের উদ্দেশে কিলিয়ান এমবাপ্পের খোলা চিঠি :
“ধন্যবাদ।
এক মাসের আবেগ। নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার লড়াই। ফ্রান্সের জার্সি গায়ে চাপানোর গর্ব।
সবচেয়ে বড় কথা, সেই আবেগ—যে আবেগ আমাদের মাঠে এগিয়ে নিয়ে যায়, আর আপনাদেরও টেলিভিশনের পর্দার সামনে কিংবা গ্যালারিতে একইভাবে একত্রিত করে। আমরা একসঙ্গে যে গল্প লিখেছি, সেটা এক অবিশ্বাস্য যাত্রা ছিল।
আমরা বিশ্বকাপ ট্রফি নিয়ে ফিরতে পারিনি। এটা কষ্ট দেয়, আর সেই কষ্ট অনেকদিন থাকবে। এ নিয়ে মিথ্যা বলব না।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার আমি গর্বের সঙ্গে গ্রহণ করেছি। কিন্তু বিশ্বাস করুন, এই পুরস্কারের চেয়ে ট্রফিটা হাতে থাকলে সেটাই অনেক বেশি আনন্দের হতো।
হয়তো আমরা আপনাদের আরও সুন্দর একটি সমাপ্তি উপহার দিতে পারতাম। কিন্তু গল্পের শেষটা সব সময় আমাদের হাতে থাকে না। আমাদের হাতে থাকে—গল্পটিতে আমরা নিজেদের কতটা উজাড় করে দিই। আর আমরা আমাদের সবটুকুই দিয়েছি। এটাই আমাদের গর্ব।
আমার সতীর্থদের ধন্যবাদ। তাদের পরিশ্রম, দৌড়, পাস, আর প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত যে দলীয় চেতনা আমাদের এগিয়ে নিয়েছে—এসব ছাড়া আমি কখনোই এত গোল করতে পারতাম না। এই অর্জন যেমন আমার, তেমনি পুরো দলেরও।
ছোটবেলায় আমি স্বপ্ন দেখতাম অন্তত একবার বিশ্বকাপে খেলার। আজ আমি তিনটি বিশ্বকাপে খেলেছি, একটি জিতেছি, আর এবার অধিনায়কের আর্মব্যান্ড পরে দেশের নেতৃত্ব দেওয়ার গর্ব অর্জন করেছি। এই স্মৃতি আমি কোনোদিন ভুলব না।
সময় অঞ্চলের পার্থক্যের কারণে আপনারা অনেকেই গভীর রাত পর্যন্ত জেগে থেকেছেন, পৃথিবীর অন্য প্রান্তে আমাদের খেলা দেখার জন্য। কেউ বাড়িতে, কেউ বারে, কেউ পরিবার বা বন্ধুদের সঙ্গে—ফ্রান্সজুড়ে, এমনকি বিশ্বের নানা প্রান্তে আমাদের পাশে ছিলেন।
আবার অনেকেই স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। কাঁধে ফরাসি পতাকা, চোখে স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকা শিশুরা, বিভিন্ন বয়স, প্রজন্ম ও সংস্কৃতির মানুষ—সবাই একসঙ্গে, একই আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। এটাই ফুটবলের প্রকৃত শক্তি।
সবচেয়ে কঠিন সময়েও আপনারা আমাদের ছেড়ে যাননি। এমন মুহূর্তেও পাশে ছিলেন, যখন হয়তো আমরা সেই সমর্থনের পুরোপুরি যোগ্য ছিলাম না। এই গল্প শুধু মাঠের এগারো জন লেখেনি; লিখেছে কোটি কোটি মানুষের হাত, একই আবেগ আর ভালোবাসায়।
দিদিয়েরকে আমি যা বলার, আগেই বলেছি। তিনি জানেন। তাকে ধন্যবাদ। ধন্যবাদ তার পুরো কোচিং স্টাফকে—ফিজিও, রাঁধুনি, ফিটনেস ট্রেইনার, ড্রাইভার এবং সেই সব মানুষকে, যাদের নাম কেউ জানে না, কিন্তু যাদের ছাড়া এসব কিছুই সম্ভব হতো না। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে পুরো টুর্নামেন্টজুড়ে যারা আমাদের স্বাগত জানিয়েছেন ও সহায়তা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা।
ফুটবল, মূলত, একটি খেলা। এমন একটি খেলা, যেটিকে আমরা ভীষণ গুরুত্ব দিয়ে দেখি, সারা জীবন পরিশ্রম করি সেটিকে আয়ত্ত করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত এটি একটি খেলাই—যার সহজ নিয়মগুলো আমাদের শৈশব থেকে একই রয়েছে: একটি বল, একটি গোলপোস্ট, আর গোল করার অদম্য ইচ্ছা। আর এই কারণেই ফুটবল আমাদের সবাইকে একই আবেগে একত্রিত করে।
এই বিশ্বকাপ শেষ হলো। কিন্তু গল্প শেষ হয়নি। সামনে আরও ম্যাচ আসবে, আরও গ্রীষ্ম, আরও শীতের সন্ধ্যা আসবে—যখন আমরা আবারও এই একই খেলাকে ঘিরে এক হব, একই আবেগ আর একই স্বপ্ন নিয়ে।
আমাদের একসঙ্গে খেলা এখনও শেষ হয়ে যায়নি।সবকিছুর জন্য আন্তরিক ধন্যবাদ।
— কিলিয়ান এমবাপ্পে"

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলকুইন সুলিভানকে থাপ্পড়, মেসির জরিমানা
ফুটবলপ্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আর্সেনালের দাপুটে জয়
ফুটবল‘৯০ মিনিট আলোনসো আমার বন্ধু না’
ফুটবলআবার কুঠার হাতে হালান্ড, ‘কাঠ কাটার’ ছবির রহস্য কী?
ফুটবল১১ বছর পর আবার মাঠে রোনালদিনিয়ো!
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।