লা লিগা ও ফিফা
'প্রয়োজন নতুন ফিফা সভাপতি'
ইনফান্তিনোর পদত্যাগ দাবি লা লিগা সভাপতির, ‘বিশ্ব ফুটবলের দরকার নতুন নেতৃত্ব’

ইনফান্তিনোর পদত্যাগ দাবি লা লিগা সভাপতির, ‘বিশ্ব ফুটবলের দরকার নতুন নেতৃত্ব’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে এবার সরাসরি পদত্যাগের দাবি তুলেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। তাঁর মতে, ফিফার বিতর্কিত বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা প্রত্যাহার করাই সমস্যার সমাধান নয়; বরং বিশ্ব ফুটবলের প্রশাসনিক সংকট এর চেয়েও গভীর।
এক বিবৃতিতে তেবাস বলেন, “জিয়ান্নি ইনফান্তিনোর আর ফিফা সভাপতির পদে থাকা উচিত নয়।”
তিনি বলেন, ফিফা তাদের প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার প্রস্তাব প্রত্যাহার করায় সেটি ইতিবাচক পদক্ষেপ হলেও এটিকে সমস্যার সমাপ্তি হিসেবে দেখা হবে বড় ভুল।
তেবাসের ভাষায়, “কনফেডারেশন, জাতীয় ফুটবল সংস্থা, লিগ ও খেলোয়াড়দের এই প্রস্তাব প্রত্যাহারকে শেষ কথা হিসেবে মেনে নেওয়া উচিত নয়। সমস্যার শেকড় আরও গভীরে।”
এরপর তিনি সাম্প্রতিক কয়েকটি বিতর্কের কথাও উল্লেখ করেন। তাঁর প্রশ্ন, “রাজনৈতিক হস্তক্ষেপের পর লাল কার্ড প্রত্যাহারের ঘটনা কি আমরা ভুলে গেছি? যুক্তরাষ্ট্রের কংগ্রেসে শুরু হওয়া তদন্ত, যেখানে জিয়ান্নি ইনফান্তিনোকে গুরুতর অভিযোগের বিষয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে? ফিফার ঐতিহাসিক দুর্নীতির মামলাগুলোতে অভিযোগ প্রত্যাহার, বিশ্বকাপের টিকিটের অস্বাভাবিক মূল্য এবং আন্তর্জাতিক ক্যালেন্ডার, নতুন টুর্নামেন্ট ও নতুন ফরম্যাট নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে প্রকৃত আলোচনা ছাড়াই একতরফা সিদ্ধান্ত—এসবই বড় সমস্যার অংশ।”
তেবাসের মতে, মূল সমস্যা কোনো একটি বিতর্কিত প্রস্তাব নয়; বরং ফিফার বর্তমান গভর্ন্যান্স মডেল। তাঁর অভিযোগ, এই কাঠামোতে ক্ষমতা অতিমাত্রায় কেন্দ্রীভূত হয়েছে, জবাবদিহি ও ভারসাম্য দুর্বল হয়েছে এবং যাদের ওপর সিদ্ধান্তগুলোর সরাসরি প্রভাব পড়ে, তাদের মতামত উপেক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, “বিশ্ব ফুটবলের এমন নতুন নেতৃত্ব প্রয়োজন, যারা ফিফার প্রশাসনকে আধুনিক করবে, প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনবে এবং খেলাধুলা, অর্থনীতি ও সমাজের ওপর সম্ভাব্য প্রভাব মূল্যায়নের পর সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে—একতরফাভাবে নয়।”
সবশেষে তেবাস সতর্ক করে বলেন, “একটা প্রস্তাব প্রত্যাহার করলেই অতীতের সব বিতর্ক মুছে যায় না। এটা কেবল হিমশৈলের চূড়া মাত্র।”

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।