খেলারদেশ

এন্দ্রিক

প্রিমিয়ার লিগে যাচ্ছেন এন্দ্রিক?

প্রিমিয়ার লিগে যাচ্ছেন এন্দ্রিক?
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে জল্পনা। ক্লাবের আক্রমণভাগে জায়গা পাওয়ার কঠিন প্রতিযোগিতার কারণে ২০২৬/২৭ মৌসুমে তাকে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে লোনে পাঠানোর চেষ্টা করছে তাঁর এজেন্সি।

সাংবাদিক রামন আলভারেজের দাবি, এন্দ্রিকের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান রক ন্যাশন ইতোমধ্যে ইংল্যান্ডে তার জন্য উপযুক্ত ক্লাব খুঁজতে কাজ শুরু করেছে। রিয়াল মাদ্রিদও ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের লোনে যাওয়াকে এই মুহূর্তে তার ক্যারিয়ারের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বলে জানা যায়।

Image

রিয়ালের আক্রমণভাগে সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতা আরও বেড়েছে। ক্লাবটি কার্লোস এসপি ও ইয়ান দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে। পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তিও করেছে। এর সঙ্গে ব্রাহিম দিয়াজের উপস্থিতি এবং চোট কাটিয়ে রদ্রিগোর ফেরার সম্ভাবনা—সব মিলিয়ে এন্দ্রিকের নিয়মিত খেলার সুযোগ কম বলে মনে করা হচ্ছে।

গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে ফরাসি ক্লাব লিঁওতে খেলেছিলেন এন্দ্রিক। সেখানে ২১টি ম্যাচে আট গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। তার পারফরম্যান্সই তাকে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলে জায়গা করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্বকাপ শেষে রিয়ালে ফিরে অবশ্য নতুন কোচ জোসে মরিনিওকে সন্তুষ্ট করার চেষ্টা করেছিলেন এন্দ্রিক। প্রাক-মৌসুম প্রস্তুতিতে কঠোর পরিশ্রমের পাশাপাশি ফিওরেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলও করেন তিনি। এমনকি ইতালিয়ান ক্লাব রোমার আগ্রহের খবর প্রকাশের পর ধারণা করা হচ্ছিল, মরিনিও তাকে দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Image

কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে। ইতালির বদলে এবার ইংল্যান্ডের সম্ভাব্য কোনো ক্লাব হতে পারে এন্দ্রিকের পরবর্তী ঠিকানা। তাকে প্রিমিয়ার লিগের একটি ক্লাবের সঙ্গে লোনে পাঠানোর জন্য কাজ করছে।

রিয়াল মাদ্রিদে এন্দ্রিকের সুযোগের সংকট অবশ্য নতুন নয়। কার্লো আনচেলত্তির অধীনে প্রথম মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি তিনি। সীমিত সুযোগেও কার্যকর পারফরম্যান্স দেখালেও পরের মৌসুমে শাবি আলোনসোর অধীনেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত জানুয়ারিতে তাঁকে লিঁওতে লোনে পাঠানো হয়।

এবার প্রিমিয়ার লিগে লোনে গেলে এন্দ্রিকের জন্য তা হতে পারে আরও বড় পরীক্ষা। ইংলিশ ফুটবলের শারীরিক তীব্রতা, দ্রুতগতির খেলা এবং নিয়মিত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলার সুযোগ তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে রিয়াল মাদ্রিদও ভবিষ্যতের জন্য আরও পরিণত একজন এন্দ্রিককে ফিরে পাওয়ার সুযোগ পাবে।

তবে আপাতত বিষয়টি আলোচনার পর্যায়েই রয়েছে। কোন প্রিমিয়ার লিগ ক্লাব এন্দ্রিককে নিতে আগ্রহী এবং চূড়ান্তভাবে তাঁর পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটাই এখন দেখার বিষয়।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।