ব্রাজিল, ভারত, বাংলাদেশ
বাংলাদেশের সঙ্গেও খেলতে চায় ব্রাজিল?
ব্রাজিলের প্রতিনিধিদলের হঠাৎ ঢাকা সফর, জাতীয় স্টেডিয়াম পরিদর্শন

বাংলাদেশের সঙ্গেও খেলতে চায় ব্রাজিল?
৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে কলকাতার ভেন্যু পরিদর্শন করে ফেরার পথে হঠাৎ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম ঘুরে যান ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা।

রবিবার বিকাল ৩টার দিকে বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে পৌঁছান ব্রাজিলের কর্মকর্তারা। সেখানে মাঠের ঘাস থেকে শুরু করে ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারি, স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। মাঠের পরিস্থিতি আরও কাছ থেকে বুঝতে ডাগআউট ও গ্যালারির চেয়ারেও বসে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শনের পুরো সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই পরিদর্শন।

জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখার পর ব্রাজিলের প্রতিনিধি দল আবার হোটেলের উদ্দেশে রওনা দেয়। সেখানে কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে রাতেই তাদের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। এর আগে সন্ধ্যায় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গেও ব্রাজিলের জাতীয় দলের প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠক হতে পারে।

ব্রাজিলের প্রতিনিধি দলের এই সফরকে অবশ্য কেবল আনুষ্ঠানিক পরিদর্শন হিসেবে দেখছে না বাফুফে। তাদের সঙ্গে আলোচনায় বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সম্ভাবনার বিষয়টিও উঠে এসেছে। পরিদর্শন শেষে সাংবাদিকদের ইকবাল হোসেন জানান, বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের ব্যাপারে ব্রাজিলের আগ্রহ রয়েছে। এমনকি ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার সম্ভাবনাও তারা দেখছে। ইকবাল বলেন, ‘তারা বাংলাদেশে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ম্যাচ খেলতে চায়। এমনকি বাংলাদেশের বিপক্ষেও খেলার আগ্রহ রয়েছে।’

৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল জাতীয় দল ঢাকায় এসে অনুশীলন করতে পারে কি না, সেটাও জানতে চাওয়া হয়েছিল। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা প্রস্তাব দেয়নি ব্রাজিলের প্রতিনিধি দল। ইকবালের ভাষ্য, ‘তারা এই বিষয়ে কিছু বলেনি। মাঠ ও স্টেডিয়ামের পরিবেশ দেখে তাদের ফেডারেশনে জানাবে। প্রয়োজনে মাঠ আরেকটু প্রস্তুত হলে আরেকবার আসতে চেয়েছে।’
আপাতত জাতীয় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা ও মাঠের মান যাচাই করেই দেশে ফিরছে ব্রাজিলের প্রতিনিধি দল। তাদের পর্যবেক্ষণ ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে জানানোর পরই ঢাকায় ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক ম্যাচ বা অনুশীলনের সম্ভাবনা কতটা, সেটি স্পষ্ট হবে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলজর্ডানকে ৫-০ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা
আন্তর্জাতিক ফুটবলবিশ্বকাপজয়ী লরেন্তের অবসরের ঘোষণা
আন্তর্জাতিক ফুটবলইসরায়েল-ফিলিস্তিন ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু?
আন্তর্জাতিক ফুটবলকেন জরিমানা গুনতে হচ্ছে আর্জেন্টিনার?
আন্তর্জাতিক ফুটবলদশ ম্যাচ নিষিদ্ধ পারদেস, গাভির নিষেধাজ্ঞা এক ম্যাচে
আন্তর্জাতিক ফুটবল


মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।