খেলারদেশ

ইনফান্তিনো ও আর্জেন্টিনা

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে আর্জেন্টিনার চিঠি

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে আর্জেন্টিনার চিঠি
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। বিশ্বকাপের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সংস্থা কনকাকাফ তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তবে এই পরিস্থিতিতে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া ফিফা সভাপতি ইনফান্তিনোর উদ্দেশে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে গত ১০ বছরে তার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। চিঠিতে বলা হয়, ইনফান্তিনোর নেতৃত্বে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন এবং স্বচ্ছ, স্থিতিশীল ও শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

চিঠিতে তাপিয়া লেখেন, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও এর নির্বাহী কমিটির পক্ষ থেকে আমরা আপনাকে এবং ফিফা কাউন্সিলকে জানাতে চাই যে, গত ১০ বছরে আপনার নেতৃত্বে পরিচালিত কর্মকাণ্ডের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়ন এবং স্বচ্ছ ও স্থিতিশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ছিল এই সময়ের প্রধান অর্জন।’

আগামী ফিফা কংগ্রেসকে সামনে রেখে এএফএ আরও জানিয়েছে, বিশ্ব ফুটবলের উন্নয়ন ও আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে ইনফান্তিনোর নেতৃত্ব অব্যাহত থাকা প্রয়োজন। চিঠির শেষাংশে তাপিয়া বলেন, ‘আগামী ফিফা কংগ্রেসকে সামনে রেখে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার নেতৃত্বেই এগিয়ে যাওয়াই সঠিক পথ। এতে বিশ্ব ফুটবল আরও উন্নত ও অন্তর্ভুক্তিমূলক হবে।’

সম্প্রতি জরুরি বৈঠকের পর ফিফা আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। ওই বৈঠকে বিশ্বকাপের মালিকানার অংশ বিক্রির ব্যর্থ পরিকল্পনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তবে এই ঘটনার জেরে উয়েফা ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকি বহাল রেখেছে। এমনকি আগামী মাসে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ থেকেই সেই বয়কট কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

ফলে ইনফান্তিনোকে ঘিরে বিশ্ব ফুটবলে এখন স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে। একদিকে উয়েফা ও কনকাকাফের মতো শক্তিশালী সংস্থাগুলো তার বিরোধিতা করছে, অন্যদিকে আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি জাতীয় ফুটবল ফেডারেশন প্রকাশ্যে তার নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়েছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।