নতুন সংকটে ইতালিয়ান ফুটবল, পদত্যাগ করেছেন মালদিনি–লিওনার্দো
জানা গেছে, রাশিয়ান বেটিং প্রতিষ্ঠান ‘ফনবেট’-এর স্পনসরশিপকে ঘিরে রাজনৈতিক জটিলতার কারণে পিরলোর নিয়োগ প্রক্রিয়া এগোয়নি। ফলে মালদিনির পরিকল্পনাও ভেস্তে যায়।

পিরলোকে কোচ না করায় টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন পাওলো মালদিনি
ইতালির ফুটবলে নতুন অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে মতবিরোধের জেরে দায়িত্ব ছেড়েছেন সাবেক দুই তারকা পাওলো মালদিনি ও লিওনার্দো। তাঁদের প্রস্তাব করা কোচদের নাম একের পর এক বাতিল হওয়ায় শেষ পর্যন্ত ইতালিয়ান ফুটবল ফেডারেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দুজন। ইতালীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার ফেডারেশন সভাপতি জোভান্নি মালাগোর কাছে পদত্যাগপত্র জমা দেন টেকনিক্যাল ডিরেক্টর মালদিনি এবং তাঁর উপদেষ্টা লিওনার্দো। তাঁদের পদত্যাগের প্রধান কারণ হিসেবে সামনে এসেছে আন্দ্রেয়া পিরলোকে জাতীয় দলের কোচ করার প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়া। জানা গেছে, রাশিয়ান বেটিং প্রতিষ্ঠান ‘ফনবেট’-এর স্পনসরশিপকে ঘিরে রাজনৈতিক জটিলতার কারণে পিরলোর নিয়োগ প্রক্রিয়া এগোয়নি। ফলে মালদিনির পরিকল্পনাও ভেস্তে যায়। মাত্র ১৬ দিন আগে মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং লিওনার্দোকে তাঁর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। একই সঙ্গে ‘ক্লাব ইতালি’ প্রকল্পের দায়িত্বও দেওয়া হয় মালদিনির হাতে। জাতীয় দলকে ঘিরে দীর্ঘমেয়াদি একটি টেকনিক্যাল কাঠামো গড়ে তোলাই ছিল তাঁর লক্ষ্য। পিরলোর আগে মালদিনি ও লিওনার্দো জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তি এবং পরে পেপ গার্দিওলাকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে আনচেলত্তির পর গার্দিওলাও প্রস্তাব ফিরিয়ে দিলে তাঁদের নজর যায় সাবেক সতীর্থ আন্দ্রেয়া পিরলোর দিকে। মালদিনির ফুটবল-ভাবনার সঙ্গে পিরলোর পরিকল্পনার মিল থাকায় তাঁকেই সবচেয়ে উপযুক্ত মনে করা হচ্ছিল। কিন্তু স্পনসরশিপ-সংক্রান্ত জটিলতা সেই সম্ভাবনাও শেষ করে দেয়। পাশাপাশি ফেডারেশন সভাপতির কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ার অনুভূতি মালদিনিকে পদত্যাগের সিদ্ধান্তের দিকে আরও এগিয়ে দেয়। পরে দীর্ঘ বৈঠকে বিকল্প হিসেবে থিয়াগো মোত্তার নামও প্রস্তাব করেন লিওনার্দো। ইন্টার মিলান ও পিএসজিতে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেটিও গ্রহণ না হওয়ায় শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন মালদিনি ও লিওনার্দো। এই পদত্যাগের ফলে ইতালির জাতীয় দলের নতুন প্রধান কোচ নিয়োগের প্রক্রিয়া আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। এখন নতুন করে উপযুক্ত প্রার্থী খুঁজতে হবে ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপ্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আর্সেনালের দাপুটে জয়
ফুটবল‘৯০ মিনিট আলোনসো আমার বন্ধু না’
ফুটবলআবার কুঠার হাতে হালান্ড, ‘কাঠ কাটার’ ছবির রহস্য কী?
ফুটবল১১ বছর পর আবার মাঠে রোনালদিনিয়ো!
ফুটবলইসলাম গ্রহণ নিয়ে কী বললেন রবার্তো কার্লোস?
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।