বার্সেলোনা
২৪ বছর পর ত্রিমুখী টুর্নামেন্টে বার্সেলোনা
প্রাক-মৌসুমে ত্রিদলীয় টুর্নামেন্টে খেলবে বার্সেলোনা, প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট ও উদিনেজে

নতুন মৌসুমের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে বার্সেলোনা। কোচ হান্সি ফ্লিকের দল প্রাক-মৌসুম সূচিতে আরও ম্যাচ যোগ করেছে। এবার তারা এক ত্রিমুখী টুর্নামেন্টে অংশ নেবে। আগামী শনিবার ইতালির উদিনে শহরে অনুষ্ঠিত হবে ফ্রিউলি ভেনেজিয়া জুলিয়া কাপ-এর প্রথম আসর, যেখানে বার্সেলোনার প্রতিপক্ষ হবে স্বাগতিক উদিনেজে ও ইংল্যান্ডের নটিংহ্যাম ফরেস্ট।

উদিনেজে
টুর্নামেন্টের বিশেষ ফরম্যাট অনুযায়ী, বার্সেলোনা ৯০ মিনিটের ম্যাচ খেলবে। তবে দুটি ভাগে ভাগ হবে ম্যাচটি ৪৫ মিনিট করে। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৪৫ মিনিট এবং বাকি ৪৫ মিনিট খেলবে উদিনেজের বিরুদ্ধে। এর আগে শুধু উদিনেজের বিপক্ষে ম্যাচের কথা জানা গেলেও পরে নটিংহ্যাম ফরেস্টকেও টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বর্তমান সময়ে ত্রিদলীয় টুর্নামেন্টের প্রচলন কমে গেলেও ইতিহাসে বার্সেলোনা একাধিকবার এমন প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তবে ২৪ বছর পর আবার এই ভিন্নধর্মী ফরম্যাটে মাঠে নামতে যাচ্ছে হান্সি ফ্লিকের দল।

নটিংহ্যাম ফরেস্ট
এ ধরনের প্রতিযোগিতা সচরাচর প্রাক-মৌসুমে একাডেমি বা ‘বি’ দলগুলোকে খেলতে দেখা যায়। মূল দল হিসেবে বার্সেলোনা সর্বশেষ অংশগ্রহণ করেছিল ২০০২/০৩ প্রাক-মৌসুমে। সেবার নেদারল্যান্ডসের আমস্টারডামে আয়োজিত এক ত্রিদলীয় টুর্নামেন্টে কাতালান ক্লাবটি খেলেছিল স্বাগতিক আয়াক্স ও ইতালির পার্মা ক্লাবের বিপক্ষে। লুইস ফন গালের দল প্রথম ম্যাচে ইতালির পার্মাকে ৪-২ গোলে হারায়। নতুন যোগ দেওয়া হুয়ান রোমান রিকেলমে সেই ম্যাচে জোড়া গোল করেন। দুই দিন পর তরুণ রাফায়েল ফন ডার ফার্টের নেতৃত্বে থাকা আয়াক্সের কাছে হেরে যায় বার্সা।

এর আগে ২০০১ সালের জুনে কিংবদন্তি গোলরক্ষক উররুতিকে সম্মান জানিয়ে মিনিএস্তাদিতে একটি ত্রিদলীয় টুর্নামেন্ট আয়োজন করেছিল বার্সেলোনা। সেখানে এস্পানিওল ও রিয়াল সোসিয়েদাদ অংশ নেয়। তিনটি ৩০ মিনিটের ম্যাচের সেই আসরে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্র এবং এস্পানিওলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বার্সা।
১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ওভিয়েদো, মারবেইয়া, তেনেরিফে, সালামাঙ্কা, ফ্লোরেন্স, আমস্টারডাম ও বার্সেলোনায় অনুষ্ঠিত মোট সাতটি ত্রিদলীয় টুর্নামেন্টে অংশ নিয়েছিল কাতালান ক্লাবটি।
বার্সেলোনার ইতিহাসে প্রথম ত্রিদলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ১৯৪৭ সালের জুনে, পালমা দে মায়োর্কায়। এস ফোর্তি স্টেডিয়ামে আয়োজিত সেই আসরে মায়োর্কাকে ৩-০ এবং আতলেতিকো মাদ্রিদকে ৬-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বার্সা। দুই ম্যাচে ছয় গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন মানুয়েল বাদেনেস।

আহমেদ সার্জিন শরীফ
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।