খেলারদেশ

হ্যাটট্রিকসহ হাসানের দারুণ বোলিংয়ে লিড বাংলাদেশের

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিকের দেখা পেলেন হাসান মাহমুদ।

হ্যাটট্রিকসহ হাসানের দারুণ বোলিংয়ে লিড বাংলাদেশের
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ছন্দে থাকা হাসান মাহমুদ যেখানেই খেলছেন, জ্বলে উঠছেন সেখানেই। ইংল্যান্ডে কাউন্টি হোক, কিংবা অস্ট্রেলিয়ায় জাতীয় দলের হয়ে। যেখানেই খেলছেন পুরো আলো নিজের দিকে টেনে নিচ্ছেন এই ডানহাতি পেসার। দারুণ খেলতে থাকা এই পেসার এবার হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিকের পাশাপাশি পেয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ফাইফার।

আফগানিস্তানের ইনিংসের ৮৩তম ওভারে ইসমত আলিকে ফেরান হাসান। ব্যাক অব লেন্থে করা ডেলিভারিটা বুঝতে না পেরে বোল্ড হন ইসমত। পরের বলে একই জায়গা বল ফেলে কাইস আহমেদকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। সেখানে থাকা লিটন দাস ভুল করেননি, তালুবন্দি করেছেন ক্যাচ।

হ্যাটট্রিক বলটা ছিল আরও দূর্দান্ত। ব্যাক অব লেন্থে পড়ে বল সরাসরি আঘাত হানে জিয়া-উর-রহমানের পায়ে। তাতে লেগ বিফোরের আবেদন করে বাংলাদেশ। সাড়া না মিললেও পরে রিভিউ নিয়ে সাফল্য পায় লাল-সবুজের প্রতিনিধিরা। এতে দলটির ৮ম উইকেট পতনের সঙ্গে হ্যাটট্রিক পূর্ণ হয় হাসানের।

তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিলেন অলক কাপালি ও সোহাগ গাজী। পাকিস্তানের বিপক্ষে ২০০৩ সালে মুলতানে হ্যাটট্রিক করে অলক আর সোহাগ ২০১৩ সালে হ্যাটট্রিক করেন নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে। এবার করলেন হাসান মাহমুদ।

হ্যাটট্রিক পূর্ণ করার বলে ফাইফারও পূরণ করেন হাসান মাহমুদ। চতুর্থবার টেস্ট ক্রিকেটে ফাইফারের দেখা পেয়েছেন তিনি। পেসারদের মধ্যে শাহাদাত হোসেন রাজীবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সংখ্যক ফাইফার পেলেন হাসান।

তার বোলিং তোপে ২৪০ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। তিনি ছাড়া চার উইকেট নিয়ে ইবাদত হোসেন।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।