খেলারদেশ

শেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার

শেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

শেষ মুহূর্তের গোলে ইন্টার মায়ামিকে হারিয়েছে কলম্বাস ক্রু। ম্যাচের ৯৮ মিনিটে জামাল থিয়ারে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন। এর আগে দুই দলই একবার করে জালের দেখা পেয়েছিল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ১০ মিনিটে আনাস জারুরি বক্সের বাইরে থেকে নেওয়া শটে মায়ামির ক্রসবার কাঁপান। এরপর ২৩ মিনিটে পেনাল্টি পায় কলম্বাস। ভিএআরের পর সিদ্ধান্ত বহাল থাকলে ২৮ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জোসেফ মার্তিনেজ।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি মায়ামিকে। ৩৩ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে ম্যাচে সমতা ফেরান লিওনেল মেসি। বাঁ পায়ের নিখুঁত শটে বল পাঠান ওপরের বাঁ কোণে। এই গোলটি ইন্টার মায়ামির হয়ে গত সাত ম্যাচে ফ্রি-কিক থেকে মেসির চতুর্থ গোল। ক্যারিয়ারে ফ্রি-কিক থেকে ৭৮ গোলের রেকর্ডে পৌঁছাতে এখন তাঁর প্রয়োজন আর মাত্র দুটি গোল। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে দুই দলই জয়সূচক গোলের জন্য চেষ্টা চালায়। ৫৩ মিনিটে মেসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৯ মিনিটে রদ্রিগো দে পলের শটও ঠেকিয়ে দেন কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে। দুই মিনিট পর মেসির আরেকটি শটও দারুণ সেভে আটকে দেন তিনি।

অন্যদিকে, কলম্বাসও একাধিক সুযোগ তৈরি করে। ৫৫ মিনিটে জারুরির শট ক্রসবারে লাগে। ৮১ মিনিটে ব্রাইস মেন্দেসের শট মায়ামির গোলরক্ষক রোকো রিওস নোভো ঠেকিয়ে দেন। ৮৯ মিনিটে জারুরি আবারও পোস্টে বল লাগান।

শেষ পর্যন্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। ৯৮ মিনিটে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে জামাল থিয়ারে মায়ামির জালে বল জড়িয়ে দেন। সেই গোলেই ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে কলম্বাস ক্রু।

ম্যাচের শেষদিকে উত্তেজনাও বাড়ে। ৯৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মায়ামির সান্তিয়াগো মোরালেস মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ১০২ মিনিটের পর বাঁশি বাজলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বাস।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।