ভোজিনিয়া
চিলিতে ভোজিনিয়াকে সুপারস্টারের অভ্যর্থনা
চিলির ঐতিহ্যবাহী ক্লাব কলো কলোতে পৌঁছেছেন ভোজিনিয়া। বিশ্বকাপের অন্যতম নায়ককে সুপারস্টারের অভ্যর্থনা দেয়া হলো।

চিলির ক্লাব কলো কলোতে ভোজিনিয়া
২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া নতুন ক্লাব কলো কলোতে যোগ দিতে চিলিতে পৌঁছেছেন। সান্তিয়াগো বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। তারা ভোজিনিয়ার নাম ধরে স্লোগান দেন, পতাকা ও ব্যানার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
৪০ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য বিমানবন্দরের পরিবেশ ছিল যেন কোনো বিশ্বখ্যাত সুপারস্টারের আগমনের মুহূর্ত। দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো এমন অভ্যর্থনা পেয়ে ভোজিনিয়াও স্পষ্টতই আবেগাপ্লুত হয়ে পড়েন। সমর্থকদের ভালোবাসা উপভোগ করতে দেখা যায় তাকে। চিলিতে পৌঁছানোর পরই ভোজিনিয়া কলো কলো সভাপতি আনিবাল মোসার সঙ্গে সাক্ষাৎ করেন। মেডিকেল পরীক্ষার পর চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
চিলিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভোজিনিয়া প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তিতে কলো কলোতে যোগ দেবেন। তবে চুক্তিতে ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। এছাড়া মাসিক প্রায় ২৫ হাজার মার্কিন ডলার বেতন পাবেন তিনি, যা পর্তুগিজ ক্লাব শাভেসে বিশ্বকাপের আগে পাওয়া পারিশ্রমিকের প্রায় তিন গুণ।

উরুগুয়ের গোলরক্ষক সান্তিয়াগো মেলের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর দ্রুত ভোজিনিয়ার দিকে ঝুঁকে পড়ে কলো কলো। ক্লাব সভাপতি আনিবাল মোসা নিজেই এই আলোচনায় নেতৃত্ব দেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ভোজিনিয়ার বিশ্বব্যাপী জনপ্রিয়তাকে বাণিজ্যিকভাবেও কাজে লাগাতে চায় চিলির ঐতিহ্যবাহী ক্লাবটি। বিশ্বকাপে স্পেন ও আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ গোলকিপিং করে ভোজিনিয়া টুর্নামেন্টের অন্যতম বড় চমক হয়ে ওঠেন। তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি ফিফার সমর্থক ভোটে নির্বাচিত টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা করে নেন।
বিশ্বকাপ চলাকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তা তুমুল গতিতে বাড়ে। টুর্নামেন্ট শুরুর আগে ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল ৫০ হাজারেরও কম। বিশ্বকাপ শেষ হতে হতে সেই সংখ্যা পৌঁছে যায় প্রায় ৩ কোটিতে। বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা সময় কাটানোর পর এবার কলো কলোর জার্সিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভোজিনিয়া। আর সেই অধ্যায়ের সূচনা হলো সমর্থকদের স্মরণীয় এই অভ্যর্থনার মধ্য দিয়ে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।